আইনশৃঙ্খলা বাহিনীর ওপর বিশ্বাস রাখতে পারেন
‘সাগর-রুনির হত্যাকারীদের খুঁজে বের করে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আপনাদের সামনে উপস্থিত করবে। আপনারা আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর বিশ্বাস রাখতে পারেন। আমি স্বরাষ্ট্রমন্ত্রী হিসেবে আপনাদের কাছে এই ওয়াদা করে যাচ্ছি।’আজ শনিবার বেলা ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে ‘উন্নয়নের প্রধান সোপান: আইনশৃঙ্খলার বাস্তবায়ন’ শীর্ষক মতবিনিময় সভায় স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন এসব কথা বলেন।জাতীয় তরুণ প্রজন্ম নামের একটি বেসরকারি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সাহারা খাতুন বলেন, ‘গত সাড়ে তিন বছরে আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো কাজে ব্যর্থ হয়নি। সাগর-রুনি হত্যাকাণ্ডের ব্যাপারেও হবে না। আমি এর মধ্যে অন্যান্য সাংবাদিক হত্যার তদন্ত কার্যক্রম শুরু করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিয়েছি।’আলোচনায় বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (অতিরিক্ত আইজি) এ কে এম শহীদুল হক বলেন, আইন মূলত দেশের শৃঙ্খলার জন্য। আইনের ব্যত্যয় ঘটলে সেখানে শৃঙ্খলাও থাকে না। সামাজিক, রাষ্ট্রীয়, ব্যক্তিগত—সব পর্যায়ে আইনের অনুসরণ ও বাস্তবায়ন ঘটাতে হবে বলে মন্তব্য করেন তিনি।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক এম অহিদুজ্জামান চান, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শাবান মাহমুদ। সভাপতিত্ব করেন জাতীয় তরুণ প্রজন্মের আহ্বায়ক রাসেল আশিকী।