চট্টগ্রাম নগরে ছিনতাইয়ে জড়িত বলে সন্দেহভাজন আনসার এবং সেনাসদস্যদের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে। দুই আনসার সদস্য ননীগোপাল ও মেহেদি হাসানকে গতকাল সোমবার সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের ছিনতাই কাজে জড়িত থাকার বিষয়টি খতিয়ে দেখতে রাঙামাটির জেলা কমানডেন্ট হাবিবুর রহমান হোসাইনিকে প্রধান করে তিন সদস্যদের একটি কমিটি করা হয়েছে। বগুড়া সেনানিবাসে কর্মরত করপোরাল সালাউদ্দীন ও ল্যান্স করপোরাল শাকিল আহমেদকে নজরদারিতে রাখা হয়েছে।অভিযোগ পাওয়া গেছে, এ চারজনসহ ১২ সদস্যের একটি সংঘবদ্ধ চক্র গত ১০ ফেব্রুয়ারি নগরের এ কে খান গেট এলাকায় নিজেদের সেনা ও র্যাব সদস্য পরিচয় দিয়ে এক ব্যবসায়ীর ১৫ লাখ টাকা ছিনতাই করে। এ চক্রটি আরও বেশ কয়েকটি ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।পুলিশ এই চক্রের পাঁচ সদস্যকে ইতিমধ্যে গ্রেপ্তার করেছে। তাঁদের মধ্যে ছিনতাই কাজে ব্যবহূত মাইক্রেবাসের চালক সেলিম উদ্দীন ওরফে সেলিম গতকাল চট্টগ্রাম মহানগর হাকিম ওসমান গনির আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। দুই হাজার টাকায় ভাড়া নেওয়া তাঁর মাইক্রোবাসটি ছিনতাই কাজে ব্যবহার করা হয় বলে তিনি আদালতকে জানান।স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সেলিম বলেন, বগুড়া থেকে আসা সেনাবাহিনীর এক কর্মকর্তার পতেঙ্গা সমুদ্রসৈকত এলাকায় বেড়াতে যাওয়ার নাম করে রেহান উদ্দীন নামে এক ব্যক্তি তাঁর মাইক্রোবাস ভাড়া নেন। একপর্যায়ে আরোহীরা টাইগারপাস এলাকায় এসে সমুদ্রসৈকতে না গিয়ে তাঁদের এক কর্মকর্তার বাড়ির মালামাল লুট হওয়ার কথা বলে মাইক্রোবাসটি এ কে খান গেট এলাকায় নিয়ে যান। সেখান থেকে তাঁরা দুজন লোককে গাড়িতে তুলে নেন। সেনানিবাসে নেওয়া হচ্ছে বলে মাঝপথে তাঁদের কাছ থেকে ১৫ লাখ টাকা ছিনিয়ে নেন তাঁরা। তাঁর মাইক্রোবাসের ভাড়ার দুই হাজার টাকাও দেওয়া হয়নি।এর আগে গত রোববার রাজ্জাক ও রেজাউল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার তদন্ত কর্মকর্তা জানান, ছিনতাইয়ের আগের দিন ৯ ফেব্রুয়ারি একটি মাইক্রেবাস ভাড়া করে বগুড়া থেকে সালাহউদ্দীন, শাকিল, রাজ্জাকসহ মোট পাঁচজন চট্টগ্রাম আসেন। তাঁরা স্টেশন রোডের একটি হোটেলে ওঠেন। পুলিশ ওই হোটেলের রেজিস্ট্রার বই জব্দ করে তাঁদের হোটেলে অবস্থানের বিষয়টি নিশ্চিত করে।নগর পুলিশের বন্দর অঞ্চলের উপকমিশনার (ডিসি-পোর্ট) প্রকাশ দেওয়ান জানান, ওই দুই সেনাসদস্য যাতে দেশত্যাগ করতে না পারেন সে জন্য সংশ্লিষ্ট দপ্তরে চিঠি দেওয়া হয়েছে। এদের গ্রেপ্তারের চেষ্টা হচ্ছে।রানা তিন দিনের রিমান্ডে: ছিনতকাইকারী চক্রের দলনেতা সাবেক আনসার সদস্য কুদ্দুস রানাকে তিন দিনের রিমান্ডে নেওয়া হয়েছে। গতকাল তাঁকে চট্টগ্রামের অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জমানের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রোববার তাঁকে চট্টগ্রাম সেনানিবাসের কাছের বালুছড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।