জামায়াত-শিবিরের হামলা ও তাণ্ডবের ঘটনা সম্পর্কে সাংসদ রাশেদ খান মেনন বলেছেন, ‘আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দুর্বলতা ছিল। এ রকম অবস্থা মোকাবিলায় তাদের আরও সক্রিয় হতে হবে বলেও তিনি জানান।স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়ে রাশেদ খান মেনন বলেন, এমন আক্রমণ ঠেকাতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও উদ্বুদ্ধ করতে হবে এবং সামনে থেকে নেতৃত্ব দিতে হবে। তিনি বলেন, ‘এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করে দেশকে পাকিস্তানের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।’আজ সোমবার বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে ‘বাচ্চু রাজাকারের বিচার, জামায়াত-শিবিরের হুমকি এবং ভবিষ্যতে করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় রাশেদ খান মেনন এসব কথা বলেন। সাম্প্রদায়িকতা-জঙ্গিবাদবিরোধী মঞ্চ এ আলোচনার আয়োজন করে।মানবতাবিরোধী অপরাধের বিচারের পক্ষে, না বিপক্ষে—এ ব্যাপারে বিএনপি ও খালেদা জিয়াকে তাদের অবস্থান পরিষ্কারভাবে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান রাশেদ খান মেনন। আলোচনা সভায় আরও বক্তব্য দেন বাংলাদেশ কৃষি ব্যাংকের চেয়ারম্যান খোন্দকার ইব্রাহিম খালেদ, নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার প্রমুখ।