আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকার নিন্দায় জামায়াত
জামায়াতে ইসলামীর ডাকা দুই দিনের হরতালের প্রথম দিনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যে আচরণ করেছে, তার তীব্র নিন্দা জানিয়েছে দলটি। দলটির কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে প্রথম আলোসহ কয়েকটি জাতীয় দৈনিকে প্রকাশিত খবরের প্রতিবাদও জানানো হয়েছে। জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল রফিকুল ইসলাম খান ও দলটির কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য হামিদুর রহমান আযাদ আজ রোববার দুটি পৃথক বিবৃতিতে এসব জানান।রফিকুল ইসলাম তাঁর বিবৃতিতে সরকারের সমালোচনা করে বলেছেন, ‘সরকার জনগণের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। পুলিশ, র্যাব, বিজিবিকে সম্পূর্ণ দলীয় স্বার্থে ব্যবহার করছে সরকার। রাষ্ট্রীয় বাহিনীকে দিয়ে গণহত্যা চালিয়ে সরকার দেশের প্রতিটি জনপদকে রক্তে রঞ্জিত করছে।’রফিকুল ইসলাম অভিযোগ করেন, একাত্তরের মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তদের বিচারে গঠিত ট্রাইব্যুনালকে প্রভাবিত করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেন, ‘জাতীয় সংসদে দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী আন্দোলনকারীদের দাবি বিবেচনায় নিয়ে ট্রাইব্যুনালের বিচারপতিদের রায় দেওয়ার জন্য বলেছেন। এর মাধ্যমে মূলত প্রধানমন্ত্রী বিচারপতিদের ফাঁসির রায় দেওয়ার নির্দেশ দিয়েছেন।’অভিযুক্ত যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে শাহবাগের গণজাগরণ মঞ্চের আন্দোলনকেও তিনি সরকার-প্রভাবিত বলে অভিযোগ করেছেন। তিনি বলেন, ‘সরকার রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় এবং পুলিশের পাহারায় শাহবাগে সমাবেশ ঘটিয়ে ফাঁসির দাবি তোলার ব্যবস্থা করেছে।’ রফিকুল ইসলাম তাঁর বিবৃতিতে বলেন, ‘রায়কে প্রত্যাখ্যান করে যে আন্দোলন শুরু হয়েছে, সেটিকে দমন করতে পুলিশ বাহিনী “গণহত্যা” চালাচ্ছে।’ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে তিনি গণহত্যা বন্ধের দাবিও জানান। তিনি বলেন, ‘জনতাকে গুলি করে হত্যা করা থেকে বিরত থাকার জন্য বার বার আহ্বান জানিয়ে আসছি। আজও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাতে চাই, আপনারা গুলি করা বন্ধ করুন।’ রফিকুল ইসলাম আরও বলেন, ‘আইন অমান্য করে পাখি শিকারের মতো মানুষ হত্যা করা মানবতাবিরোধী জঘন্য অপরাধ। অবিলম্বে গুলি বন্ধ করে দেশে শান্তিশৃঙ্খলা প্রতিষ্ঠায় সচেষ্ট হওয়ার জন্য আমি আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানাচ্ছি।’জামায়াতে ইসলামীর মিছিল-সমাবেশ থেকে বিভিন্ন বাহিনী ও জনগণের ওপরে হামলার যে খবর বিভিন্ন গণমাধ্যমে প্রচারিত হয়েছে, সেটির নিন্দা জানান রফিকুল ইসলাম ও হামিদুর রহমান আযাদ। বিবৃতিতে বলা হয়েছে, ‘কিছু কিছু মিডিয়ায় সরকারের এই গণহত্যাকে “জামায়াত-শিবিরের তাণ্ডব” বলে প্রচার করে দেশবাসীকে বিভ্রান্ত করছে।’হিন্দু ও বৌদ্ধ ধর্মানুসারীদের ধর্মীয় স্থাপনার ওপর হামলার সব দায়দায়িত্ব অস্বীকার করে হামিদুর রহমান তাঁর বিবৃতিতে হামলার জন্য আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দলকে দায়ী করেছেন। তিনি বলেন, ‘“দ্য ডেইলি স্টার, “কালের কণ্ঠ”, “প্রথম আলো” ও “বাংলাদেশ প্রতিদিন” পত্রিকাসহ কিছু মিডিয়ায় “বাংলাদেশ জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা হিন্দু এবং বৌদ্ধ সংখ্যালঘুদের মন্দিরে, প্যাগোডায় ও বাড়িতে হামলা চালিয়েছে” বলে যে অভিযোগ করা হয়েছে আমি তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।’১৪-দল ও গণমাধ্যমের প্রতি ইঙ্গিত করে হামিদুর রহমান বলেছেন, ‘তারা নিজেরাই সংখ্যালঘু হিন্দু ও বৌদ্ধদের মন্দিরে এবং প্যাগোডায় ও বাড়িতে হামলা চালিয়ে তার ছবি তুলে মিথ্যা সচিত্র রিপোর্ট প্রচার করে দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ষড়যন্ত্র করছে।’ আজকের হরতাল ‘সফল’ করার জন্য ‘দেশবাসীকে অভিনন্দন’ জানান নেতারা।