আইনশৃঙ্খলা রক্ষায় আনসার বাহিনী ভূমিকা রাখছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী একটি ঐতিহ্যবাহী সংগঠন। আনসার বাহিনীর ৫০ লাখেরও বেশি সদস্য গ্রামগঞ্জে স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কাজ করছে। দেশের আইনশৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা প্রদান ও আত্মকর্মসংস্থানমূলক কর্মকাণ্ড পরিচালনার মাধ্যমে দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করছে আনসার বাহিনী। প্রধানমন্ত্রী আজ বুধবার সকালে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে আনসার ভিডিপি একাডেমিতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৩২তম জাতীয় সমাবেশ ও কুচকাওয়াজ অনুষ্ঠানে এসব কথা বলেন।এর আগে সকাল সাড়ে ১০টার দিকে প্রধানমন্ত্রী হেলিকপ্টারে এসে একাডেমির অনুষ্ঠানস্থলে পৌঁছালে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল মো. জাহিদুর রহমান তাঁকে স্বাগত জানান। প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি বাহিনীর স্বাগত অভিবাদন গ্রহণ শেষে একটি খোলা জিপে চড়ে কুচকাওয়াজ পরিদর্শন করেন। এরপর তিনি একটি সুসজ্জিত মঞ্চ থেকে আনুষ্ঠানিক কুচকাওয়াজের সালাম গ্রহণ করেন। প্রধানমন্ত্রীর আগমন ও কুচকাওয়াজ প্রদর্শনকালে মহিলা আনসারদের একটি দল গ্যালারি ডিসপ্লে প্রদর্শন করে।আনুষ্ঠানিক কুচকাওয়াজ শেষে প্রধানমন্ত্রী বিভিন্ন পর্যায়ে বিশেষ অবদানের জন্য কয়েকজন আনসার-ভিডিপি সদস্যকে বাংলাদেশ আনসার-ভিডিপি পদক ও রাষ্ট্রপতি আনসার পদক প্রদান করেন। এবার অসম সাহসিকতার পরিচায়ক হিসেবে ১২ জন ব্যাটালিয়ন আনসারকে বাংলাদেশ আনসার পদক, সাতজনকে রাষ্ট্রপতি আনসার পদক ও দুজনকে রাষ্ট্রপতি ভিডিপি পদক প্রদান করা হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনসার ভিডিপি সদস্যদের উন্নয়নে তাঁর সরকারের নেওয়া বিভিন্ন কর্মসূচির কথা উল্লেখ করেন। তিনি বলেন, দেশে দারিদ্র্যের হার হ্রাস পেয়ে ৩১ শতাংশে দাঁড়িয়েছে, মাথাপিছু আয় বেড়েছে। বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সত্ত্বেও আমদানি আয় ও রেমিট্যান্স আয় ভালো। দেশ খাদ্য উত্পাদনে স্বয়ংসম্পূর্ণতার দিকে এগিয়ে যাচ্ছে। গত তিন বছরে প্রায় তিন হাজার মেগাওয়াট বিদ্যুত্ জাতীয় গ্রিডে যোগ হয়েছে। আইনের শাসন প্রতিষ্ঠার লক্ষ্যে বিচার বিভাগের স্বাধীনতা নিশ্চিত করেছে সরকার। মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী বলেন, আনসার-ভিডিপি একাডেমির হাসপাতালটিকে ১০০ শয্যায় উন্নীত করা হয়েছে। এই হাসপাতালের পরিষেবার মান বাড়ানোর জন্য একে মেডিকেল কলেজে উন্নীত করা হবে। দক্ষ গাড়িচালক তৈরির জন্য বিআরটিএ এর সহযোগিতায় ১৩টি কেন্দ্রে ড্রাইভিং প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পোশাক শিল্পের জন্য দক্ষ শ্রমিক তৈরির জন্য বিজিএমইএ এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। তৈরি পোশাক শিল্পে প্রায় ১০ লাখ দক্ষ শ্রমিক প্রয়োজন। এর ফলে এ খাতে দক্ষ শ্রমিকের ঘাটতি যেমন মেটানো সম্ভব হবে তেমনি বেকার সমস্যাও দূর করা যাবে।