আইনশৃঙ্খলা রক্ষায় আরও কঠোর হবে সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শাহবাগ আন্দোলনের সঙ্গে যুক্ত ব্লগার আহমেদ রাজীব হায়দার খুনের ঘটনায় সৃষ্ট পরিস্থিতিতে সরকারের মধ্যে উদ্বেগ-উৎকণ্ঠা আছে। তরুণ প্রজন্মের আন্দোলন এবং জামায়াত-শিবিরের সহিংসতার ফলে সৃষ্ট পরিস্থিতি কীভাবে সামাল দেওয়া যায়, তা নিয়ে সরকার যথেষ্ট চিন্তিত। তবে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ ও মানবতাবিরোধী অপরাধীদের বিচারের প্রতিশ্রুতি পালনে সরকার প্রয়োজনে আরও কঠোর হবে। সরকারের একাধিক নীতিনির্ধারক ও জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে কথা বলে এমন তথ্যই পাওয়া গেছে। শুক্রবারের জাগরণ সমাবেশের মাধ্যমে তরুণেরা আন্দোলনকে একটা পর্যায়ে সীমিত রাখার ঘোষণা দিলেও রাজীব খুনের ঘটনায় পরিস্থিতি পাল্টে যায়। সরকারের নীতিনির্ধারকেরা মনে করছেন, এ অবস্থায় একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে।বিশেষ করে জামায়াত-শিবিরের চোরাগোপ্তা হামলার মধ্যে ব্লগারদের নিরাপত্তা দেওয়াসহ সামগ্রিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সরকার যথেষ্ট চিন্তিত। এর সঙ্গে বিদেশি কতিপয় মানবাধিকার সংস্থার বিপরীতমুখী অবস্থানে সরকার যথেষ্ট চাপে আছে। নাম প্রকাশ না করার শর্তে একজন নীতিনির্ধারক প্রথম আলোকে বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার করতে গিয়ে দেশি-বিদেশি বাধা আসবে—এমনটা ভাবনায় নিয়েই সরকার এ পথে পা বাড়িয়েছে। স্বার্থান্বেষী মহল পরিস্থিতি ঘোলাটে করতে চাইলেও জনগণ বিশেষ করে তরুণ সমাজ এ বিচারের পক্ষে থাকায় চূড়ান্ত বিজয় হবে বলে এখনো মনে করছে সরকার।অপর একজন জ্যেষ্ঠ মন্ত্রী বলেন, মানবতাবিরোধী অপরাধীদের বিচার নিয়ে বর্তমানে পরিস্থিতি কিছুটা উত্তপ্ত মনে হলেও কাজটা ঠিকঠাক করা গেলে আওয়ামী লীগ রাজনৈতিকভাবে লাভবান হবে।জামায়াতের নেতা আবদুল কাদের মোল্লাসহ একাত্তরের মানবতাবিরোধী অপরাধীদের সর্বোচ্চ শাস্তির দাবিতে শাহবাগসহ সারা দেশের তরুণ প্রজন্ম ১২ দিন ধরে লাগাতার বিক্ষোভ করছে। একইভাবে জামায়াতে ইসলামী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালস বাতিলের দাবিতে সহিংসতা শুরু করেছে। কাল সোমবার জামায়াত আবারও হরতাল ডেকেছে। শাহবাগ আন্দোলনের সঙ্গে জড়িত রাজীব হায়দারকে জামায়াত-শিবির খুন করেছে বলে অভিযোগ উঠেছে।সরকারের নির্ভরযোগ্য সূত্র জানায়, শাহবাগ আন্দোলন শুরুর পর গোয়েন্দা সূত্রে সরকার জানতে পারে, সেখানে চোরাগোপ্তা হামলা হতে পারে। ফলে শাহবাগের অবস্থানকে ঘিরে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। গত বৃহস্পতিবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন জ্যেষ্ঠ মন্ত্রীর সঙ্গে পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। শুক্রবারের সমাবেশ থেকে আন্দোলন গুটিয়ে বিকেল তিনটা থেকে রাত ১০টার মধ্যে সীমাবদ্ধ রাখার ঘোষণা দেওয়া হয়। সমাবেশের পর উদ্যোক্তারা চলে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু রাতেই রাজীব হত্যার ঘটনায় আবার লাগাতার অবস্থান কর্মসূচিতে ফিরে যান তরুণেরা। পরিস্থিতি পরিবর্তন হয়ে যাওয়ায় এখন তরুণদের আন্দোলন গুটিয়ে নিতেও বলা যাচ্ছে না বলে প্রথম আলোর কাছে মন্তব্য করেন আওয়ামী লীগের একজন নেতা। তিনি বলেন, তাদের তো ‘এভাবে কোরো, এটা কোরো’—এসব বলা যাচ্ছে না। তাই আপাতত সোমবার জামায়াতের হরতালের পর পরিস্থিতি কী হয়—তা দেখে পদক্ষেপ নেওয়াই যুক্তিযুক্ত হবে বলে মনে করেন এই নেতা।