আইনশৃঙ্খলার অবস্থাও ভালো না
‘সন্ধ্যার পর এ রাস্তা অনেকটা নীরব হয়ে পড়ে। এ সময় রাস্তাজুড়ে এক ধরনের নির্জনতা তৈরি হয়। আর এ নির্জনতার মধ্যে সংঘবদ্ধ ডাকাতেরা বাস ডাকাতি কিংবা সিএনজি ছিনতাইয়ের ঘটনা ঘটায়। অনেক সময় সাধারণ যাত্রীরা ডাকাতদের দ্বারা আক্রান্ত হয়। সন্ধ্যার পর সত্যিই এ রাস্তার নির্জনতা ভীতিকর।’ সিলেট-জকিগঞ্জ সড়কের চারখাই-কালীগঞ্জ-জকিগঞ্জ এবং চারখাই-জকিগঞ্জ যাতায়াতের এ দুটি রাস্তায় প্রায় দিন সন্ধ্যার পর ডাকাতি-ছিনতাই হওয়ার কারণ ও পুরো রাস্তার নির্জনতা সম্পর্কে এভাবেই বলছিলেন সড়কের বাজার এলাকার ইয়াসিন মিয়া। সন্ধ্যার পর রাস্তার এ নির্জনতা নিয়ে ‘ভীতিকর’ যাতায়াত প্রসঙ্গে যাত্রী, এলাকাবাসী, গাড়িচালক, জনপ্রতিনিধি ও স্থানীয় প্রশাসন অভিন্ন সুরে একই অভিমত দিয়েছেন। প্রতিনিয়ত দুটো রাস্তায় ডাকাতি-ছিনতাইয়ের ঘটনা ঘটার কারণে এলাকাবাসী নির্জন রাস্তায় চলাচলকারীদের নিরাপত্তায় কয়েকটি অস্থায়ী পুলিশ ফাঁড়ি বসানোর দাবি জানিয়েছে। রাস্তায় যেকোনো স্থানে পুলিশ ফাঁড়ি বসানোর দাবির মধ্যেই ছিনতাই-ডাকাতি ঘটনা প্রতিরোধ সম্ভব বলে মত ব্যক্ত করেছে সাধারণ জনগণ। তারা জানায়, ওই রাস্তা দুটো দিয়ে চলতে গিয়ে অনেককে প্রায়ই ডাকাত ও ছিনতাইকারীদের কবলে পড়তে হয়। গত ৬ ডিসেম্বর রাত নয়টায় ভাড়াচালিত সিএনজি করে জকিগঞ্জ থেকে সিলেট ফিরছিলেন একটি এনজিও প্রতিষ্ঠানের কর্মী শাহারিয়ার হোসেন। পথে কানাইঘাটের জুলাই এলাকায় এসে ডাকাতদের খপ্পরে পড়ে তিনি ছুরিকাহত হন। এ সময় ডাকাতরা তাঁর হাতের মুঠোফোন, ৫ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়। এলাকা ঘুরে দেখা গেছে, বিয়ানীবাজার উপজেলার চারখাই বাজার থেকে জকিগঞ্জমুখী ১২ কিলোমিটার সড়কই তুলনামূলক নির্জন। আশপাশে গ্রাম থাকলেও সন্ধ্যার পর এসব গ্রামের মানুষজন খেয়েদেয়ে ঘুমিয়ে পড়ে। এতে রাত বেশি না হলেও এখানে যান ও মানুষজনের চলাচল তুলনামূলকভাবে কম থাকায় নির্জনতা বিরাজ করে। রাস্তার সুনসান নির্জনতার কারণেই সংঘবদ্ধ ডাকাত ও ছিনতাইকারীদের তত্পরতা ১২ কিলোমিটার রাস্তায় থাকে। সেখানে দিনের বেলায় কোলাহমুখর পরিবেশ থাকলেও সন্ধ্যার পর থেকে একেবারেই নির্জন। এলাকাবাসী জানায়, মাদকাসক্ত ও বখাটেরা এ রাস্তা দিয়ে চলাচলকারীদের সবকিছু ছিনিয়ে নিতে অনেকটা ওত পেতে থাকে। এ ছাড়া কয়েকটি সংঘবদ্ধ ডাকাত দল গাছ ফেলে যানবাহনের রাস্তা আটকিয়ে ডাকাতি কার্যক্রম চালায়। তাদের ভাষ্যমতে, গত কয়েক মাসে অন্তত অর্ধশতাধিক ছিনতাই ও ডাকাতির ঘটনা ঘটেছে। জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান বলেন, ‘পুলিশ এ বিষয়ে তত্পর রয়েছে। ছিনতাই-ডাকাতি এড়াতে সন্ধ্যার পর এ রাস্তা দুটোতে বিশেষ নজরদারি রাখা হয়। পুলিশের টহল দল নিয়মিত সন্ধ্যার পর টহল দিচ্ছে। প্রয়োজনে নজরদারি আরও বাড়ানো হবে।’