আইনশৃঙ্খলার জন্য ক্ষতিকর ব্যক্তিকে আইনের আওতায় আনতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য ক্ষতিকর যেকোনো ব্যক্তিকে অবশ্যই আইনের আওতায় আনতে হবে। এ বিষয়ে কোনো ধরনের শৈথিল্য বরদাশত করা হবে না। তিনি বলেন, ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে কাঙ্ক্ষিত মধ্যম আয়ের দেশে পরিণত করার জন্য দরকার প্রচুর পরিমাণে দেশি-বিদেশি বিনিয়োগ। আর বিনিয়োগের পূর্বশর্ত হচ্ছে ব্যক্তি, সম্পদ ও প্রতিষ্ঠানের নিরাপত্তা। চাঁদাবাজ, সন্ত্রাসী, অপরাধী ও দুর্বৃত্তদের হাত থেকে বিনিয়োগকারী, শ্রমজীবী মানুষকে রক্ষার দায়িত্ব পুলিশের।গতকাল মঙ্গলবার সকালে রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সপ্তাহের উদ্বোধন করতে গিয়ে প্রধানমন্ত্রী এ কথা বলেন। এ সময় অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ছাড়াও সারা দেশের পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগকে বর্ণিল সাজে সাজানো হয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী র্যাব ও পুলিশ বাহিনীর ৫৩ জনকে সাহসিকতা, বীরত্বপূর্ণ কাজ, দক্ষতা ও শৃঙ্খলামূলক আচরণের জন্য পুলিশ পদক পরিয়ে দেন। সারা দেশের পুলিশ কর্মকর্তারা যোগ দেওয়ায় অনুষ্ঠান পুলিশের সদস্যদের মিলনমেলায় পরিণত হয়।প্রধানমন্ত্রী জনগণের জানমালের নিরাপত্তা বিধান, আইনের শাসন ও মানবাধিকার প্রতিষ্ঠায় সচেতন থেকে কাজ করার জন্য পুলিশের সদস্যদের প্রতি আহ্বান জানান।শেখ হাসিনা বলেন, সময়ের বিবর্তনে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক অঙ্গনে অপরাধ এবং আইনশৃঙ্খলার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। দেশে-দেশে উত্থান ঘটেছে জঙ্গি ও চরমপন্থীদের। বাংলাদেশও এগুলো থেকে একেবারে মুক্ত নয়। জননিরাপত্তার জন্য এরা মারাত্মক হুমকি। কঠোর হাতে পুলিশকে এদের মোকাবিলা করতে হবে।প্রধানমন্ত্রী গত এক বছর জঙ্গি ও চরমপন্থী দমনে পুলিশের ভূমিকার প্রশংসা করে বলেন, অপরাধ নিয়ন্ত্রণে পুলিশের অর্জিত জ্ঞান, পদ্ধতি ও কৌশল মানুষের সেবায় কাজে লাগাতে হবে। প্রযুক্তিনির্ভর অপরাধ মোকাবিলায় সমসাময়িক বিশ্বের সঙ্গে তাল মেলাতে হবে। সন্ত্রাসবাদ, অস্ত্র, মাদক ও মানব পাচারের মতো আন্তর্জাতিক ও আঞ্চলিক সংঘবদ্ধ অপরাধ, সাইবার অপরাধ, মানিলন্ডারিং এবং স্থানীয় পরিসরে পরিবেশ ও জীববৈচিত্র্যসংক্রান্ত অপরাধ প্রতিরোধ ও উদ্ঘাটনে পুলিশকে যুগোপযোগী করে গড়ে তুলতে হবে।শেখ হাসিনা বলেন, বিপদগ্রস্ত মানুষ সাহায্যের প্রত্যাশায় পুলিশের দ্বারস্থ হয়। থানা কিংবা পুলিশের অন্যান্য দপ্তরে আসা মানুষ যাতে হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে। কারণ জনগণের আস্থা বা সহযোগিতা ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সম্ভব নয় বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।পুলিশের নানা সমস্যা ও সীমাবদ্ধতার কথা স্মরণ করে প্রধানমন্ত্রী বলেন, পুলিশ বাহিনীর উন্নয়নে সরকার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ৪৮৭ কোটি টাকার বিশেষ প্রকল্প। আগামী জুন মাসের মধ্যে দেশের ৫৯৯টি থানায় দুটি করে পিকআপ ভ্যান ও মোটরসাইকেল দেওয়া হবে। সব পুলিশ সুপারের কার্যালয় ও থানায় ইন্টারনেট সংযোগসহ কম্পিউটার দেওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছে।প্রধানমন্ত্রী বলেন, পুলিশের সদস্যদের কর্মদক্ষতা বাড়ানোর জন্য দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে। সফলতার জন্য পুলিশের সদস্যদের যেমন পুরস্কৃত করা হবে, ঠিক তেমনি ব্যর্থতার জন্য জবাবদিহিও নিশ্চিত করা হবে।ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য: বাসস জানায়, পুলিশ সপ্তাহ উপলক্ষে প্রধানমন্ত্রী গতকাল বিকেলে তাঁর কার্যালয়ে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের উদ্দেশে বক্তব্য দেন। তিনি সুস্পষ্টভাবে বলেন, তাঁর সরকার কখনোই বাংলাদেশে জঙ্গিবাদ কায়েম হতে দেবে না এবং অপর দেশে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনায় এ দেশের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। রাজনৈতিক লেজুড়বৃত্তির ঊর্ধ্বে উঠে সঠিকভাবে দায়িত্ব পালনের জন্য পুলিশ বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, বহুদলীয় গণতন্ত্রে নানা মত থাকতে পারে। তবে দেশ ও সংবিধানের প্রতি সম্মান দেখিয়ে দায়িত্ব পালন করতে হবে।অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু, মন্ত্রিপরিষদসচিব এম এ আজিজ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম, স্বরাষ্ট্রসচিব আবদুস সোবহান সিকদার, পুলিশের মহাপরিদর্শক নূর মোহাম্মদ ও ডিএমপি কমিশনার এ কে এম শহিদুল হক বক্তৃতা করেন।ব্রিটিশ মন্ত্রী জন ডেনহামের সাক্ষাত্: ব্রিটিশ সরকার বাংলাদেশে কমিউনিটি সার্ভিস উন্নয়নে সহযোগিতার আগ্রহ প্রকাশ করেছে। সফররত ব্রিটেনের কমিউনিটিজ ও স্থানীয় সরকারমন্ত্রী জন ডেনহাম গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্কালে এই আগ্রহ প্রকাশ করেন। পরে এক সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নকীব আহমেদ জানান, বৈঠকে ব্রিটিশ মন্ত্রী বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে উন্নত প্রশিক্ষণ ও সরঞ্জাম দিয়ে সহায়তা করার ব্যাপারে আগ্রহ দেখান। শেখ হাসিনা বলেন, প্রবাসীরা যাতে দেশে বিনিয়োগ করতে পারেন, সে জন্য সরকার অনুকূল পরিবেশ সৃষ্টি করেছে। সরকারের দেওয়া সুযোগ-সুবিধা গ্রহণ করে বাংলাদেশে বিনিয়োগের ব্যাপারে ব্রিটেনে প্রবাসী বাংলাদেশিদের উত্সাহিত করার জন্য তিনি ব্রিটিশ মন্ত্রীকে অনুরোধ করেন। প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও ব্রিটেনের হাইকমিশনার স্টিফান ইভান্স এ সময় উপস্থিত ছিলেন।এর আগে ব্রিটেনে প্রবাসী বাংলাদেশি অধ্যুষিত এলাকা টাওয়ার হেমলেট থেকে নির্বাচিত এমপি মার্ক ফিল্ডের নেতৃত্বে ব্রিটেনের কনজারভেটিভ পার্টির আট সদস্যের একটি প্রতিনিধিদল প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্ করে। এ সময় অ্যাম্বাসেডর অ্যাট লার্জ জিয়া উদ্দিন, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এম এ করিম ও প্রেস-সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।