আইনসভায় রাষ্ট্রভাষা বিতর্ক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহু ভাষাভাষী কোনো নতুন রাষ্ট্রে রাষ্ট্রভাষা বা স্টেট ল্যাঙ্গুয়েজ এবং সরকারি ভাষা বা অফিশিয়াল ল্যাঙ্গুয়েজ কী হবে তা নিয়ে বিতর্ক হওয়া স্বাভাবিক। তবে পাকিস্তানের রাষ্ট্রনায়কদের সামান্যতম বিবেচনাবোধ বা ঔচিত্যবোধ থাকলে বাংলা ভাষার জন্য বাঙালিকে জীবন দিতে হতো না। দেড় হাজার কিলোমিটার ব্যবধানে দুই অংশে বিভক্ত পাকিস্তানে এই বিতর্ক সংঘাতে রূপ নেওয়া স্বাভাবিক ছিল না। কারণ, সংখ্যাগরিষ্ঠ পূর্ব পাকিস্তানের ৯৯ শতাংশ মানুষ বাংলায় কথা বলে এবং বাংলা একটি অতি সমৃদ্ধ ভাষা, যে ভাষার কবি সাহিত্যে নোবেল পুরস্কার পান। অন্যদিকে সংখ্যালঘু পশ্চিম পাকিস্তানের অর্ধেক মানুষও উর্দুতে কথা বলত না। একটিমাত্র ভাষাকে রাষ্ট্রভাষা করতে হলে জনসংখ্যার বিচারে বাংলাই হওয়া উচিত ছিল একমাত্র রাষ্ট্রভাষা। কিন্তু তাতে পশ্চিম পাকিস্তানের প্রতি অবিচার করা হতো। সে জন্য পূর্ব বাংলার মানুষ বাংলাকে ‘অন্যতম রাষ্ট্রভাষা’ করার যৌক্তিক দাবি তোলে। অন্যদিকে পাকিস্তানের প্রতিষ্ঠাতা-রাষ্ট্রপ্রধান উর্দুকে ‘একমাত্র রাষ্ট্রভাষা’ করার ঘোষণা দেন। তাঁর ওই ঘোষণা এবং তাঁর অনুসারীদের সেই অনৈতিক ঘোষণার প্রতি অন্ধ আনুগত্য ও সমর্থন বাঙালির পক্ষে বিনা প্রতিবাদে মেনে নেওয়া সম্ভব ছিল না।বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে যে আন্দোলন হয় তার একটি হলো সংগ্রাম ও সরকারি বাহিনীর সঙ্গে জনগণের সংঘর্ষের দিক, আর একটি হলো সাংবিধানিক ব্যবস্থা গ্রহণের দিক। সেখানে নির্বাচিত গণপ্রতিনিধিদের ভূমিকাই প্রধান।১৯৪৭ থেকে ’৫৪-র নির্বাচন পর্যন্ত পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে এবং কেন্দ্রীয় পরিষদে, যাকে গণপরিষদ বলা হতো, সরকারি দল ছিল মুসলিম লীগ এবং প্রধান বিরোধী দল ছিল কংগ্রেস। ১৯৪৭ থেকে ’৫৪ পর্যন্ত পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী ছিলেন দুইজন: প্রথম খাজা নাজিমউদ্দিন এবং জিন্নাহর মৃত্যুর পর তিনি গভর্নর জেনারেল হয়ে গেলে ১৯৪৮ থেকে নুরুল আমিন। খাজা ঢাকার নাগরিক হলেও তিনি ছিলেন উর্দুভাষী। উর্দুকেই একমাত্র রাষ্ট্রভাষা করার আকাঙ্ক্ষা জিন্নাহর মতো তিনিও পোষণ করতেন। রাষ্ট্রভাষার প্রশ্নে যে সংঘাতপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয় তার জন্য জিন্নাহ যতটা দায়ী, নাজিমউদ্দিন দায়ী তার চেয়ে বেশি। ছাত্রদের সঙ্গে তাঁর যে চুক্তি হয়, তিনি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করায়ই পরিস্থিতি উত্তাল হয়ে ওঠে। রাষ্ট্রভাষা নিয়ে আন্দোলন হতে থাকে রাজপথে এবং তর্কবিতর্ক হতে থাকে প্রাদেশিক আইন পরিষদে ও গণপরিষদেও। এখানে আমরা রাষ্ট্রভাষার দাবিতে এবং তা নিয়ে বিতর্কে আইন পরিষদে কার কী ভূমিকা ও বক্তব্য শুধু তা-ই সংক্ষেপে আলোচনা করব।আমাদের দেশে কোনো ঐতিহাসিক ঘটনা আলোচনায় প্রামাণ্য দলিলপত্র ও তথ্য-উপাত্তের চেয়ে গুরুত্ব পায় স্মৃতিচারণামূলক বিবরণ। রাষ্ট্রভাষা আন্দোলনের সব দলিলপত্র থাকা সত্ত্বেও সেগুলো অতিক্রম করে দিন দিন মুখ্য হয়ে উঠছে কিছু মানুষের স্মৃতিরোমন্থন। তাতে অনিচ্ছা সত্ত্বেও ইতিহাস বিকৃত থেকে বিকৃততর হচ্ছে। পূর্ববঙ্গ আইন পরিষদ এবং পাকিস্তান গণপরিষদের কার্যবিবরণী এখনো পাওয়া যায়। তা ছাড়া ভাষা আন্দোলনসংক্রান্ত খবরাবর পশ্চিমবঙ্গের ইংরেজি অমৃতবাজার পত্রিকা, হিন্দুস্থান স্ট্যান্ডার্ড প্রভৃতি; বাংলা যুগান্তর, স্বাধীনতা, আনন্দবাজার পত্রিকা প্রভৃতি কাগজে বিস্তারিত প্রকাশিত হয়। স্মৃতিকথার চেয়ে সেগুলোর মূল্যই বেশি। পাকিস্তান প্রতিষ্ঠার সময় পূর্ব পাকিস্তান আইন পরিষদে বিরোধীদলীয় নেতা ছিলেন কংগ্রেসের কিরণশঙ্কর রায়। কয়েক মাস পর ১৯৪৮-এর শুরুতে তিনি ভারতে গিয়ে মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায়ের মন্ত্রিসভায় স্বরাষ্ট্রমন্ত্রী হন। পাকিস্তান গণপরিষদের বিরোধী দলের অস্থায়ী নেতা ছিলেন ঢাকা জেলা কংগ্রেস সভাপতি শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়। কংগ্রেস ছিল পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে শক্তিশালী বিরোধী দল। কংগ্রেস নেতারা ছিলেন যোগ্য পার্লামেন্টারিয়ান। যখন পাকিস্তান গণপরিষদে ভাষা হিসেবে ইংরেজি ও উর্দু করার প্রস্তাব করে মুসলিম লীগ সরকার, তখন কংগ্রেস দলীয়ভাবে সিদ্ধান্ত নেয়, বাংলাকেও তার সঙ্গে যোগ করার। সেই সিদ্ধান্ত অনুসারেই শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়ের অল্প সময়ের অনুপস্থিতিতে ২৩ ফেব্রুয়ারি ধীরেন্দ্রনাথ দত্ত সংশোধনী প্রস্তাব পেশ করেন—বাংলাকেও ইংরেজি ও উর্দুর সঙ্গে সংসদে ব্যবহারের অধিকার দিতে।২৫ ফেব্রুয়ারি কংগ্রেস দলীয় সংশোধনী প্রস্তাবটি নিয়ে আলোচনা হয়। ধীরন দত্ত বলেন, ‘তিনি প্রাদেশিকতার মনোভাব নিয়ে এ প্রস্তাব করেননি। সংখ্যাগরিষ্ঠ জনগণের ভাষাকে সরকারি ভাষার মর্যাদা দেওয়াই সংগত।’ এই দিনের বিতর্কে শ্রীশ চট্টোপাধ্যায় উপস্থিত ছিলেন। তিনি তাঁর বক্তৃতায় বলেন, ‘এত দিন আমার ধারণা ছিল পাকিস্তান সংখ্যাগুরু ও সংখ্যালঘুদের রাষ্ট্র। কিন্তু সংসদ নেতার (প্রধানমন্ত্রী লিয়াকত আলী) কথায় মনে হচ্ছে, অমুসলমানদের তাঁরা বিবেচনায় ধরছেন না। আমাদের সংশোধনী প্রস্তাবে বাংলাকে রাষ্ট্রভাষা করারও প্রস্তাব করা হয়নি, ইংরেজি ও উর্দুর সঙ্গে বাংলাকে সংসদের অন্যতম ভাষার অন্তর্ভুক্ত করার দাবি করা হয়েছে।’কংগ্রেস পার্লামেন্টারি দলের সেক্রেটারি রাজকুমার চক্রবর্তী সবচেয়ে বলিষ্ঠ বক্তব্য দেন। তিনি বলেন, ‘উর্দু পাকিস্তানের কোনো প্রদেশেরই কথ্য ভাষা নয়। তা উচ্চশ্রেণীর অল্পসংখ্যক [মুসলমানদের] ভাষা। কেন্দ্রীয় রাজধানী করাচি। পূর্ব বাংলা থেকে যা বহুদূরে অবস্থিত। এখন পূর্ব বাংলার মানুষের ওপর একটি ভাষাও চাপিয়ে দেওয়ার অপচেষ্টা হচ্ছে। এটা গণতন্ত্র নয়। এ হলো শাসকশ্রেণীর আধিপত্যবিস্তারের চেষ্টা। বাংলাকে আমরা পাকিস্তানের দুই অংশের সাধারণ ভাষা করার দাবি করছি না। আমরা শুধু চাই, গণপরিষদে সরকারি ভাষা হিসেবে বাংলার স্বীকৃতি।’ রাজকুমার চক্রবর্তী আরও বলেন, ‘উর্দুর সঙ্গে যদি ইংরেজিকে সরকারি ভাষার মর্যাদা দেওয়া যায়, তাহলে বাংলাও মর্যাদা পাওয়ার অধিকার রাখে।’কংগ্রেসের প্রস্তাবের বিরোধিতা করে প্রধানমন্ত্রী লিয়াকত আলী বলেন, পাকিস্তান মুসলিম রাষ্ট্র। পাকিস্তানের ভাষা মুসলমান রাষ্ট্রের ভাষাই হওয়া উচিত। তিনি বাংলা ভাষার দাবির মধ্যে ‘বিচ্ছিন্নতাবাদে’র আভাস পান।পূর্ববঙ্গের মুখ্যমন্ত্রী নাজিমউদ্দিনের বক্তব্য ছিল জঘন্য। তিনি বলেন, ‘উর্দুই যে পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে তা পূর্ববঙ্গের অধিকাংশ মানুষই মনে করে। বাংলাকে রাষ্ট্রের সরকারি ভাষা করার কোনো যৌক্তিকতা নেই। তবে পূর্ব পাকিস্তানে শিক্ষাপ্রতিষ্ঠানে ও প্রাদেশিক সরকারি কাজে একসময় বাংলা ব্যবহূত হবে।’গণপরিষদের সেদিনের আলোচনায় দুই পশ্চিম পাকিস্তানি সদস্য এম এইচ গাজদার এবং মন্ত্রী গজনফর আলী খান ঔপনিবেশিক শাসকের ভাষায় কথা বলেন। গাজদার বলেন, ‘প্রস্তাবটি আপাত ইননোসেন্ট মনে হলেও পাকিস্তানের জন্য বিপজ্জনক।’ গজনফর বলেন, ‘উর্দু ভাষাই মুসলিম কালচার। পাকিস্তানে একটিমাত্র ভাষাই থাকবে এবং তা উর্দু।’গণপরিষদের সহসভাপতি তমিজউদ্দিন খান সরকারি ও বিরোধীদলীয় সদস্যদের বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেন, কংগ্রেসের নেতার বিবৃতিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। পরিষদ নেতা পাকিস্তানকে মুসলিম রাষ্ট্র বললেও অমুসলমানদের শঙ্কিত হওয়ার কারণ নেই; কারণ, সভা-সমাবেশে তিনি (প্রধানমন্ত্রী) এ কথাও বলছেন যে পাকিস্তানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠদের সমান অধিকারই ভোগ করবে। যাহোক, কংগ্রেসের প্রস্তাবটি ভোটে দেওয়া হলে তা অগ্রাহ্য হয়।গণপরিষদে বাংলা ভাষার দাবি অগ্রাহ্য হওয়ার সংবাদ রেডিওর সংবাদে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। পরদিন ২৬ ফেব্রুয়ারি ঢাকার সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালিত হয়। সরকারও ধরপাকড় করতে থাকে ব্যাপকভাবে।দুই সপ্তাহ পরে ১৫ মার্চ ’৪৮ পূর্ববঙ্গ আইন পরিষদের বাজেট অধিবেশন বসে। এই অধিবেশনে বাংলা ভাষার প্রশ্ন উত্থাপিত হয়। আলোচনায় অংশ নেন মুসলিম লীগ, কংগ্রেস, কৃষক প্রজা পার্টির সদস্যদের মধ্যে মুখ্যমন্ত্রী নাজিমউদ্দিন, এ কে ফজলুল হক, মওলানা ভাসানী, ডা. এ এম মালিক, মাহমুদ আলী, আমেনা খাতুন, ডাক্তার প্রতাপচন্দ্র গুহ রায়, ধীরেন্দ্রনাথ দত্ত, মনোরঞ্জন ধর, প্রভাস চন্দ্র লাহিড়ী প্রমুখ। ১৭ মার্চ লীগ নেতা মওলানা ভাসানী আলোচনায় অংশ নিয়ে বলেন, ‘সকলেই স্বীকার করবেন যে এটা বাংলা ভাষাভাষীদের দেশ। এই অ্যাসেম্বলির যিনি সদর (স্পিকার) তিনিও নিশ্চয়ই বাংলাতে বলবেন।’ স্পিকার প্রত্যুত্তরে বলেন, ‘যিনি যে ভাষা জানেন তিনি সেই ভাষায় বলবেন।’ পূর্ব বাংলা পরিষদে ইংরেজিতে বলার বিরোধিতা করে রেগে গিয়ে মওলানা বলেন, ‘বাংলা ভাষাতেই যাতে সকলে বলেন তার ব্যবস্থা আপনাকে করতে হবে। আমরা কি সেন্ট্রাল গভর্নমেন্টের গোলাম?—।’তার দুই দিন পরেই মওলানা ভাসানী কেন্দ্রীয় সরকারের স্বৈরাচারী মনোভাবের প্রতিবাদে আইনসভা থেকে পদত্যাগ করেন। চিরকালের জন্য পরিসমাপ্তি ঘটে তাঁর সংসদীয় রাজনৈতিক জীবনের। বায়ান্নতে তিনিই ছিলেন সর্বদলীয় রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের সভাপতি।এখানে উল্লেখ করা দরকার যে বাংলাকে বাদ দিয়ে একমাত্র উর্দুকে পাকিস্তানের রাষ্ট্রভাষা করার পক্ষে নাজিমউদ্দিন ছাড়া লীগের পূর্ববঙ্গের বাঙালি নেতাদের কেউই ছিলেন না। থাকলেও দাস্যমনোবৃত্তিসম্পন্ন দু-একজন। মুখ্যমন্ত্রী নূরুল আমিনও বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে কথা বলেছেন প্রাদেশিক পরিষদে এবং গণপরিষদে শাসনতন্ত্রের মূলনীতি প্রণয়নের ওপর বিতর্কে অংশ নিয়ে। পশ্চিম পাকিস্তানি নেতাদের মধ্যে বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার পক্ষে পরিষদে যিনি সবচেয়ে জোরালো বক্তব্য দেন তিনি হলেন পাঞ্জাবের মিয়া ইফতেখার উদ্দিন। যার বক্তব্যের উত্তরে আইনমন্ত্রী এ কে ব্রোহী বলেন, পূর্ব পাকিস্তানে গিয়ে নির্বাচনে দাঁড়ালে আপনি ভালো ভোট পাবেন।শাসনতন্ত্র প্রণয়নের জন্য মূলনীতির ওপর আলোচনায় অংশ নিয়ে ১৯৫৫ পর্যন্ত বাংলার পক্ষে বক্তব্য দিয়েছেন শ্রীশচন্দ্র চট্টোপাধ্যায়, ধীরেন্দ্রনাথ দত্ত, নূরুল আমিন, রাজকুমার চক্রবর্তী প্রমুখ। কিন্তু শেষ পর্যন্ত পাঞ্জাবি শাসকদের ষড়যন্ত্রে তাঁদের দাবি অর্জিত হয়নি। দাবি অর্জিত হয় সালাম, রফিক, বরকতদের রক্তের বিনিময়ে।বায়ান্নতে পূর্ববঙ্গ আইন পরিষদে বিরোধী দলের নেতা ছিলেন কংগ্রেসের বসন্তকুমার দাস এবং উপনেতা ছিলেন ধীরেন দত্ত। আওয়ামী মুসলিম লীগেরও একটি সংসদীয় কমিটি গঠিত হয়। তাতে শামসুদ্দিন আহমদ ও আলী আহমদ চৌধুরী নেতা ও উপনেতা নির্বাচিত হন। ২২ ফেব্রুয়ারি স্পিকার আবদুল করিমের সভাপতিত্বে অধিবেশন শুরু হলে মওলানা তর্কবাগীশ ও খয়রাত হোসেন Condolence motion বা একুশের শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শোক প্রস্তাব তোলেন। ‘বিধিমাফিক হয়নি’ বলে স্পিকার তা নাটক করলে খয়রাত হোসেন বলেন, ‘ইংল্যান্ডের রাজা মরলে শোক প্রস্তাব নেন, দেশের ছেলেরা গুলির আঘাতে মারা গেল তাদের জন্য নিতে পারি না?’খয়রাত হোসেনের প্রস্তাবকে সমর্থন করে বক্তব্য দেন আলী আহমদ, মনোরঞ্জন ধর, ধীরেন দত্ত প্রমুখ। সংসদ নেতা নূরুল আমিন উঠে দাঁড়িয়ে প্রস্তাব করেন: I beg to move that ‘This Assembly recommends to the constituent Assembly of Pakistan that Bengali be one of the State Languages of Pakistan.’ তিনি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা করার জন্য গণপরিষদকে অনুরোধ করতে সংসদকে তাঁর প্রস্তাবটি পাস করার ব্যবস্থা নিতে বলেন: আমি ও আমার সরকার বাংলাকে রাষ্ট্রভাষা না করার কথা ভাবতেই পারি না।... It is far from the mind of the government as well as of myself. Sir, I move this motion to be passed and the constituent Assembly be requested to make the Bengali Language as one of the State Language.সেদিনের আলোচনায় আরও অংশ নিয়েছিলেন এবং এই প্রস্তাবের সমর্থন করে বক্তব্য দেন হাবিবুল্লাহ বাহার, আবদুস সালাম, শাসসুদ্দিন আহমদ, মশিউদ্দিন আহমদ, কংগ্রেসের মনোরঞ্জন ধর, প্রভাসচন্দ্র লাহিড়ী, ধীরেন দত্ত, বিনোদচন্দ্র চক্রবর্তী, সুরেশ চন্দ্র দাশগুপ্ত, সুনীন্দ্রনাথ ভট্টাচার্য, বসন্তকুমার দাস প্রমুখ। আনোয়ারা খাতুন তাঁর বক্তৃতায় বলেন, ‘পুলিশের অত্যাচার থেকে মেয়েরাও রেহাই পায় নাই, ছেলেদের কথা আর না-ই বললাম। পুলিশের লাঠিচার্জে মেয়েরা উনডেড হয়েছে। আমি তাদের মধ্যে দুজনের নাম দিচ্ছি। একজন ঢাকা হাইকোর্টের জাস্টিস ইব্রাহিমের মেয়ে মিস সুফিয়া ইব্রাহিম, আর একজন মিস রওশন আরা—থার্ড ইয়ার বিএ। মেয়েদের টোটাল উনডেডের সংখ্যা আটজন।’যাহোক, ছাত্র-যুব ও জনতার উত্তাল আন্দোলন এবং জনপ্রতিনিধিদের ভূমিকার কারণেই শেষ পর্যন্ত বাংলা ভাষার সাংবিধানিক মর্যাদা অর্জিত হয়। রাজপথে ও সংসদে যাঁরা ভাষার জন্য লড়াই করেছেন, তাঁদের সবার প্রতি গভীর শ্রদ্ধা জানাই।* বাংলা রাষ্ট্রভাষা বিতর্কে আইনসভার সদস্যদের ভূমিকা সম্পর্কে সৈয়দ আবুল মকসুদের শিগগিরই প্রকাশিতব্য বইয়ে বিস্তারিত পাওয়া যাবে।