আইনাঙ্গনে আইন অমান্য!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বারের বার্ষিক কার্যকরী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ ফেব্রুয়ারি। নির্বাচন হবে দুটি প্যানেলের বাঘা বাঘা আইনজীবী নেতাদের সমন্বয়ে গঠিত দলীয় ফোরামভুক্ত হয়ে। ২ এপ্রিল, ২০০৬ ঢাকা বারের তৎকালীন সভাপতি মো. নুরুজ্জামানকে আহ্বায়ক করে ঢাকা বারের সংবিধান সংগঠনে উপকমিটি গঠন করা হয়। ওই কমিটির তত্ত্বাবধানে ঢাকার বার কর্তৃক পাস করা ঢাকা বার সংবিধানের ৪১ ধারার পৃথক ১০টি উপধারায় পরিষ্কারভাবে বলা হয়েছে, নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা কোনো আইনজীবীর বাসাবাড়িতে কিংবা চেম্বারে গিয়ে ভোট চাইতে পারবেন না। নির্বাচনে অংশগ্রহণকারী সভাপতি, সহসভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী নির্বাচনে প্রার্থীসংক্রান্ত কোনো মুদ্রিত কার্ড, লিফলেট বা পোস্টার (পেশাগত ভিজিটিং কার্ড ব্যতীত) ছাপাতে বা প্রচার করতে পারবেন না। নির্বাচন অনুষ্ঠানের ২৪ ঘণ্টা আগেই প্রচার-প্রচারণা বন্ধ করতে হবে। আদালতপাড়া কিংবা এখানকার সংলগ্ন রাস্তায় কোনো প্রার্থী নির্বাচনী প্রচারকেন্দ্র স্থাপন করতে পারবেন না। বারের নির্বাচনী তফসিল ঘোষণার পর কোনো পদপ্রার্থী তাঁর পরিচয়পত্রবিহীন কর্মী বা সমর্থককে দিয়ে আদালতপাড়া বা তৎসংলগ্ন এলাকায় প্রচারণা চালাতে পারবেন না। নির্বাচন উপলক্ষে প্রার্থীরা কোনো ধরনের আপ্যায়নের ব্যবস্থা বা চা-চক্রের আয়োজন করতে পারবেন না। উপরিউল্লিখিত শর্তাবলি কোনো পদপ্রার্থী লঙ্ঘন করলে নির্বাচন কমিশন ওই প্রার্থীর প্রার্থিতা বাতিল অথবা ১০০ থেকে এক হাজার টাকা পর্যন্ত আর্থিক জরিমানা করতে পারবেন। ঢাকা বারের নির্বাচনে উপরিউল্লিখিত প্রতিটি শর্তাবলি চরমভাবে লঙ্ঘিত হচ্ছে। নবীন আইনজীবীদের (অনেকের সনদ হয়নি) সারিবদ্ধভাবে দাঁড় করিয়ে আদালতপাড়ার বিভিন্ন প্রবেশ পথে, কোর্টের বারান্দায়, সিঁড়িতে এবং অলি-গলিতে প্রচার-প্রচারণার কাজে লাগানো হচ্ছে। বিনিময়ে দিন শেষে নবীন আইনজীবীদের ২০০ টাকা এবং দুপুরের খাবার সরবরাহ করা হচ্ছে। একজন নবীন আইনজীবী বলেন, ‘আমি যে প্রার্থীর পক্ষে কাজ করছি, তিনি নির্বাচনে বিজয়ী হলে আমি তাঁর চেম্বারে জুনিয়র হিসেবে কাজ করার সুযোগ পাব—এই আশ্বাস পাওয়ায় ওই প্রার্থীর জন্য সারা দিন আদালতপাড়ায় রোদে দাঁড়িয়ে তাঁর পক্ষে প্রচার করছি।’ প্রার্থীরা এভাবে নবীন তথা শিক্ষানবিশ আইনজীবীদের নানা রকম প্রলোভন ও প্রত্যাশার কথা শোনাচ্ছেন। নির্বাচনে অংশগ্রহণকারী কোনো প্রার্থী কিংবা প্যানেল তাঁদের কোনো নির্বাচনী প্রতিশ্রুতি বা অঙ্গীকারের কথা বলছেন না। নবীন আইনজীবীদের বসার ব্যবস্থা, নারী আইনজীবীদের পর্যাপ্ত সুযোগ-সুবিধাসংবলিত পৃথক চেম্বার, শৌচাগারের ব্যবস্থা, আদালতপাড়ায় আসা গরিব, অসহায়, সহায়সম্বলহীন বিচারপ্রার্থীদের জন্য বিনা মূল্যে আইনি সহায়তা দেওয়ার ব্যবস্থা গতিশীল করা, আইনজীবীদের চেম্বারের জন্য বহুতল ভবন নির্মাণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ব্যবস্থা করা, আদালতপাড়াকে দালাল, টাউট ও প্রতারকমুক্ত অঞ্চল হিসেবে ঘোষণা করা ইত্যাদি আরও কত-শত সমস্যা আদালতপাড়ায় বিদ্যমান। এগুলো পালন কিংবা সম্পন্ন করার কোনো শক্তিশালী অঙ্গীকার বা প্রতিশ্রুতি আসন্ন নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীরা করবেন কী?লেখক  আইনজীবী, ঢাকা জজ কোর্ট