ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (টিআই) প্রকাশিত জনগণের অভিমত ও অভিজ্ঞতাভিত্তিক সমীক্ষার ব্যাপারে আইনগত পদক্ষেপ নিচ্ছে পুলিশ বাহিনী। গতকাল রাতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়। নাম প্রকাশে অনিচ্ছুক দায়িত্বশীল দুজন কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।এর আগে গতকাল শনিবার দুপুরে রাজারবাগে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার বলেছেন, পুলিশ সম্পর্কে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) যে তথ্য প্রকাশ করেছে, তাতে সার্বিক চিত্র প্রতিফলিত হয়নি।দুর্নীতি নজরদারি সংস্থা টিআই গত বৃহস্পতিবার জনগণের অভিমত ও অভিজ্ঞতাভিত্তিক সমীক্ষা ‘গ্লোবাল করাপশন ব্যারোমিটার’ (বৈশ্বিক দুর্নীতি পরিমাপক) প্রকাশ করে। সারা বিশ্বে একযোগে এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এতে বলা হয়, বাংলাদেশের মানুষ পুলিশকে সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত খাত হিসেবে চিহ্নিত করেছে।টিআইয়ের প্রতিবেদনের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য দেওয়া হয়নি। তবে গতকাল এ নিয়ে কর্মকর্তারা বৈঠক করেন। বৈঠকে এ প্রতিবেদনের ব্যাপারে কী ধরনের আইনগত ব্যবস্থা নেওয়া যায়, তা নিয়ে আলোচনা হয়। কেউ কেউ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মামলা করার কথা বলেন। বৈঠকে উপস্থিত একজন কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তাঁরা এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেবেন বলে একমত হয়েছেন।গতকাল দুপুরে রাজারবাগ পুলিশ লাইনে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার কল্যাণ সমিতির বার্ষিক সাধারণ সভায় আইজিপি বলেন, ১৪৯ জনকে প্রশ্ন করে পুলিশের বিষয়ে যে মতামত দেওয়া হয়েছে, তাতে সবার মতামত প্রতিফলিত হওয়ার কোনো সুযোগ নেই। এসব খবরের পাশাপাশি পুলিশের অনেক ভালো দিক আছে। সেসব সফলতার কথাও প্রচার হওয়া উচিত।আইজিপি বলেন, ‘টিআইবি পুলিশ সম্পর্কে যে প্রতিবেদন প্রকাশ করেছে, তা গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। টিআইবির প্রতিবেদন গণ্যমান্য ব্যক্তিরা তৈরি করেন। তাঁদের অনেক সুনাম ও মর্যাদা আছে। আমাদের সব সময় সচেতন থাকতে হবে জরিপ পূর্ণাঙ্গ হচ্ছে কি না এবং তা ভিত্তিমূলক জরিপ হচ্ছে কি না। টিআইয়ের প্রতিবেদনের যদি ভিত্তি না থাকে, তাহলে জনগণ তা গ্রহণ করবে না।’