আইনি পরামর্শ
প্রশ্ন: শ্রমিকদের অনেক সময় কোনো পাওনাদি পরিশোধ না করে যখন-তখন কারখানা থেকে বের করে দেওয়া হয়। চাকরি সমাপ্তির পদ্ধতি এবং তাঁরা মালিকের কাছ থেকে কখন কী সুবিধা পেতে পারেন?আবুল বাতেন, ঢাকা।উত্তর: শ্রমিককে চাকরি অবসান দেওয়ার কয়েকটি নির্দিষ্ট পদ্ধতি আছে। যেমন:ছাঁটাই: কাজের প্রয়োজনের চেয়ে অতিরিক্ত শ্রমিক থাকার কারণে মালিক কর্তৃক শ্রমিকের চাকরির অবসান করাকে ছাঁটাই বলে। এক বছর লাগাতার কাজ করেছেন এমন শ্রমিককে ছাঁটাই করতে হলে ছাঁটাইয়ের কারণ উল্লেখ করে এক মাসের লিখিত নোটিশ দিতে হবে অথবা নোটিশের পরিবর্তে এক মাসের (নোটিশ সময়ের) মজুরি দিতে হবে। ছাঁটাই করার পর এক বছরের মধ্যে মালিক কর্তৃক ছাঁটাইকৃত শ্রমিকের পদে লোক নিয়োগ করতে চাইলে ছাঁটাইকৃত শ্রমিককে আগে সুযোগ দিতে হবে। এ জন্য মালিক ছাঁটাইকৃত শ্রমিকদের সর্বশেষ জানা ঠিকানায় কাজে যোগদানের নোটিশ পাঠিয়ে আবার কাজ করার সুযোগ দেবেন এবং ছাঁটাইকৃত শ্রমিকদের মধ্যে যিনি বেশি দিন কাজ করেছেন, তিনি সবার আগে সুযোগ পাবেন।অপসারণ বা ডিসচার্জ: কোনো শ্রমিকের শারীরিক বা মানসিক অসমর্থতা, অব্যাহত ভগ্ন স্বাস্থ্যের কারণে মালিক কর্তৃক কোনো শ্রমিকের চাকরির সমাপ্তি ঘটানো হলে তাঁকে অপসারণ বা ডিসচার্জ বলা হয়। তবে শ্রমিকের এই ডিসচার্জ বা অপসারণের জন্য একজন রেজিস্টার্ড চিকিৎসকের সনদ নিতে হবে। অব্যাহতি বা টার্মিনেশন: যখন কোনো মালিক কর্তৃক স্থায়ী শ্রমিককে কোনোরূপ অপরাধ ছাড়া তাঁর চাকরির সমাপ্তি ঘটানো হয়, তখন তাকে অব্যাহতি বা টার্মিনেশন বলা হয়। এটি মালিকের অধিকার। মালিক যেকোনো সময় তাঁর কারখানার স্বার্থে প্রয়োজন মনে করলে শ্রমিকের প্রাপ্য টাকা-পয়সা প্রদান করে যেকোনো শ্রমিককে চাকরি থেকে অব্যাহতি দিতে পারেন।একজন স্থায়ী শ্রমিককে মালিক অবশ্যই ১২০ দিন বা চার মাস আগে নোটিশ দেবেন অথবা আদেশটি সঙ্গে সঙ্গে কার্যকর করতে চাইলে নোটিশের পরিবর্তে চার মাস বা ১২০ দিনের মজুরি দিয়ে দেবেন। তবে মাসিক বেতনে নিযুক্ত অস্থায়ী শ্রমিককে এক মাসের নোটিশ এবং অন্যান্য ক্ষেত্রে ১৪ দিনের লিখিত নোটিশ বা নোটিশ সময়ের মজুরি দিয়ে দেবেন।সুবিধা বা পাওনা: যেকোনো উপায়ে শ্রমিকের চাকরির অবসান করা হলে যেদিন শ্রমিকের চাকরির অবসান করা হয়েছে, তার পরবর্তী সাত কর্মদিবসের মধ্যে মজুরি ও ওভারটাইম ভাতা এবং পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে শ্রমিক পাওনাদি পাওয়ার অধিকারী—বকেয়া মজুরি এবং ওভারটাইম ভাতা। বর্তমান মাসের মজুরি এবং ওভারটাইম ভাতা। যদি অর্জিত ছুটি ভোগ না করে থাকেন, তাহলে পাওনা অর্জিত ছুটির মজুরি (মোট মজুরিতে)। শ্রমিক যত দিন কাজ করেছেন, তার প্রতিটি পূর্ণ বছরের জন্য ৩০ দিনের মজুরি হারে ক্ষতিপূরণ অথবা গ্র্যাচুইটি থাকলে এর মধ্যে যেটি বেশি হবে। ছাঁটাইয়ের এক মাস আগে যদি নোটিশ না দেওয়া হয়, তাহলে এক মাসের মজুরি। প্রভিডেন্ট ফান্ডের বিধান থাকলে প্রভিডেন্ট ফান্ডের টাকা। অব্যাহতির জন্য ১২০ দিন বা চার মাস আগে যদি নোটিশ না দেওয়া হয়, তাহলে ১২০ দিন বা চার মাসের মজুরি।বরখাস্ত বা ডিসমিস: বরখাস্ত বা ডিসমিস করা হচ্ছে শাস্তিমূলক ব্যবস্থা। সাধারণত অসদাচরণমূলক কাজের জন্য শাস্তিমূলক ব্যবস্থা হিসেবে শ্রমিকের চাকরির সমাপ্তি (ডিসমিস) ঘটানো হয়।শ্রমিকের বিরুদ্ধে আনীত অভিযোগ লিখিতভাবে করতে হবে। লিখিত অভিযোগের এক কপি শ্রমিককে দিতে হবে এবং জবাব দেওয়ার জন্য কমপক্ষে সাত দিন সময় দিতে হবে। ব্যক্তিগতভাবে উপস্থিত হয়ে বক্তব্য পেশের সুযোগ দিতে হবে। এ ছাড়া অসদাচরণের দায়ে অভিযুক্ত শ্রমিককে তাঁর বিরুদ্ধে আনীত অভিযোগ সম্পর্কে তদন্ত সাপেক্ষে সাময়িক বরখাস্ত করা যেতে পারে এবং বিষয়টি কোনো আদালতে বিচারাধীন না থাকলে এর মেয়াদ ৬০ দিনের বেশি হবে। সাময়িক বরখাস্তকালীন গড় মজুরি, মহার্ঘ ভাতা এবং অন্তর্বর্তীকালীন মজুরির অর্ধেক খোরাকি ভাতা হিসেবে পাবেন। প্রশ্ন: অবসর, ছাঁটাই, অপসারণ, বরখাস্ত, অবসান করার পর মজুরি এবং পাওনা পরিশোধ করা না হলে আদায় করার ক্ষেত্রে শ্রমিকের করণীয় কী? উত্তর: এ ক্ষেত্রে যদি আইনে নির্ধারিত সময়ের মধ্যে শ্রমিকের পাওনা পরিশোধ না করা হয়, তাহলে শ্রমিক তাঁর বকেয়া পাওনা আদায়ের জন্য শ্রম আদালতে মামলা দায়েরের মাধ্যমে তাঁর বকেয়া পাওনা আদায় করতে পারেন। তবে বকেয়া মজুরি বা পাওনা আদায় করতে হলে পাওনা হওয়ার এক বছরের মধ্যে পাওনা আদায়ের জন্য শ্রম আদালতে মামলা কতে হবে। সূত্র বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)।