আইনি পরামর্শ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: আমি প্রায় দুই বছর আগে প্রেম করে একটি মেয়েকে বিবাহ করি। দেনমোহরানা এক লাখ ৫০ হাজার টাকা। বিবাহের এক বছর পর তাকে আনুষ্ঠানিকভাবে উঠিয়ে আনার দিন সে অন্য একটি ছেলের সঙ্গে পালিয়ে যায়। তিন দিন পর তার অভিভাবকেরা তাকে উদ্ধার করে পারিবারিক বৈঠক করে আমার হাতে তুলে দেন। এক বছর সংসার করার পর সে বাবার বাড়িতে বেড়াতে গিয়ে আর আমার সংসারে আসে না। আমি আমার অভিভাবকসহ স্ত্রীকে শ্বশুরবাড়ি থেকে আনতে গেলে সে আমার সংসার করবে না বলে জানায় এবং শ্বশুর ও শাশুড়ি বলেন, তাঁদের মেয়েকে আমার কাছে পাঠাবেন না। তখন আমি বলি, আমি আমার স্ত্রীকে নিয়ে যাব এবং আমি বিবাহ করেছি সংসার করার জন্য। তখন আমার শ্বশুর বলেন, ‘না, আমরা মেয়েকে তোমার সংসার করাব না।’ শ্বশুর আমার কাছ থেকে দেনমোহরের এক লাখ ৫০ হাজার টাকা দাবি করেন এবং আমাকে তালাক দিতে বলেন। আমি স্ত্রীকে তালাক দেব না এবং তাকে নিয়ে ঘরসংসার করতে চাই।এখন আমি আইনি কোনো পদক্ষেপ নিতে পারব কি না, সে পরামর্শ দিলে আমি ভীষণ উপকৃত হব।মো. মুঞ্জুরুল আলম, বগুড়া।উত্তর: স্ত্রীকে ফিরে পেতে চাইলে দাম্পত্য অধিকার পুনরুদ্ধারের জন্য পারিবারিক আদালতে প্রতিকার চাইতে পারেন। তবে এ ধরনের মামলায় পক্ষে রায় এলেও স্ত্রীকে ফেরত আনতে বাধ্য করা যায় না। কারও পৃথক থাকার অধিকার একটি সাংবিধানিক অধিকার। আপনার স্ত্রীকে তালাক দিতে চাইলে দিতে পারেন। কিন্তু দেনমোহরের টাকা আপনার স্ত্রীকে দিতে আপনি আইনত বাধ্য। তবে এ নিয়ে বিরোধ দেখা দিলেও পারিবারিক আদালতে প্রতিকার চাওয়ার সুযোগ রয়েছে।