আইনি পরামর্শ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: পত্রপত্রিকায় প্রায়ই খবর আসে অমুক গ্রামে গ্রাম্য সালিসে কোনো ব্যক্তি বা পরিবারকে এই বা ওই শাস্তি দেওয়া হয়েছে। দেশের প্রচলিত আইনে গ্রাম্য সালিস বৈধ কি না? বৈধ হলে এর এখতিয়ার কতটুকু? গ্রাম্য সালিসে শাস্তি দেওয়া গেলে তার সর্বোচ্চ মাত্রা কত? সমাজের বা গ্রামের কোনো প্রচলিত নিয়মকে চরমভাবে উপেক্ষা করলে কিংবা গ্রামের শৃঙ্খলা বিঘ্নিত হয় এমন কোনো কাজে জড়িত থাকার অভিযোগে গ্রামের সব মানুষের সিদ্ধান্তক্রমে অভিযুক্ত ব্যক্তিকে সমাজচ্যুত বা একঘরে করে রাখা যায় কি? একঘরে করা আইনের সঙ্গে সামঞ্জস্য কি না? কোনো কারণে সমাজচ্যুত করা যায় কি? উল্লেখ্য, সমাজচ্যুত করার অর্থ হলো অভিযুক্ত ব্যক্তির সঙ্গে সামগ্রিকভাবে সব লেনদেন, কথাবার্তা, মেলামেশা বন্ধ করে দিয়ে তাকে গ্রামের সিদ্ধান্ত মেনে নিতে বাধ্য করা হয়। যখন ওই ব্যক্তি তার ভুল গ্রামের মানুষের সামনে স্বীকার করে এবং এ মর্মে প্রতিশ্রুতি দেয় যে আর এ রকম করবে না, তখন তাকে আবার সমাজে স্বাভাবিকভাবে মেনে নেওয়া হয়। বিষয়টির আইনি দিক সম্পর্কে বিস্তারিত জানতে চাই। মো. সরফরাজ আলম ঢাকা বিশ্ববিদ্যালয়।উত্তর: আমাদের দেশে গ্রাম্য আদালত থাকলেও এর বিচারিক কাজের অংশ। কিন্তু গ্রাম্য সালিসের নামে গ্রামের মাতবর-মুরুব্বিরা মিলে কোনো কিছুর অজুহাতে কাউকে শাস্তি দেওয়া বেআইনি। অনেক সময় দেখা যায়, ফতোয়ার নাম করে এর অপব্যবহার করা হয় এবং জগন্য শাস্তি আরোপ করা হয়। এটা বিচারবহিভূত শাস্তি। সংবিধান অনুযায়ী কাউকে দেশে বিদ্যমান বিচারপদ্ধতির বাইরে যেকোনো বিচারবহির্ভূত শাস্তি দেওয়া অন্যায়। সম্প্রতি উচ্চ আদালত থেকেও বিচারবহির্ভূত শাস্তি বন্ধে নির্দেশনা এসেছে। আপিল বিভাগ ফতোয়ার নামে শাস্তি প্রদানকে অবৈধ ঘোষণা করেছেন।প্রশ্ন: আমার কাকি নিঃসন্তান অবস্থায় ২০০৩ সালে মৃত্যুবরণ করেন। হিন্দু শাস্ত্রমতে কাকির মুখাগ্নি করি আমি। মৃত্যুর আগে তিনি তাঁর নিজের নামে ক্রয় করা জমি রেখে যান। আমার কাকা বর্তমানে জীবিত। উত্তরাধিকার সূত্রে বর্তমানে এই জমির মালিক কাকা। কিন্তু কাকার মৃত্যুর পর এই সম্পত্তির মালিক কে হবে? উল্লেখ্য, কাকির শুধু এক ভাতিজা (ভাইয়ের ছেলে) জীবিত। আর কাকার দিকে কাকার ভাতিজা (ভাইয়ের ছেলে) একমাত্র আমি জীবিত। কাকার মৃত্যুর পর এই সম্পত্তির বৈধ উত্তরাধিকারী কে হবে? কাকার ভাতিজা নাকি কাকির ভাতিজা? নাম প্রকাশে অনিচ্ছুকউত্তর: হিন্দু আইন অনুযায়ী এখানে কাকির সম্পত্তি তার স্বামী অর্থাৎ আপনার কাকার কাছে চলে গেছে। তাই কাকির ভাতিজা এ সম্পত্তি পাবেন না। বাংলাদেশের দায়ভাগ মত অনুসারে কাকার সম্পত্তি তার ভাইয়ের পুত্র পাবেন, যদি তিনি নিঃসন্তান হন এবং আর কোনো উর্ধ্বতন ওয়ারিশ না থাকে।