আইনি পরামর্শ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: আমরা ১৯৮০ সালে একটি দাগের দুই খতিয়ান থেকে দুই শতক বসতভিটা জমি কিনি। যার আরএস খতিয়ান নং-৮৩১ ও ৮৩৬, রে সার্ভে নং-১১২, জেলা-রাজশাহী, থানা-পবা, মৌজা-বড়গাছি, জেএল নং-১২২। ১৯৯৭ সালে জমিটি খারিজ করতে গিয়ে দেখা যায়, এটি একটি খেলার মাঠ হিসেবে খতিয়ানে অন্তর্ভুক্ত হয়ে আছে। উল্লেখ্য, অত্র দাগের পাশে ১৯৭১ সালেরও আগে আমাদের নিজস্ব জমি/কেনা জমিতে আমার বাবা-চাচারা নিজেদের ও গ্রামের প্রাপ্তবয়স্ক কর্মজীবী পুরুষদের জন্য একটি নাইট স্কুল প্রতিষ্ঠা করেছিলেন, যেখানে শুধু এই পাড়াগ্রামের কর্মজীবী পুরুষেরা রাতে পড়াশোনা করতেন। এটা কোনো সরকারি বা বেসরকারি স্কুল ছিল না। এটি পরিচালনাও করতেন আমার বাবা-চাচারা। শিক্ষক হিসেবে আমার চাচারা ও পাড়ার আরও জ্ঞানী ব্যক্তিরা ছিলেন। এমনকি এটির কার্যক্রম ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ শুরুর প্রথম অবস্থা পর্যন্ত চলে। মুক্তিযুদ্ধ শুরু হলে ও মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় এটির অস্তিত্ব বিলীন হয়ে যায়। আমরা এই এলাকার স্থায়ী বাসিন্দা। মুক্তিযুদ্ধ শুরুর আগে থেকে বর্তমান সময় পর্যন্ত অত্র জায়গায় আমরা বসবাস করে আসছি। আমার বাবা-চাচারাও বেঁচে আছেন। এ অবস্থায় খেলার মাঠ হওয়ার কারণে বসতজমিটি খারিজ হবে না মর্মে তহসিলদার আমাদের জানান। বর্তমান সময় পর্যন্ত জমিটি সে অবস্থায় আছে। বর্তমানে জমির ওয়ারিশরা মাঝেমধ্যে আমাদের হুমকিধমকি দেয় এই বলে যে জমিটির আসল মালিক আজ পর্যন্ত তারা। কেননা, যেহেতু জমিটির মালিকানা হিসেবে খতিয়ানে তাদের নাম আছে। এই বলে জমিটি দখলে নিতে চায়। আমাদের কাছে প্রমাণ হিসেবে জমি কেনার স্বাক্ষরসহ দলিল ও খতিয়ান আছে। জমিটি যেহেতু বসতভিটা ছিল, বর্তমানেও আছে; কিন্তু খতিয়ানে ভুলবশত খেলার মাঠ হিসেবে রেকর্ড অবস্থা থেকে বর্তমানে সঠিক বসতভিটা নামে খতিয়ানে অন্তর্ভুক্ত করতে আমরা কী পদক্ষেপ নিতে পারি? দয়া করে সমাধান জানালে উপকৃত হব। মো. সাজ্জাদুল ইসলামঢাকা।উত্তর: এলাকার মাঠপরচা যদি চলমান থাকে, তাহলে ৩০ ধারায় আপত্তি দিতে হবে ভূমি অফিসে। যদি চূড়ান্ত গেজেট আকারে প্রকাশিত হয়ে যায়, তাহলে ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে আবেদন করতে হবে। যেহেতু রাজশাহীতে এখনো ট্রাইব্যুনাল গঠিত হয়নি, তাই আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি দেওয়ানি আদালতে ঘোষণামূলক মোকদ্দমা করেও প্রতিকার চাইতে পারেন।