আইনি পরামর্শ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: আমি ২০০৪ সালে একজনকে এক লাখ টাকা ধার দিই, বিনিময়ে আমাকে উত্তরা ব্যাংক নিউমার্কেট শাখা রাজশাহীর দুটি চেক (৫০ হাজার + ৫০ হাজার) প্রদান করেন। নির্দিষ্ট সময়ে ব্যাংকে গিয়ে টাকা না পেয়ে তাঁকে জানাই। এ বিষয়ে তিনি কোনো গুরুত্ব প্রদান না করায় আইনজীবীর মাধ্যমে উকিল নোটিশ ও পরে নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্ট অ্যাক্টে মামলা করি। সিআর-১৩৯ ও সিআর ৫৩৮-২০০৪ মামলাটি রাজশাহী ম্যাজিস্ট্রেট কোর্ট, জজকোর্ট এবং হাইকোর্ট হয়ে পুনরায় রাজশাহী কোর্টে আসে। মূল সমস্যা হচ্ছে, ফিরিস্তিতে উল্লিখিত কাগজ বা নথিগুলো হাইকোর্টের আইনজীবী মামলা পরিচালনার জন্য নিয়েছিলেন। তিনি এখন বলেন, হারিয়ে গেছে। এর বিপরীতে তিনি কোনো সাধারণ ডায়েরি করতেও ইচ্ছুক নন। বর্তমানে তিনি আদালতের রাষ্ট্রপক্ষের উচ্চপদে অধিষ্ঠিত আছেন। হাইকোর্ট থেকে ফিরে আসার পর রাজশাহী কোর্টে অনেকগুলো তারিখ পার হওয়ার পর বাদী (আমার) সাক্ষী হয়েছেন। এ অবস্থায় আমার রাজশাহী কোর্টের আইনজীবী মূল কাগজ বা নথি ব্যতীত মামলাটি পরিচালনা করতে কষ্টদায়ক মনে করে অপারগতা প্রকাশ করেছেন এবং মামলায় জয় লাভ করা সম্ভব নয় বলছেন। ১. ফিরিস্তিতে উল্লিখিত কাগজগুলো (মূল নথির সঙ্গে ফটোকপি সংযুক্ত আছে) ছাড়া মামলার ভবিষ্যৎ কী?২. ব্যাংক ম্যানেজার কিসের ভিত্তিতে সাক্ষী দেবেন?৩. ২০০৪ সালের মামলা তিনটি কোর্টের (ম্যাজিস্ট্রেট, জজ ও হাইকোর্ট) রায় বা আদেশ নথিতে অন্তর্ভুক্ত থাকা সত্ত্বেও আমার বিজ্ঞ আইনজীবী এমন বলছেন কেন? ৪. আমার অপরাধ কী? যার জন্য আমি আমার টাকা আইনি সহায়তা নিয়েও ফেরত পাব না? ৫. আসামি পক্ষ উকিল নোটিশে টাকা নেওয়ার কথা স্বীকার করা সত্ত্বেও কেন সাত বছর আমি আইনের দ্বারে ঘুরেও সমাধান পাচ্ছি না। আমার মনে হতাশা বোধ কাজ করছে, যা নিরসনে পরামর্শ কামনা করছি। মো. লিটন, রাজশাহীউত্তর: আপনার মামলার নথিপত্র কি হাইকোর্টের নথি তলবের মাধ্যমে হাইকোর্ট বিভাগে গিয়েছিল কি না তা উল্লেখ করেননি। যদি আদালতের অফিসের মাধ্যমে যায়, তাহলে হাইকোর্ট বিভাগের সংশ্লিষ্ট সেকশন থেকে উত্তোলন করা যাবে? আর যদি আপনার আইনজীবীকে মামলার নথি আপনি দিয়ে থাকেন এবং তিনি হারিয়ে ফেলেন, এর দায়দায়িত্ব আইনজীবীকেই নিতে হবে। এ জন্য সাধারণ ডায়েরি করলে ভালো হতো। মনে হচ্ছে, আপনার চেকের কপিটি হারানো গেছে। এ ক্ষেত্রে অনেকটাই কঠিন হয়ে দাঁড়াবে এ মামলার সাক্ষ্যপ্রমাণ। তবে সংশ্লিষ্ট ব্যাংকে চেকটির নম্বর এবং মামলার বিষয়গুলো রেজিস্ট্রিভুক্ত থাকার কথা। আপনি ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করুন। আপনার কোনো অপরাধ নেই। আপনি সঠিক পথেই প্রতিকারের পথ বেছে নিয়েছেন। এখন এই সংক্রান্ত দায়দায়িত্ব আপনার আইনজীবীকেই নিতে হবে।