আইনি পরামর্শ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: ‘ক’ সাহেব মারা গেছেন দুই মাস আগে। তিনি স্ত্রী ও তিন মেয়ে রেখে গেছেন। চট্টগ্রাম শহরে ‘ক’ সাহেব পাঁচতলা বাড়ি করছেন। বাড়ির নিচতলায় গ্যারেজ, দোতলায় স্ত্রী ও মেয়েরা এবং অন্য তলাগুলোয় ভাড়াটেরা থাকেন। ভাইদের প্রতি ‘ক’ সাহেবের অগাধ বিশ্বাস ছিল এবং তিনি তাঁদের প্রায়ই বলতেন, ‘আমার অনুপস্থিতিতে চট্টগ্রামের পাঁচতলা বাড়িটি আমার স্ত্রী ও মেয়েরা ভোগ করবে আর গ্রামের বাড়ি সৈয়দপুরে আমি যা কিনেছি এবং পৈতৃক সূত্রে যা পেয়েছি—সব আমার ভাইয়েরা ভোগ করবে।’ তবে ‘ক’ সাহেব উইল-জাতীয় কিছু করেননি। শহরের বাড়িটি ৭০০ বর্গফুটের, তাতে আটটি ফ্ল্যাট আছে। কিন্তু ‘ক’ সাহেবের মৃত্যুর ১৭ দিনের মাথায় তাঁর ভাইয়েরা শহরের বাড়ির সব ভাড়াটের কাছ থেকে ভাড়া আদায় করেন এবং ১০ বছরের পুরোনো ভাড়াটেদের বাড়ি ছাড়ার নোটিশ দেন। এমন দাপট দেখানোর জন্য তাঁরা ‘ক’ সাহেবের স্ত্রী ও মেয়েদের কোনো অনুমতি নেননি। ঘটনার আকস্মিকতায় ‘ক’ সাহেবের শোকস্তব্ধ পরিবার এখন কিংকর্তব্যবিমূঢ়।ভাইদের দাবি, যেহেতু ‘ক’ সাহেবের কোনো ছেলে নেই, তাই এ বাড়িতে তাঁদের পুরো অধিকার আছে। ভাইয়েরা আরও দাবি করছেন, গ্রামের বাড়িতে ‘ক’ সাহেব কোনো সম্পত্তি রেখে যাননি এবং শহরের বাড়ির পাওয়ার অব অ্যাটর্নি তাঁদের নামে। ‘ক’ সাহেবের স্ত্রী ইদ্দত পালন করছেন। তিনি জানমালের ঝুঁকি নিয়ে গ্রামের বাড়ির সম্পত্তি উদ্ধারে কোনো আইনি ঝামেলায় জড়াতে রাজি নন।প্রশ্ন হলো, পাঁচতলা বাড়ির কয়টি তলায় ‘ক’ সাহেবের ভাইদের অধিকার আছে এবং কয়টি তলায় তাঁর স্ত্রী ও মেয়েদের অধিকার আছে? আর কোনো আত্মীয়ের কি কোনো অধিকার আছে? উল্লেখ্য, ‘ক’ সাহেবের তিন ভাই ও দুই বোন বেঁচে আছেন। নাম প্রকাশে অনিচ্ছুকচট্টগ্রাম।উত্তর: আইন অনুযায়ী ‘ক’ সাহেবের মেয়ে ও স্ত্রী সম্পত্তির ভাগ পাওয়ার পরই তাঁর ভাই ও বোনেরা অবশিষ্টাংশ পাবেন। তিন মেয়ে পাবেন মোট সম্পত্তির ২/৩ ভাগ। এবং ‘ক’ সাহেবের স্ত্রী পাবেন ১/৮ ভাগ এবং বাকি সম্পত্তি অবশিষ্টভোগী হিসেবে তাঁর ভাই এবং বোনেরা পাবেন ২:১ অনুপাতে। এখন পাঁচতলা ভবনটির মূল সম্পত্তির পরিমাণ জেনে একজন অভিজ্ঞ আইনজীবীর মাধ্যমে ফারায়েজ ভাগ করে নিতে পারেন। ‘ক’ সাহেবের ভাইয়েরা দখল করলে দেওয়ানি আদালতে প্রতিকার চাইতে পারেন।