আইনি পরামর্শ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: আমার বাবার কেনা ১৮ শতক জমি সরকারের ১ নম্বর খাস খতিয়ানে অন্তর্ভুক্ত হয় (সম্ভবত জমি বিক্রেতার খাজনা পরিশোধ না করার কারণে)। পরবর্তী সময়ে ১৯৭৫ সালের দিকে রেকর্ড সংশোধনের জন্য মামলা করে একতরফা সূত্রে ডিক্রিপ্রাপ্ত হন। কিন্তু কোর্টের রায় নিয়েও বাবা জমিটির রেকর্ড সংশোধন করতে পারেননি দীর্ঘ সময়ে। পরে জমি বিক্রেতারা (তাঁদের সন্তান) ভূমিহীন দেখিয়ে জমিটি ৯৯ বছরের জন্য সরকারের কাছ থেকে লিজ বন্দোবস্ত নেন। একপর্যায়ে তিন দিনের মধ্যে লিজদাতাকে দখল বুঝিয়ে দেওয়ার জন্য জেলা প্রশাসন থেকে আদেশ দেওয়া হয়। আমাদের অজ্ঞাত রেখেই এই বন্দোবস্ত-প্রক্রিয়া সম্পন্ন করা হয়। ওই সময় আমরা নিয়ম মোতাবেক এডিসি (রাজস্ব) বরাবর আপিল করে নিষেধাজ্ঞা প্রার্থনা করলে তা তিনি মঞ্জুর করেন। কিন্তু পরবর্তী সময়ে ১২ বছরের বেশি হওয়ায় রায় তামাদি হয়ে গেছে, এই অজুহাতে আপিল খারিজ হয়। আমরা সঙ্গে সঙ্গে দেওয়ানি আদালতে আবার রেকর্ড সংশোধনের জন্য আবেদন করি এবং দুই তরফা সূত্রে ডিক্রিপ্রাপ্ত হই। দেওয়ানি আদালতের সহকারী জজ সরাসরি জেলা প্রশাসনকে রায়ের মাধ্যমে ওই জমির রেকর্ড সংশোধন করে দেওয়ার জন্য নির্দেশ দেন এবং আগের রায় সঠিক এবং বহাল রাখেন। নালিশি ভূমিতে বাদীর স্বত্ব ঘোষণা করেন এবং লিজ বন্দোবস্ত অকার্যকর ও বাতিল ঘোষণা করেন। রায়টি ঘোষণা হয় ২০০২ সালে। পরে রায়টি তহশিলদার এবং এসি ল্যান্ডের প্রতিবেদনসহ (ইতিবাচক) অতিরিক্ত জেলা প্রশাসক বরাবর পেশ করি। কিন্তু অতিরিক্ত জেলা প্রশাসক দু-তিন বছর তাঁর কার্যকালের মেয়াদ পর্যন্ত আমাকে নানা টালবাহানায় ঘুরিয়ে শেষ পর্যন্ত বদলির আগমুহূর্তে আমার রেকর্ড সংশোধনের জন্য করা ফাইলটি নথিভুক্ত করে যান। মামলা চলাকালে আমার বাবা মারা যান। এদিকে এই দীর্ঘ সময় আইনি প্রক্রিয়ায় থেকে আমি বর্তমানে ঋণভারে জর্জরিত। এই মামলার জন্য আমি প্রবাস থেকে ফিরে আর যেতে পারিনি। জমিটি বর্তমানে আমার দখলেই আছে। এখন আমি কী করতে পারি? সরকার বিবাদী হওয়ায় আপিলের সুযোগ আছে কি না? আমাকে প্রতিকার পাওয়ার জন্য কী করতে হবে?মো. আরিফুর রহমান ভূঁইয়াচান্দপুর, বি.বাড়িয়াউত্তর: জমিটি আপনার দখলে থাকাটা ইতিবাচক। আপনার প্রাপ্ত ডিক্রি বলবৎ করার জন্য সংশ্লিষ্ট আদালতে আবেদন করে প্রতিকার চাইতে পারেন। সরকার বিবাদী হলেও আপিল করার সুযোগ ছিল। কিন্তু ইতিমধ্যে মামলার সময়সীমা তামাদি হয়ে গেছে। তাই ধরে নেওয়া যেতে পারে, সরকার হয়তো আপিলে যাবে না। তবে বিলম্ব মার্জনা চেয়ে সরকার আপিলের আবেদন করতে পারে। এ সুযোগ রয়েছে।