আইনি পরামর্শ
আইনজীবী, বাংলাদেশ সুপ্রিম কোর্টপ্রশ্ন: আমি একজন চাকরিজীবী, সনাতন ধর্মের অনুসারী। আমি একটি মেয়েকে ভালোবাসি। আমরা দুজন প্রাপ্তবয়স্ক এবং বিবাহবন্ধনে আবদ্ধ হতে ইচ্ছুক। আমরা কি কোর্ট ম্যারেজের মাধ্যমে আইন অনুযায়ী বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারব? কোর্ট ম্যারেজের মাধ্যমে বিয়ের বৈধতা কতটুকু? আর অন্য কোনো প্রক্রিয়ায় আমরা বিয়ে করতে পারি? জানালে কৃতজ্ঞ হব।তপুধর বণিক, নারায়ণগঞ্জ।উত্তর: প্রচলিত আইনে কোর্ট ম্যারেজ বলে কোনো বিয়ে নেই। এটি আদালতে হলফনামার মাধ্যমে বিয়ের ঘোষণামাত্র। অনেককেই বলতে শোনা যায় যে কোর্ট ম্যারেজ করেছে। আসলে যেকোনো ধর্মের বিয়েই যার যার নিজ নিজ বিধিবদ্ধ আইনের মাধ্যমে সম্পন্ন করতে হবে। সম্পন্ন করার পর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট কিংবা নোটারি পাবলিকের মাধ্যমে হলফনামা সম্পন্ন করা যেতে পারে। এটি ভবিষ্যতে বিয়ে নিয়ে কোনো জটিলতা হলে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে কাজে লাগতে পারে মাত্র।প্রশ্ন: আমার বয়স ২৮ বছর আর মেয়েটির বয়স ১৪। আমরা দুজন দুজনকে ভালোবাসি। হঠাৎ দুর্ঘটনা ঘটে। আমি মেয়েপক্ষের সবার সঙ্গে দেখা করতে গেলে মেয়ের মা, বোন ও দূর সম্পর্কের এক মামা আমাকে জোর করে কাবিননামায় সই করান এবং বিয়ের কাজও সম্পন্ন হয়। আমি তাঁদের কাছে সময় চাইলে জোর করে বিয়ে দেন। আমার বিয়ের রেজিস্ট্রি এখনো হয়নি। আমি মেয়ের বাসায় আসা-যাওয়া করছি। বিয়ের কাবিন তিন লাখ টাকা এবং উসুল ১০ হাজার টাকা। আমার বিয়ের রেজিস্ট্রি করাতে হলে নাকি ভোটার আইডি কার্ড লাগবে। আমি কিছুই দিইনি। মেয়েপক্ষ আমার নতুন জন্মনিবন্ধন ২৬ বছর দেখিয়ে বিয়ে দেয়। কিন্তু ভোটার আইডি কার্ড অনুযায়ী আমার বয়স আরও বেশি। আমি এখন তাঁদের সবকিছু জেনে মেয়েকে নিতে রাজি নই। এই অবস্থায় কোনো আইনগত ব্যবস্থা নিতে পারব কি না, পরামর্শ দিলে উপকৃত হব। আর আমি কয়েক দিনের মধ্যে সামরিক বাহিনী থেকে বিদেশে যাচ্ছি। ওদের কাছে আমার একটি ডায়েরি ও ছবি আছে। সমস্যা হবে কি? এ ব্যাপারে আমার কী করণীয়?হিমেল, চট্টগ্রাম।উত্তর: আপনি আপনার স্ত্রীকে তালাক দিতে পারেন আইন অনুযায়ী। তালাক দেওয়া হলেও কাবিননামার শর্ত অনুযায়ী দেনমোহরের টাকা প্রদান করতে হবে। আর তালাক কার্যকর হওয়া না পর্যন্ত ভরণপোষণ দিতে হবে। বিয়ের রেজিস্ট্রি করা আইনত বাধ্যতামূলক। তালাকের রেজিস্ট্রি করাও বাধ্যতামূলক। ১৪ বছরের মেয়েকে প্রতারণামূলক বিয়ে দেওয়া অন্যায় এবং বাল্যবিবাহ নিরোধ আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ। এ জন্য ফৌজদারি আদালতে প্রতারণার মামলা দায়ের করতে পারেন।