আইনি প্রকাশনা নাজুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ভাষার আইনবিষয়ক বইয়ের প্রকাশনায় বিরাজ করছে এক অরাজকতা। এর পেছনে রয়েছেন সংঘবদ্ধ সিন্ডিকেট ও তাদের তৈরি কতিপয় আইনের লেখক। কিন্তু এদিকে নজর দিচ্ছে না কর্তৃপক্ষ। এর ফলে বেকায়দায় পড়তে হচ্ছে আইনের সমৃদ্ধ প্রকাশনাগুলোকে। আইনের ছাত্র, গবেষক, আইনজীবীসহ সাধারণ পাঠকেরা বিভ্রান্ত হচ্ছেন নানাভাবে।বাংলা ভাষার প্রথম বই ঢাকা থেকে ১৮৪৮ সালে নীলদর্পণ প্রকাশিত হওয়ার ইতিহাস জানা গেলেও, ঢাকা থেকে প্রথম কোন আইনের বই ঠিক কবে প্রকাশিত হয়েছিল, তার সঠিক ইতিহাস পাওয়া দুষ্কর। বাংলাদেশ স্বাধীন হলে এ দেশে সৃজনশীল ও পাঠ্যপুস্তক প্রকাশনায় কিছু গতি এলেও আইন-সংক্রান্ত প্রকাশনার ক্ষেত্রে তেমন অগ্রগতি হয়নি। বাংলা একাডেমী, আইন ও সালিস কেন্দ্র, বিলিয়া, ব্ল্যাস্ট, সিডা, ব্র্যাক, এলকপ, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটি—এ জাতীয় কিছু প্রতিষ্ঠান অল্প কিছু আইনের বই প্রকাশ করলেও সামগ্রিক প্রয়োজনের তুলনায় তা অপ্রতুল। আইনি বইয়ের চাহিদার কথা ভেবে কিছু অসাধু ব্যবসায়ী ও তথাকথিত লেখক সুযোগটি লুফে নেন। ঢাকার নীলক্ষেত মার্কেটকে আশ্রয় করে এই চক্র আইনের বই নামে মূল বইয়ের নিম্নমানের অনুমোদনহীন অনুবাদ বা সরাসরি ফটোকপি করে মুদ্রণ, সরকারি বিভিন্ন গেজেটের কিছু ব্যাখ্যা যোগ করে বই ছাপিয়ে বাজারে বিক্রি করছে। এ ছাড়া বই ভাড়ার বিনিময়ে শিক্ষার্থীদের পড়তে দেওয়ার মতো আরও কিছু বেআইনি কায়দা-কানুন প্রচলন করে এ প্রকাশনা জগতকে বিশৃঙ্খল করছে। নীলক্ষেতের কতিপয় প্রকাশকদের সামাজিক দায়িত্বহীনতা ও তাদের কাটিং-পেস্টিং লেখকদের যোগসাজশে আইন-সংক্রান্ত প্রকাশনার বেআইনি ব্যবসা রমরমা। নীলক্ষেতের তথাকথিত লেখকদের একেকজনের ৪০-৫০টি করে আইনের বই প্রকাশিত হয়েছে। তাঁদের নামের সঙ্গে প্রফেসর, ব্যারিস্টার, অ্যাডভোকেট ইত্যাদি উপাধি থাকলেও তাঁরা কোন কলেজে অধ্যাপনা করেন বা কোন আদালতের আইনজীবী, তা তাঁরাই ভালো জানেন। এসব আইনি বইয়ের প্রকাশকরা আইন ও নৈতিকতাকে বুড়োআঙুল দেখিয়ে সিআরপিসি (ফৌজদারি কার্যবিধি), সিপিসি (দেওয়ানি কার্যবিধি), হাইকোর্ট রুলস্, বিভিন্ন সরকারি গেজেট, পেনাল কোডের (দণ্ডবিধি) মতো অসংখ্য সরকারি ও অতি গুরুত্বপূর্ণ প্রকাশনার নকল কপির পসরা সাজিয়ে বিক্রি করছেন। এ ছাড়া যে কোন প্রতিষ্ঠান কোনো ভালো আইনের বই প্রকাশ করলে নীলক্ষেতে এর নকল বই বেরিয়ে যায়। আইন শিক্ষার্থীরা যথার্থ বই হাতে না পেয়ে এসব বই নামের কালিমাখা কাগজ কিনছেন।বাংলাদেশের আইন প্রকাশনার ক্ষেত্রে দেশে প্রচলিত কপিরাইট আইন মারাত্মক লঙ্ঘিত হচ্ছে। ভারতীয় নকল বই, সরকারি প্রকাশনা ফটোকপি করে মুদ্রণ, বাংলাদেশের সংবিধানের নকল কপি, এমনকি বাংলাদেশে প্রকাশিত কোনো বই কিছু দিন বাজারে না থাকলে নীলক্ষেতে তার ফটোকপি বিক্রি শুরু হয়।যদিও বাংলাদেশে ২০০০ সালে কপিরাইট আইন পাস ও ২০০৫ সালে সংশোধন করে এ আইনকে অধিক শক্তিশালী করা হয়েছে। এ আইনের বিধিমতে সব ধরনের সৃষ্টিশীল কর্মই কর্মের স্রষ্টা বা রচয়িতার অনুমতি ছাড়া কপি বা পুনরুত্পাদন করা, তা বাণিজ্যিক বা ব্যক্তিগত যে পর্যায়েরই হোক না কেন, তা কপিরাইট ধারণা, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক চুক্তি, দেশীয় আইন, নৈতিকতা ও ইতিবাচক বোধের চরম পরিপন্থী।এ সব কিছুকে তোয়াক্কা না করে আইন প্রকাশনার নামে এসব বেআইনি কাজ চলছে অবিরাম। হয়তো অসাধু আইনি বইয়ের প্রকাশকদের আগামী প্রজন্ম কপিরাইটে বর্ণিত সাহিত্যকর্মের স্বত্ব লেখকের উত্তরাধিকারীদের ৫০ বছর পাওয়ার মতো তারাও তাদের এ অপকর্ম প্রজন্মান্তরে করার অধিকার পাবে বলে বিশ্বাস করবে।তবে আশার বিষয় হচ্ছে, সরকার ইতিমধ্যে কপিরাইট টাস্কফোর্স গঠন করে এ বিষয়ক অপরাধের বিচার দ্রুত নিষ্পন্ন করার উদ্যোগ নিয়েছে। একুশে বইমেলাতে টাস্কফোর্স বসানো হয়েছে । ভ্রাম্যমাণ আদালত অধ্যাদেশ ২০০৯ এর তফসিলে কপিরাইট লঙ্ঘনের বিষয়টি অন্তর্ভুক্ত করার জন্য মন্ত্রণালয় পর্যায়ে উদ্যোগ নেওয়া হয়েছে। বিভিন্ন সংগঠন যারা মানবাধিকার, নারী, তথ্যবিষয়ক বিভিন্ন বিষয় নিয়ে কাজ করে, তারা আইনি প্রকাশনায় তত্পর হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইনের শিক্ষক ড. মিজানুর রহমান স্কুলের শিক্ষার্থীদের জন্য প্রতিদিনের আইন নামের স্কুল পর্যায়ে আইন শিক্ষা ও প্রকাশনার কাজ শুরু করছেন। আইন ও সালিস কেন্দ্রের জনস্বার্থে মামলা, আইনে নারী নির্যাতন, ধর্ষণ-পরবর্তী আইনি লড়াই ইত্যাদি বই পাঠক মহলে জনগুরুত্বপূর্ণ প্রকাশনা হিসেবে স্বীকৃত হয়েছে। এ ছাড়া ব্যক্তিমালিকানাধীন প্রকাশনা সংস্থা ইউপিএল, নিউ ওয়ার্সি বুক করপোরেশন, কামরুল বুক হাউস, আলীগড় লাইব্রেরি, খোশরোজ কিতাব মহল, অনুপম জ্ঞানভান্ডার ও পলল প্রকাশনী আইনের কিছু সংখ্যক মানসম্পন্ন বই প্রকাশ করে যাচ্ছে।মানুষ বাস্তবতার প্রয়োজনেই আইন জানতে চায়। ফলে আইনের টুকিটাকি, প্রাত্যহিক আইন, নিত্যদিনের আইন, চলার পথে আইন—এ বইগুলোর ব্যাপ্তি বৃদ্ধি হচ্ছে। এখন তথ্যের অবাধ প্রবাহে আইনি প্রকাশনার প্রতি সাধারণ মানুষ আগ্রহী। ২০২১ সালের বাংলাদেশের রূপকল্প বাস্তবায়নে সৃজনশীল জনগোষ্ঠী গড়তে জনগণের আইনি সচেতনতা জরুরি।বাংলাদেশর আইন প্রকাশনার ক্ষেত্রে সবচেয়ে বেশি ভূমিকা রাখতে পারেন বিশ্ববিদ্যালয় পর্যায়ে আইনের শিক্ষক, বিচারক ও আইন বিশেষজ্ঞরা। তাঁরা স্বপ্রণোদিত হয়ে আইনবিষয়ক বই অধিক পরিমাণে লিখলে আইনি প্রকাশনা সমৃদ্ধি পাবে। সমাজের এ দায়িত্বশীল অংশটিকে ভুলে গেলে চলবে না। মিথ্যার জয় তখনই হয়, যখন সত্য চুপচাপ বসে থাকে। আইন প্রকাশনার ক্ষেত্রে দায়িত্বশীল অংশ নীরব থাকলে আইনি প্রকাশনায় অরাজকতা দিনদিন বেড়ে চলবে । লেখক  প্রকাশক ও গবেষক