আইনি লড়াইয়ে থাকছেন ইউনূস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদ থেকে অব্যাহতির বৈধতা চ্যালেঞ্জ করে ড. ইউনূসের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে গ্রামীণ ব্যাংকের নয় পরিচালকের রিট আবেদনও খারিজ করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।নোবেল বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূস আইনি লড়াই চালিয়ে যাবেন বলে তাঁর আইনজীবীরা জানিয়েছেন। রিট আবেদন খারিজ হওয়ায় দুঃখ প্রকাশ করেছে গ্রামীণ ব্যাংক। জানিয়েছে, আইনজীবীর পরামর্শ অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।অ্যাটর্নি জেনারেল মাহ্বুবে আলম বলেন, রিট দুটি খারিজ করে দিয়েছেন আদালত। ফলে বাংলাদেশ ব্যাংকের আদেশ বৈধ বলে গণ্য হবে। রিট আবেদনকারীর আইনজীবী সারা হোসেন জানিয়েছেন, হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করার সিদ্ধান্ত হয়েছে। আজ আবেদন করা হতে পারে।কেন্দ্রীয় ব্যাংক গত ২ মার্চ এক আদেশে গ্রামীণ ব্যাংকের এমডির পদ থেকে মুহাম্মদ ইউনূসকে অব্যাহতি দেয়। তারও আগে গত ২৮ ফেব্রুয়ারি প্রধান নির্বাহী সম্পর্কিত গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ-১৯৮৩-এর ১৪(১) ধারার বিধান অনুযায়ী মুহাম্মদ ইউনূসের এমডি পদে বহাল থাকা আইনগতভাবে বৈধ নয় উল্লেখ করে বাংলাদেশ ব্যাংক। অব্যাহতির আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে অধ্যাপক ইউনূস ও গ্রামীণ ব্যাংকের নয়জন পরিচালক বাংলাদেশ ব্যাংকের আদেশকে চ্যালেঞ্জ করে দুটি রিট আবেদন করেছিলেন ৩ মার্চ। তিন দিন শুনানি শেষে গতকাল আদেশ দেওয়া হয়। গতকাল দুপুর দুইটা পাঁচ মিনিট থেকে তিনটা নয় মিনিট পর্যন্ত আদেশ দেন আদালত। এর আগে দুইটায় এজলাসে আসেন বিচারপতিরা। এ সময় আদালতে রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, বাংলাদেশ ব্যাংকের পক্ষে আইনজীবী তৌফিক নেওয়াজ এবং আবেদনকারীর পক্ষে আইনজীবী সারা হোসেন ও তানিম হোসাইন উপস্থিত ছিলেন।আদেশে বলা হয়, গ্রামীণ ব্যাংক অধ্যাদেশ, ‘রেজুলেশন ও রেগুলেশন পরীক্ষা করে আমাদের অভিমত হচ্ছে যে, ৬০ বছরের বয়সসীমা গ্রামীণ ব্যাংকের প্রতিটি কর্মকর্তা-কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। রিট আবেদনকারীর (ড. ইউনূস) ক্ষেত্রেও এটা প্রযোজ্য। যেহেতু তিনি গ্রামীণ ব্যাংকের একজন কর্মকর্তা। আমরা পরীক্ষা করে দেখেছি, ১৯৯৯ সালেই মুহাম্মদ ইউনূসের ৬০ বছর পূর্ণ হয়। ৬০ বছর পূর্ণ হওয়ায় আবেদনকারীর চাকরিতে থাকার আর কোনো বৈধ অধিকার ছিল না। ওই সময় গ্রামীণ ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় সিদ্ধান্ত নেওয়া হয় যে, পরিচালনা পর্ষদ যত দিন পর্যন্ত চাইবেন তত দিন ড. ইউনূস ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব পালন করে যাবেন। এ সিদ্ধান্তের ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেওয়া হয়নি। ব্যাংক কোম্পানি আইনের বিধান অনুসারে বাংলাদেশ ব্যাংকের কারও বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার এখতিয়ার রয়েছে। তাই পরিচালনা পর্ষদের সিদ্ধান্তের কোনো আইনগত ভিত্তি নেই। তাই আবেদন খারিজ করা হলো। অপর রিটের ক্ষেত্রেও অনুরূপ আদেশ দেওয়া হয়।’ আদেশের পরপরই দুই বিচারপতি এজলাস ত্যাগ করেন।আইনের শাসন প্রতিষ্ঠিত হবে: আদেশের পর রিট আবেদনকারীর আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ এক প্রতিক্রিয়ায় বলেছেন, ‘আমি আজ (মঙ্গলবার) আদালতকক্ষে যাইনি। কিন্তু আমি জেনেছি ড. ইউনূসের আবেদন সরাসরি খারিজ করা হয়েছে। আমাদের শঙ্কা ছিল, যা সোমবার আদালতে প্রকাশ্যে বলেছিলাম। মুহাম্মদ ইউনূস আমাকে জিজ্ঞাসা করেছিলেন, পরামর্শ দিয়েছি আপিল করার জন্য এটা ভালো মামলা। রায় পাওয়ার পর মন্তব্য করতে পারব।’ তিনি প্রথম আলোকে বলেন, মুহাম্মদ ইউনূস আপিল করার জন্য প্রস্তুতি নিতে বলেছেন।রোকনউদ্দিন মাহমুদ বলেন, অনেক মামলা হাইকোর্টে সরাসরি খারিজ হয়, কিন্তু আপিল বিভাগে চূড়ান্তভাবে টিকে গেছে। এর বড় উদাহরণ হচ্ছে অষ্টম সংশোধনী মামলা। তিনি বলেন, তাঁর পূর্ণ আস্থা রয়েছে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে। আদেশের পর আইনজীবী সারা হোসেন প্রথম আলোকে বলেন, ‘আজ আমাদের জন্য একটি দুঃখের দিন। বাংলাদেশ ব্যাংক একজন সম্মানিত লোককে অসম্মানিত করল। আমাদের আশা ছিল, প্রতিকার পাব। কয়েক দিনের শুনানিতে আমাদের বিভিন্ন ধরনের আশঙ্কা তৈরি হয়। রায়ের মাধ্যমে এটা পূরণ হলো।’ আদেশে বলা হয়েছে মুহাম্মদ ইউনূস ১৯৯৯ সাল থেকে অবৈধভাবে রয়েছেন। এর মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের দেওয়া নোটিশকে বৈধতা দেওয়া হয়েছে। নিয়মানুযায়ী রুল জারি করে শুনানি করতে হয়। রুলের পূর্বে তিন দিন শুনানি করা অদ্ভুত ও অস্বাভাবিক।অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, ‘বাংলাদেশ ব্যাংক গ্রামীণ ব্যাংক বরাবরে দুটি চিঠি দিয়েছিল। এর বৈধতা চ্যালেঞ্জ করে করা দুটি রিট আবেদন আদালত খারিজ করে দিয়েছেন। ফলে বাংলাদেশ ব্যাংক যে দুটি চিঠি দিয়েছিল, তা বৈধ বলে গণ্য হবে। ১৯৮৩ সালে সরকার ড. ইউনূসকে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক পদে নিয়োগ দেয়। পরে আইন সংশোধন হয়। এ নিয়োগের ক্ষমতা দেওয়া হয় ব্যাংকের পরিচালনা পর্ষদকে। ১৯৯০ সালে পরিচালনা পর্ষদ তাঁকে নিয়োগ দেয়। এ ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংককে অবহিত করা হয়নি। তবে ১৯৯৩ সালের রেগুলেশন অনুযায়ী গ্রামীণ ব্যাংকের যেকোনো কর্মকর্তা-কর্মচারীর চাকরির বয়সসীমা হবে ৬০ বছর। ১৯৯৯ সালেই তাঁর ৬০ বছর পূর্ণ হয়। অথচ এর পরও পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত অনুযায়ী তিনি অনির্দিষ্ট মেয়াদে দায়িত্ব পালন করে যান। এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন নেওয়া হয়নি। কোনো ব্যক্তির চাকরির বয়সসীমা থাকবে না, এটা হতেই পারে না।’শুনানির অংশবিশেষ: আদালতে রিট আবেদনকারীর পক্ষে আইনজীবী ড. কামাল হোসেন, মাহমুদুল ইসলাম ও রোকনউদ্দিন মাহমুদ শুনানি করেন। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে বলা হয়, কোনো ধরনের আত্মপক্ষ সমর্থন ছাড়াই আবেদনকারীকে (ইউনূস) এমডির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তাঁর (ইউনূস) নিয়োগের ক্ষেত্রে পূর্বানুমতি নেওয়া হয়নি—বাংলাদেশ ব্যাংকের এমন বক্তব্য সঠিক নয়। ১৯৯০ সালের আগস্ট মাসে গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে পূর্বানুমতি দেয় বাংলাদেশ ব্যাংক। এর মধ্যে মুহাম্মদ ইউনূসকে নতুন করে নিয়োগ দেওয়া হয়নি। ফলে ওই অনুমোদন বহাল আছে। ৬০ বছরের বিধান ড. ইউনূসের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। কারণ তিনি নিয়োগ পেয়েছিলেন ১৯৯০ সালে। আর এ-সংক্রান্ত বিধান হয়েছে ১৯৯৩ সালে। এ ছাড়া গ্রামীণ ব্যাংকে ব্যবস্থাপনা পরিচালক নিয়োগ দেওয়ার ক্ষমতা ব্যাংকের পরিচালনা পর্ষদের। এখানে বাংলাদেশ ব্যাংকের কোনো ক্ষমতা নেই।