প্রধান বিচারপতি মো. ফজলুল করিম বলেছেন, বিভিন্ন আইনে নারীর প্রতি বৈষম্য করা হয়েছে। তা ছাড়া সামাজিক নানা কারণেও নারীরা সার্বিক ক্ষমতায়ন অর্জন করতে পারেনি। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ শনিবার ব্যারিস্টার রাবেয়া ভূঁইয়ার লেখা ‘জেন্ডার অ্যান্ড ট্রাডিশন ইন ম্যারেজ অ্যান্ড ডিভোর্স অ্যান অ্যানালাইসিস অব দ্য পারসোনাল লজ অব মুসলিম অ্যান্ড হিন্দু ইউমেন ইন বাংলাদেশ’ বইয়ের প্রকাশনা অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এর আগে তিনি বইটির মোড়ক উন্মোচন করেন। ইউনেস্কো বাংলাদেশ বইটি প্রকাশ করেছে।প্রধান বিচারপতি বলেন, সরকার জাতিসংঘের নারীর প্রতি সব ধরনের বৈষ্যম্য বিলোপ সনদ বা সিডও সনদ অনুমোদন করলেও নারীরা সম-অধিকার পাচ্ছে না। বাল্যবিবাহ, স্বামীর নির্যাতনসহ নানা ক্ষেত্রে তারা নির্যাতনের শিকার হচ্ছেন।অনুষ্ঠানে তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ বলেন, সংবিধানে নারীর সম-অধিকার দেওয়া হলেও নারীরা তা উপভোগ করতে পারছে না। গ্রামাঞ্চলের নারীদের অহরহ নির্যাতনের শিকার হতে হচ্ছে। অবহেলিত নারীদের উদ্ধার করতে হবে। বেআইনি ফতোয়ার শিকার হচ্ছে নারীরা। বিবাহব্যবস্থার মাধ্যমে নারীরা বৈষম্যের শিকার হচ্ছে। ভারতে হিন্দু আইন পরিবর্তিত হয়েছে কিন্তু বাংলাদেশে এখনো পরিবর্তিত হয়নি। সম্পত্তিতে নারী-পুরুষের সমতা থাকা উচিত।প্রকাশনা অনুষ্ঠানে প্রথম নারী বিচারপতি নাজমুন আরা সুলতানা, সাংসদ আবদুল মতিন খসরু, ইউনেস্কোর আবাসিক প্রতিনিধি মালামা ম্যালেসিয়া, বাংলাদেশ টুড-এর সম্পাদক সৈয়দ সাজ্জাদ আহমেদ প্রমুখ বক্তব্য দেন।