যানবাহন চালানোর সময় মুঠোফোন ও ইয়ারফোন (কানে লাগিয়ে গান শোনার ব্যবস্থা) ব্যবহার মোটরযান আইনে নিষিদ্ধ। এটি অমান্য করলে কারাদণ্ড ও অর্থদণ্ডের বিধানও আছে। কিন্তু এর পরও অনেক চালক যান চালানো অবস্থায় মুঠোফোন ব্যবহার করছেন। এ কারণে দুর্ঘটনাও ঘটছে। সর্বশেষ ঘটেছে গত সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ে।মিরসরাইয়ে যে ট্রাকটি উল্টে ৪১ জন স্কুলশিক্ষার্থীসহ ৪৪ জনের প্রাণহানি ঘটেছে, সেই ট্রাকের চালকের আসনে তখন বসা ছিল চালকের সহকারী; কথা বলছিল মুঠোফোনে।আইন ভাঙার এ প্রবণতা রোধে কার্যকর কোনো উদ্যোগ নেই, নেই আইনের প্রয়োগ। বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) বলছে, এই আইন প্রয়োগ করার দায়িত্ব পুলিশের। আর পুলিশ বলছে, এ বিষয়ে তারা উদ্যোগ নেবে।মোটরযান বিধি, ১৯৪০-এর ১১৫ ধারায় যানবাহন চালানো অবস্থায় ইয়ারফোন ব্যবহার নিষিদ্ধ করা হয়। এই বিধি ১৯৮৩ সালে মোটরযান অধ্যাদেশে পরিণত হয়। বিআরটিএ ২০০৭ সালে অধ্যাদেশের এ-সংক্রান্ত ধারা সংশোধন করে ইয়ারফোনের সঙ্গে মুঠোফোন ব্যবহারও নিষিদ্ধ করে। আইন অনুযায়ী, কোনো চালক যান চালানো অবস্থায় মুঠোফোন বা ইয়ারফোন ব্যবহার করলে তাঁর এক মাসের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা অথবা উভয় দণ্ড হবে।এ প্রসঙ্গে সড়ক দুর্ঘটনা গবেষণা ইনস্টিটিউটের পরিচালক ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) অধ্যাপক শামসুল হক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে জানান, যানবাহন চালানো অবস্থায় চালকের মুঠোফোন ব্যবহার বেআইনি। চলন্ত যানে চালকের মুঠোফোন ব্যবহার বন্ধে আইন প্রয়োগের পাশাপাশি তিনি আরোহী ও যানের মালিককে উদ্যোগী ও সচেতন হওয়ার পরামর্শ দেন।হাইওয়ে পুলিশের উপমহাপরিদর্শক (ডিআইজি) আবদুস সালাম বলেন, বিভিন্ন অপরাধে হাইওয়ে পুলিশ প্রতি মাসে গড়ে ২৫ লাখ টাকা জরিমানা আদায় করে। চলন্ত অবস্থায় চালকের মুঠোফোনের ব্যবহার বন্ধে জোরালো অভিযান চালানো হবে। তিনি আরও বলেন, শুধু মামলা দিয়ে কাজ হবে না। চালক, মালিক ও যাত্রী—সবাইকে এ বিষয়ে সচেতন হতে হবে। মুঠোফোন ব্যবহার করলে প্রতিবাদ করতে হবে।ট্রাকে যাত্রী বহনের নিয়ম নেই: ট্রাক বা মালবাহী যানে যাত্রী বহন নিষিদ্ধ হলেও তা মানা হচ্ছে না। মিরসরাইয়ে দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে গাদাগাদি করে শিক্ষার্থীদের বহন করা হয়েছে।বিআরটিএ সূত্র জানায়, নিবন্ধনের সময় দেওয়া ব্লু-বুকে ট্রাক বা পণ্যবাহী যানে চালকসহ সর্বোচ্চ তিনজন আরোহণ করতে পারবে বলে উল্লেখ থাকে। এ তিনজন হলেন চালক, চালকের সহকারী ও বহন করা পণ্যের মালিক। সহকারী ও পণ্যের মালিক বসবেন চালকের পাশে। পণ্য পরিবহনের স্থানে যাত্রী বহন করা যাবে না। তবে পণ্যবাহী যানে যাত্রী বহনের দায়ে মোটরযান আইনে প্রত্যক্ষ শাস্তির বিধান রাখা হয়নি।মোটরযান অধ্যাদেশের ৯৭(২) ধারায় বলা হয়, আসন ছাড়া কোনো যানবাহনে যাত্রী তোলা যাবে না। কেউ আসন ছাড়া অরক্ষিত অবস্থায় যাত্রী বহন করলে পুলিশের উপপরিদর্শক বা এর ওপরের পদধারী কর্মকর্তা ওই যাত্রীদের নামিয়ে দিতে পারবেন। প্রয়োজনে ওই যান আটক রাখাও যাবে।শামসুল হক ট্রাকে যাত্রী বহনকে বেআইনি উল্লেখ করে বলেন, ট্রাক না হয়ে বাস হলে মিরসরাইয়ে এত প্রাণহানি হতো না। কারণ, বাস তৈরি করা হয় এমন নকশায়, যাতে বসা বা দাঁড়ানো অবস্থায় যাত্রীরা ভারসাম্য রক্ষা করতে পারে। দুর্ঘটনাকবলিত হয়ে বাসটি উল্টে গেলেও তা থেকে বের হওয়ার সুযোগ থাকে। কিন্তু ট্রাক উল্টে গেলে আরোহীরা চাপা পড়ে মারা যায়। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু সেতু এলাকায় বেশ কিছু দুর্ঘটনার তদন্ত করতে গিয়ে তাঁরা দেখেছেন, ট্রাকে পণ্যের সঙ্গে যাত্রী বহন করা হয়েছে। অনেক ক্ষেত্রে পণ্য ছাড়া শুধু যাত্রীও বহন করার তথ্য পেয়েছেন তাঁরা।চালকের মুঠোফোন ব্যবহার বন্ধের দাবি: চলন্ত অবস্থায় যানবাহনের চালকের মুঠোফোন ব্যবহার বন্ধের দাবি জানিয়েছে কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) চট্টগ্রাম শাখা ও চট্টগ্রাম জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদ। গতকাল এক বিবৃতিতে সংগঠন দুটি এ দাবি জানায়। বিবৃতিতে সোমবার মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থীদের মৃত্যুতে শোকও প্রকাশ করা হয়।বিবৃতিতে বলা হয়, আঞ্চলিক পরিবহন কমিটিসহ সব তদারক কমিটি নিয়ন্ত্রণ করে পরিবহন মালিক ও শ্রমিকেরা।