আইনের কথা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তানজিম আল ইসলামের আইনের কথা বইটিতে উঠে এসেছে পারিবারিক বিষয়, জমিজমা বিষয়,পার্বত্য বিচারব্যবস্থা, চুক্তি দায় থেকে শুরু করে বিচার বিভাগের দীর্ঘসূত্রতার পথ ধরে আদালতের ভাষা প্রসঙ্গ। প্রয়োজনীয় অনুষঙ্গ হিসেবে আছে বিয়ে-তালাক, অভিভাবকত্ব, দখল উদ্ধার, ইজারা, জাল দলিল, বাড়ি ভাড়া, জামিন শুনানি, আইন সংস্কারের খুঁটিনাটি। সেদিক দিয়ে আইনের কথা আর কথা থাকেনি, হয়ে গেছে প্রাত্যহিক আইনি সমস্যা ও সম্ভাবনার প্রতিবিম্ব।তানজিমের লেখাগুলোর বেশির ভাগই পত্রিকায় প্রকাশিত হয়েছে ইতিপূর্বে। তানজিম সে লেখাগুলোতে আরও কিছু কারুকাজ করেছেন, একটি পুস্তক পাঠের স্বাদ আনার মানসে। কারণ আইনের নতুন ছাত্র ও আইনের বাইরের মানুষ আলোচিত বিষয়গুলোর ভেতরে প্রবেশের সহজ তাগিদ অনুভব করবেন। আইনের কথা থেকে একটা বড় লাভ হবে, উঠতি গবেষকদের অনেক তথ্যের দায় ও দোহাই নিতে পারবে বইটি। আইনের কথা বইটিতে বিষয়ভিত্তিক আইনের অনেক বাস্তবিক ত্রুটি খোলসমুক্ত হয়েছে। উপরি হিসেবে আছে দৃষ্টি আকর্ষণী কিছু সুপারিশও। সচরাচর প্রচলিত আইনি বই এটা নয়, আইন উপলব্ধির একটা প্রচেষ্টা। তানজিম ফতোয়ার বিরুদ্ধে জুতসই বলেছেন, ‘ফতোয়া এখন ব্যবহূত হচ্ছে গণতন্ত্র উন্নয়ন ও মানবাধিকারের বিরুদ্ধে।’ বর্তমান বিচারিক সক্রিয়তার যুগে আমরা ২০০১ সালের হাইকোর্টের ঐতিহাসিক ফতোয়াবিরোধী রায়টি হিমাগার থেকে বের করা হোক—সে প্রার্থনা করি।আইনের কথা সমাজের প্রতিচিত্র হিসেবে উপস্থাপিত একটি রেখাচিত্র। ঐতিহ্য সংরক্ষণের কথাও এসেছে বইটিতে আলতোভাবে। আমাদের ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির মূল কাঠামো সংরক্ষণে সরকারসহ আমরা সবাই সাংবিধানিকভাবে বাঁধা। সামাজিক নিরাপত্তা (যেমন বয়স্কদের অধিকার), কপিরাইট (যেমন গানের লেখক ও সুরকারের রয়্যালটি) ইত্যাদি বিষয়ের লেখাদুটি আইনের কথায় নতুন মাত্রা যোগ করেছে। বইটির ভূমিকায় আইন কমিশনের চেয়ারম্যান বিচারপতি মো.আবদুর রশিদ লিখেছেন, ‘দৈনন্দিন জীবনে যেমন পারিবারিক ও জমিজমা নিয়ে যে বিষয়গুলো সাধারণ জনগণের কাজে লাগে এবং জানা উচিত তা হাতের নাগালে পাওয়া যায় না। এ দিক থেকেও বইটি সাধারণ পাঠকের চাহিদা মেটাবে।’ এ মতের সঙ্গে আমার সায় থাকলো ।এস এম মাসুম বিল্লাহ লেখক  সহকারী অধ্যাপক, আইন বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়