আইনের খসড়া প্রণয়নের কাজ চূড়ান্ত
সাবেক আইনমন্ত্রী ও সদস্য, আইন ও বিচার-বিষয়কমন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় কমিটিবিচারপতি নিয়োগের জন্য সংবিধানের ৯৫(২)(গ) অনুচ্ছেদ অনুযায়ী যে আইনের বলে যোগ্যতার ভিত্তি নির্ধারণ করার কথা বলা হয়েছে, ওই আইন প্রণয়নে কাজ শুরু করেছি। আইন ও বিচার-সংক্রান্ত সংসদীয় কমিটির উপকমিটি হিসেবে আমার নেতৃত্বে এ আইনের খসড়া প্রণয়নের কাজ প্রায় চূড়ান্ত। আগামী সভাতেই এ সংক্রান্ত খসড়াটি মূল কমিটিতে উপস্থাপন করব। আইনটি আমাদের বহু আকাঙ্ক্ষিত। এটি অনেক আগেই করা উচিত ছিল। উচ্চ আদালতে যোগ্যতম বিচারপতি নিয়োগের ক্ষেত্রে এ আইনের বিকল্প নেই। সংবিধানই এ আইন প্রণয়নে বাধ্যবাধকতা দিয়েছে। আমরা খসড়াতে বিচারপতি নিয়োগে শিক্ষাগত যোগ্যতা, সততা ও দক্ষতা নির্ধারণের বিষয়টিকে প্রাধান্য দিয়েছি। আশা করি, এ আইন কার্যকর হলে বিচারপতি নিয়োগে যে অভিযোগগুলো পাওয়া যায়, তা নিরসন হবে। মাসদার হোসেন মামলার রায়ের আলোকে সুপ্রিম কোর্টের কার্যকর পরামর্শের ভিত্তিতে বিচারপতি নিয়োগের বিষয়টি খসড়াতে রাখা হয়েছে। আমরা ভারতসহ অন্যান্য দেশের বিচারপতি নিয়োগের পদ্ধতি নিয়ে পর্যবেক্ষণ করেছি। ভারতে প্রধান বিচারপতি এবং তার অধস্তন আপিল বিভাগের দুজন বিচারপতি নিয়ে কলিজিয়াম বিচারপতি নিয়োগে সুপারিশ করা হয়। আমাদের সুপ্রিম কোর্টেও এ রকম কলিজিয়ামের মাধ্যমে বিচারপতি নিয়োগে সুপারিশ করা হবে। আমরা বিষয়টি খসড়াতে রেখেছি।বিচারপতি নিয়োগের সংখ্যা নির্ধারণের বিষয়টি নিয়েও আমরা ভাবছি। তবে মামলার সংখ্যা এবং নিষ্পত্তির পরিসংখ্যানের ভিত্তিতে প্রয়োজন সাপেক্ষে বিচারপতির সংখ্যা নির্ধারণ করাটাই উপযুক্ত বলে মনে করি। এতেও সুপ্রিম কোর্টের পরামর্শ অনুযায়ী রাষ্ট্রপতি তা নিয়োগ দেবেন। মওদুদ আহমদ যদি এ সংক্রান্ত কোনো বিল উত্থাপন করতে চান তাহলে সংসদীয় কমিটিতে বিরোধীদলীয় যে সদস্য আছেন, তাঁর মাধ্যমে কমিটিতে প্রেরণ করতে পারেন।