আইনের চোখে তারেক পলাতক: কামরুল
আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেছেন, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান একজন ফেরারি আসামি। তারেক রহমানকে পলাতক দেখিয়ে তাঁর বিরুদ্ধে করা মানি লন্ডারিং মামলা পরিচালিত হচ্ছে। সুতরাং তিনি আইনের চোখে পলাতক। আজ শুক্রবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় গণগ্রন্থাগার মিলনায়তনে এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী এসব কথা বলেন। প্রতিমন্ত্রী বলেন, তারেক রহমানকে ফিরিয়ে আনতে কীভাবে ওয়ারেন্ট (পরোয়ানা) জারি করা যায়, সে বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে।কামরুল ইসলাম বলেন, তারেক রহমান লন্ডনে বসে সরকারের বিরুদ্ধে ধৃষ্টতামূলক কথাবার্তা বলছেন। একজন পলাতক আসামি এ রকম কথাবার্তা বলতে পারেন না। তিনি বলেন, ‘পত্রপত্রিকার মাধ্যমে তাঁর (তারেক রহমান) অবস্থান সম্পর্কে আমরা নিশ্চিত হয়েছি। তাই প্রয়োজনে আদালত ইন্টারপোলের মাধ্যমে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে তাঁর বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে।’আইনমন্ত্রী বলেন, হেফাজত ও বিএনপিকে আলাদা করে দেখার সুযোগ নেই। তারা এক। তাদের বিরুদ্ধে একাত্তরের মতো ঐক্যবদ্ধ হয়ে প্রতিরোধ গড়ে তুলতে হবে। আলোচনা সভায় সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সভাপতি মোবারক আলী শিকদার। উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের নেতা এনামুল হক, ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম, সাধারণ সম্পাদক অরুণ সরকার প্রমুখ।