আইনের নিশান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইন সবকিছুর ঊর্ধ্বে—এটাই আইনের শাসনের মূল কথা। রাষ্ট্রের সবকিছুই আইন অনুযায়ী চলবে, কেউই আইনের ঊর্ধ্বে নয়। বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। কিন্তু এ হত্যা মামলার বিচার পেতে আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। অনেক চড়াই-উতরাই পার হতে হয়েছে। যেকোনো হত্যা মামলার ক্ষেত্রেই থানায় এজাহার করতে হয় বা মামলা করতে হয়। এর পরিপ্রেক্ষিতে তদন্ত হয় এবং ফলে অভিযোগপত্র আসে কিংবা চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হয়। এর মানে হচ্ছে মামলা দায়ের করতে হবে, ফলাফল যা-ই আসুক। বঙ্গবন্ধু হত্যা মামলার ক্ষেত্রে আমরা দেখেছি, দীর্ঘ সময়েও মামলা দায়ের হয়নি। বরং খুনিদের বিভিন্ন পদে পদায়ন করে পুরস্কৃত করা হয়েছে। এটি পৃথিবীর ইতিহাসে একটি লজ্জাজনক দৃষ্টান্ত। আমরা দেখলাম, বঙ্গবন্ধুর সপরিবারে হত্যাকাণ্ডের ২১ বছর পর্যন্ত কোনো এজাহার দায়ের হয়নি। এর মধ্যে গণতন্ত্রের জন্য লড়াই হয়েছে, সাধারণ নির্বাচন সম্পন্ন হয়েছে কিন্তু জাতির জনকের হত্যা মামলার কোনো মামলা করা হয়নি। ’৯৬ সালে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর মামলার এজাহার দায়ের হয়। তিন মাস তদন্তের পর অভিযোগপত্র হলো। তারপর বিচার শুরু হলো। কিন্তু দুঃখজনক অধ্যায় হচ্ছে, সর্বোচ্চ আদালতের সাতজন বিচারপতি বিব্রত হয়েছেন এ মামলার বিচার করতে। অন্য কোনো মামলায় তাঁদের বিব্রত হতে দেখিনি। বিএনপির শাসনামলেও শুধু বিচারপতি সংস্কারের কারণে দীর্ঘদিন বিচার-প্রক্রিয়া সম্ভব হয়নি। অবশেষে দীর্ঘ প্রতীক্ষার রায় এল ২০০৯ সালে সর্বোচ্চ আদালত থেকে। রায় অনুযায়ী খুনিদের মৃত্যুদণ্ড কার্যকর হলো। প্রমাণিত হলো, কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়। কোনো অপরাধ করলে অপরাধীর বিচার হতেই হবে, হয়তো অনেক সময় পার করতে হয় কিন্তু বিচারের দ্বারগোড়ায় তার আসতেই হবে। বঙ্গবন্ধুর পরিবার, দেশের জনগণ—সবাই দীর্ঘ প্রতীক্ষা করেছে এই রায়ের জন্য। এখনো যাদের মৃত্যুদণ্ড কার্যকর হয়নি, অর্থাৎ যারা দেশের বাইরে বিভিন্ন দেশে পলাতক রয়েছে, তাদের ফিরিয়ে আনার ক্ষেত্রে রাষ্ট্রই চেষ্টা করছে। এ খুনিদের প্রশ্রয় দেওয়ার ক্ষেত্রে এসব দেশের মদদ ছিল বলেই মনে হচ্ছে। বিচারের দীর্ঘসূত্রের কারণে যে ক্ষতি হয়েছে, তা হচ্ছে খুনিরা বিভিন্ন দেশে নিজেদের প্রতিষ্ঠা করার সুযোগ পেয়েছে। সময়ক্ষেপণের সদ্ব্যবহার করেছে। আমরা এখন বুঝতে পারি, কেন বিচার-প্রক্রিয়া শুরু করতে সময়ক্ষেপণ করা হয়েছে। এর পেছনে কী কারণ ছিল, আমাদের কাছে তা এখন স্পষ্ট হয়ে গেছে। মামলার বিচারের দীর্ঘসূত্রের কারণে আরেকটি ক্ষতি হয়েছে, যেটা বিশ্বে এখন মৃত্যুদণ্ডের শাস্তি বাতিলের জন্য প্রচারণা শুরু হয়েছে। অনেক দেশ মৃত্যুদণ্ডাদেশের বিপক্ষে অবস্থান নিয়েছে। আমাদের দেশে যেহেতু মৃত্যুদণ্ড আছে, তাই বাকি আসামিদের ফেরত দিতে সেই রাষ্ট্রগুলো আগ্রহ দেখাচ্ছে না। আমার প্রয়াত বাবা সিরাজুল হক বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের পেছনে সবচেয়ে অগ্রগামী ভূমিকা পালন করেছেন। আর এ মামলাটিই তাঁর জীবনের পরিচালিত শেষ মামলা। তাঁর মৃত্যুর পর আমি এ মামলা পরিচালনার ভার নিই। সিরাজুল হক শুধু মামলা পরিচালনাকারী আইনজীবীই ছিলেন না, তিনিই একমাত্র ব্যক্তি, যিনি ১৯৭৫ সালের অক্টোবর মাসে বঙ্গভবনে খুনিদের সামনে এ হত্যাকাণ্ডের প্রতিবাদ করেছেন এবং জবাবদিহি চেয়েছেন। তিনি খোন্দকার মোশতাককে রাষ্ট্রপতি মানেন না বলেও জানিয়েছিলেন। খুনিরাও এ কথা স্বীকার করে গেছে। আজকে এ হত্যা মামলার বিচারের রায়ে তাঁর অবদানই সবচেয়ে বেশি বলে মনে করি। আমি চাই, বঙ্গবন্ধু হত্যা মামলার বিচারের দৃষ্টান্ত জেলহত্যা মামলার ক্ষেত্রে প্রতিফলিত হবে। এ হত্যা মামলা নিয়েও অনেক ষড়যন্ত্র হয়েছে। আমরা এখন আপিল বিভাগে পূর্ণাঙ্গ বিচারের জন্য দ্বারস্থ হয়েছি। আমরা আইনের শাসনের আরেক মাইলফলক দৃষ্টান্ত দেখার অপেক্ষায় আছি। আনিসুল হক: আইনজীবী