আইনের পরিভাষা: সাধারণের ভুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের দেশের নিম্ন আদালতে মূলত বাংলা ভাষার প্রাধান্যই বেশি। আরজি, জবাব, আপত্তি, নালিশ, সোলেনামা এবং বিভিন্ন দরখাস্ত সাধারণত বাংলা ভাষায়ই লেখা হয়। বিচারকেরা আদেশ ও রায় বাংলায়ই প্রণয়ন করেন। ইদানীং উচ্চ আদালতগুলোতেও বাংলা প্রচলনের প্রচেষ্টা লক্ষণীয়। পাশাপাশি নিম্ন আদালতের কিছু নবীন বিচারকের মধ্যে মানানসই হোক আর না হোক জোর করে ইংরেজিপ্রীতি প্রদর্শনের ঝোঁক খেয়াল করার মতো। ভুলে গেলে চলবে না, আইন-আদালতে ভিন্ন ভাষা বহাল থাকলে বিচারপ্রার্থীদের দুর্ভোগ বাড়বে ছাড়া কমবে না। উচ্চ আদালতে বিচারপ্রার্থীদের শোষণের অন্যতম হাতিয়ার হচ্ছে ইংরেজি ভাষা। হাইকোর্ট বিভাগে বাংলার আধিক্য যতই বাড়বে, মামলা-মোকদ্দমার খরচের হার ততই কমতে থাকবে। নিম্ন আদালতগুলোর কার্যক্রমে সঠিক, শুদ্ধ ও অভিন্ন বাংলা ভাষা ব্যবহূত না হওয়ায় উচ্চ আদালতগুলোতে বাংলা ভাষার ব্যবহার বিলম্বিত হচ্ছে। আগে বলা হতো, বাংলা পরিভাষার অভাব থাকায় বাংলার বহুল ব্যবহার দুরূহ। এখন সে অবস্থা নেই। উৎসাহী কয়েকজন বিচারপতি বিগত দুই দশকে হাইকোর্টের অনেকগুলো রায় বাংলায় প্রণয়ন করে বাংলা ব্যবহার কঠিন নয় বলে প্রমাণ রেখেছেন। ডিএলআর (ঢাকা ল রিপোর্টস) কর্তৃপক্ষ ইংরেজির পাশাপাশি ১৯৯৬ ও ১৯৯৭ সালের ভলিউম দুটি বাংলায় প্রকাশ করে দেখিয়েছেন বাংলার ব্যবহার অসাধ্য নয়।সংসদ কর্তৃক প্রায় সব নতুন আইনই বাংলা ভাষায় প্রণয়ন করা হচ্ছে। পুরোনো অনেক প্রয়োজনীয় আইনের বঙ্গানুবাদ প্রতিনিয়ত বাজারে আসছে। এ ক্ষেত্রে পথিকৃৎ গাজী শামসুর রহমান। সাবেক প্রধান বিচারপতি, সুলেখক মুহাম্মদ হাবিবুর রহমান ও শিক্ষাবিদ আনিসুজ্জামানের যৌথ লিখিত বৃহদাকারের আইন শব্দকোষ, মো. আবদুল হামিদের আইনকোষ পরিভাষার অভাব পূরণে অনেকটাই সক্ষম। কয়েকটি জাতীয় দৈনিক প্রতি সপ্তাহে এক পৃষ্ঠা, অর্ধপৃষ্ঠাজুড়ে আইন অধিকার বিষয়ে লেখালেখি করে এ পথকে আরও মসৃণ করছে। নিম্ন আদালতগুলোতে বাংলার প্রচলন থাকলেও অভিন্ন বাংলা শব্দ ব্যবহারের প্রতি কাউকে নজর দিতে দেখা যায় না। আইনজীবী ও বিচারকেরা একটু সুনজর দিলেই সারা দেশের নিম্ন আদালতে অভিন্ন বাংলা শব্দ ব্যবহূত হতে পারে এবং আইন-আদালতের কার্যক্রমকে অনেক হূষ্টপুষ্ট করতে পারে। দেওয়ানি ও ফৌজদারি মামলা-সংক্রান্তে পৃথক সুন্দর সুন্দর বাংলা শব্দভান্ডার থাকা সত্ত্বেও আমরা অনেক ক্ষেত্রেই সুনজর না দিয়ে ভিন্ন বিষয়কে ভিন্ন না করে একত্রে গুলিয়ে ফেলি। যেমন—মামলা-মোকদ্দমা শব্দ দুটি বাছবিচার না করেই যখন যেভাবে খুশি ব্যবহার করি। তা না করে যদি যেখানে বিষয় ফৌজদারি সেখানে মামলা এবং যেখানে বিষয় দেওয়ানি সেখানে মোকদ্দমা শব্দ ব্যবহার করি, তাহলে কত সুন্দর হয়। এ ছাড়া ইংরেজি কেস শব্দের বাংলা মামলা এবং ইংরেজি স্যুট শব্দের বাংলা মোকদ্দমা হওয়ায় কার্যত তা-ই নির্দেশ করে। দেওয়ানি ও ফৌজদারি উভয় প্রকৃতির ক্ষেত্রেই আমরা ‘বাদী’ ও ‘বিবাদী’ শব্দ ব্যবহার করি। এটা আদৌ ঠিক নয়। বাদী শব্দ এসেছে ইংরেজি প্লেইনটিফ এবং বিবাদী এসেছে ইংরেজি ডিফেনড্যান্ট শব্দ থেকে। দুটি শব্দই দেওয়ানি প্রকৃতির মোকদ্দমায় প্রযোজ্য। কিন্তু আমরা বিভিন্ন প্রকৃতির নালিশে থানায় দেওয়া এজাহারে বাদী ও বিবাদী শব্দের প্রয়োগ লক্ষ করি। ফৌজদারি বিষয়ে এ দুটি শব্দের ব্যবহার একেবারে বর্জন করা উচিত। আমরা যদি উপলব্ধি করি, যিনি আরজ করেন অর্থাৎ কোনো কিছু দাবি করে আরজি উপস্থাপন করেন, তিনি হলেন বাদী। আর বাদীর অপর পক্ষ বিবাদী। তাহলেই নিশ্চিত হয়ে যেতে পারি, এর সঙ্গে নালিশের, দণ্ডের বা শাস্তির কোনো বিষয় নেই। অর্থাৎ বিষয়টি দেওয়ানি। নির্জলা দেওয়ানি আইন সাহিত্যের শব্দ বাদী ও বিবাদী। এখানে ফৌজদারি-সংক্রান্ত কোনো গন্ধই নেই। অথচ প্রতিদিন আমরা দণ্ড চেয়ে, শাস্তি চেয়ে ফৌজদারি আদালতে যাদের বিরুদ্ধে নালিশ করি, তাদের বিবাদী হিসেবে চিহ্নিত করে নালিশকারীকে বাদী হিসেবে ভ্রান্তভাবে উল্লেখ করি। আমরা আইনজীবী, বিচারকেরা জ্ঞাত এবং অজ্ঞাত নিয়ত এ ভুলটি করায় সাংবাদিকেরা চুটিয়ে সংবাদপত্রে তেমনভাবেই লিখে যাচ্ছেন। ফলে সাধারণের মধ্যে ভুল ধরা পড়ার সুযোগ উপেক্ষিত হচ্ছে। উদাহরণস্বরূপ, ২০১১ সালের ১ আগস্টের একটি দৈনিকের নগর সংস্করণের সপ্তম পৃষ্ঠায় দুই কলামজুড়ে ‘ঘুষ দাবির অভিযোগে সিভিল অ্যাভিয়েশন কর্মকর্তার বিরুদ্ধে মামলা’ শিরোনামের আদালত প্রতিবেদকের লিখিত সংবাদটির কথা বলা যায়। এই সংবাদে দুর্নীতিবিরোধী আইনে শাস্তি দাবি করে সরাসরি মহানগর দায়রা জজ আদালতে (প্রকৃতপক্ষে হবে মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত) একটি নালিশ দায়েরের কথা বলা হয়। সংবাদে নালিশকে বলা হয়েছে আরজি এবং নালিশকারীকে ছয়বার বলা হয়েছে বাদী। মামলা হয়েছে ফৌজদারি, চাওয়া হয়েছে শাস্তি। সংবাদ প্রকাশিত হয়েছে দেওয়ানি মোকদ্দমার আদলে।অতএব আইন-আদালতে বাংলা ভাষার ভ্রান্ত-প্রয়োগ হচ্ছে এবং পত্রপত্রিকাও সেভাবে সংবাদ পরিবেশন করছে। তবে আইনজীবী ও বিচারকেরা আগে নিজেদের শুধরাতে শুরু করলে সাংবাদিকদের শুদ্ধ হতে সময় লাগবে না। পুলিশি মামলায় অর্থাৎ থানায় দায়ের করা মামলায় সব সময় রাষ্ট্রকে বাদী বলা হয়। এটাও সঠিক নয়। বাদী যেহেতু দেওয়ানি প্রকৃতির শব্দ, তাই ফৌজদারি মামলায় রাষ্ট্রকে ‘বাদী’ না বলে ‘বিচারপ্রার্থী’ বলাই শ্রেয় হবে। আমাদের ভুললে চলবে না, ইংরেজি প্লেইন্ট শব্দের অর্থ আরজি আর কমপ্লেইন্ট শব্দের অর্থ নালিশ বা ফরিয়াদ। প্লেইন্ট দায়ের করেন প্লেইনটিফ বা বাদী আর কমপ্লেইন্ট দায়ের করেন কমপ্লেইন্যান্ট বা ফরিয়াদি বা নালিশকারী। প্লেইনটিফের প্রতিপক্ষ হবে ডিফেনড্যান্ট বা বিবাদী। অন্যদিকে কমপ্লেইন্যান্টের প্রতিপক্ষ হবে আসামি। আইনজীবী ও বিচারকেরা একটু নজরদারি করলে উল্লিখিত বিষয়ে শুদ্ধ ও সঠিক বাংলা শব্দ প্রয়োগ করা যায় অনায়াসে। ফৌজদারি ক্ষেত্রে ফরিয়াদি, নালিশকারী বা দরখাস্তকারী একই অর্থে ব্যবহূত হতে পারে। অনেক মামলা আছে, দরখাস্তকারী হয়ে আদালতে নালিশ করার পর নালিশটি থানায় গিয়ে এজাহার হিসেবে রেকর্ড হয়ে যায়। তখন দরখাস্তকারীর পরিচয় হয়ে যায় এজাহারকারী। আদালত এবং থানায় দায়ের করা সব মামলায় আসামির পরিচয় আসামিই থাকবে। কখনো বিবাদী হবে না। দেশের সব প্রারম্ভিক আদালতে ফৌজদারি ও দেওয়ানি শ্রেণীভেদে যদি ভিন্ন ভিন্ন শব্দ ব্যবহারে যত্নবান হওয়া যায়, তবে বহমান ভ্রান্তিগুলো এড়ানো কঠিন হবে না। নিম্ন আদালতের বিচারক এবং আইনজীবীরা অধিক মনোযোগী হলে বিচার বিভাগ পৃথক্করণের এটি একটি অর্জন হতে পারে। লেখক  আইনজীবী, সুনামগঞ্জ জেলা, আইনজীবী সমিতি।