পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস বলেছেন, আইনের কিছু ফাঁকফোকর থাকায় বিচারবহির্ভূত হত্যার ঘটনা ঘটে থাকতে পারে। তবে বিচারবহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিচারের ঊর্ধ্বে রাখার সংস্কৃতি বন্ধ করার ব্যাপারে সরকার বদ্ধপরিকর।অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সাম্প্রতিক প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে আজ রোববার পররাষ্ট্রসচিব সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন। লন্ডনভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অ্যামনেস্টির প্রতিবেদনে বলা হয়েছে, গত এক বছরে বাংলাদেশে ৭০টি বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে।মিজারুল কায়েস বলেন, বিচারবহির্ভূত হত্যায় জড়িত ব্যক্তিদের প্রতি বিচারহীনতার সংস্কৃতি বন্ধের বিষয়ে বর্তমান সরকার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে। রাষ্ট্র বিভিন্ন সময়ে (মানবাধিকারের প্রশ্নে) আপস করেছে। তাই এ ধরনের সংস্কৃতি বন্ধের ক্ষেত্রে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে পরিচ্ছন্ন করা প্রয়োজন। তিনি বলেন, ‘তবে এ কথা ঠিক যে রাতারাতি বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধ হয়ে যাবে, এমনটা আশা করা যায় না। কিন্তু অতীতের তুলনায় বর্তমান সরকারের আমলে পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে।’ভারতে সক্রিয় জেএমবির জঙ্গিদের ফেরত আনার ব্যাপারে কোনো উদ্যোগ আছে কি না—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, সন্ত্রাসবাদ দমনে সরকার যথেষ্ট সজাগ আছে। এ ব্যাপারে ভারতের সঙ্গে বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক রয়েছে। তবে সন্ত্রাসীদের কোনো ভৌগোলিক সীমারেখা নেই। তাই তাদের বিরুদ্ধে কোনো অভিযানে সফল হতে হলে গোপনে কর্মকাণ্ড চালাতে হয়।এ ছাড়া বাংলাদেশে চলাচলকারী ভারতীয় বিমানে স্কাই মার্শাল নিয়োগ ও ঢাকায় ভারতীয় হাইকমিশনের নিরাপত্তায় নিজস্ব বাহিনী মোতায়েনে দিল্লির অনুরোধের অগ্রগতির বিষয়ে মিজারুল কায়েস বলেন, এ বিষয়ে চূড়ান্তকরণের জন্য আরও সময় লাগবে। তা ছাড়া এ নিয়ে আলোচনার জন্য ভারতের একটি প্রতিনিধিদলের ঢাকায় আসার কথা রয়েছে।রূপপুরে পারমাণবিক বিদ্যুত্ প্রকল্প স্থাপনে রাশিয়ার সহযোগিতা নেওয়ায় যুক্তরাষ্ট্র কিংবা চীনের আপত্তি আছে কি না—এ প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব বলেন, আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার নিরাপত্তা ছাড়পত্র ও পরামর্শ নিয়েই বাংলাদেশ এ প্রকল্প নিয়ে এগোচ্ছে। কাজেই এতে কোনো দেশের আপত্তি থাকার কথা নয়। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাশিয়া সফরে যাবেন। খুব শিগগির সফরের দিনক্ষণ ঘোষণা করা হবে।