আইনের ফাঁকফোকরে বঞ্চিত হবেন অনেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযোদ্ধা আকবর আলী (ছদ্মনাম)। বয়স অনূর্ধ্ব ৫৯। কর্মরত ছিলেন সরকারের গণপূর্ত বিভাগে। উপবিভাগীয় প্রকৌশলী হিসেবে চাকরি করেছেন দীর্ঘদিন। ২৪ অক্টোবর, ২০০৮-এ অবসর প্রস্তুতিকালীন ছুটিতে যান। ছুটির মেয়াদ ছিল ২৪ অক্টোবর ২০০৯ পর্যন্ত। বেশ ভালোই কাটছিল ছুটির দিনগুলো। ১৯ অক্টোবর ২০০৯ দিনটাও বেশ গেল। রোজকার নিয়মে সেদিনও রাতে টিভিতে খবর দেখছিলেন। হঠাত্ চোখ আটকে গেল একটা খবরে। ‘মুক্তিযোদ্ধাদের চাকরির বয়স দুই বছর বাড়ল: মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত’। সংবাদ ব্রিফিংয়ে প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ বললেন, ‘মুক্তিযোদ্ধা কর্মকর্তা-কর্মচারীর অবসরের বয়সসীমা ৫৭ থেকে ৫৯ করা হয়েছে। যাঁরা এখন এলপিআরে (অবসর প্রস্তুতিকালীন ছুটিতে) আছেন, তাঁরাও এ সুবিধা পাবেন।’ শুনে চমকে উঠলেন আকবর সাহেব। ভাবলেন, ‘এত দিন পর বুঝি সরকার আমাদের দিকে ফিরে চাইল! এই শেষবেলায় বুঝি তার একটা পুরস্কার জুটল।’ উচ্ছ্বাসে অবসর ভেঙে পরদিনই যোগ দিলেন কাজে। নিয়ম মোতাবেক প্রয়োজনীয় কাগজপত্র জমা দিলেন গণপূর্ত মন্ত্রণালয়ের প্রশাসনিক অফিসে। দিন যায়, মাস যায়। কিন্তু তাঁর ফাইল আর নড়ে না। অবসর প্রস্তুতিকালীন ছুটি ভেঙে কর্মে যোগ দেওয়া সবার ফাইল মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে চলে গেলেও তাঁরটা রয়ে যায় আগের জায়গায়। অফিস থেকে বলা হয়, ‘১০ ডিসেম্বর ২০০৯ পর্যন্ত যাঁরা এলপিআরে আছেন, বয়স বাড়ানোর এ সুবিধা শুধু তাঁরাই ভোগ করতে পারবেন। অন্যরা নন। আপনার এলপিআর ২৪ অক্টোবর শেষ হয়ে গেছে। তাই আপনার ফাইল যাবে না।’ এ কথা শুনে উবে গেল আকবর আলীর সব আনন্দ। মনে ভর করল বিষাদ-সিন্ধু। শুরু হলো সে সিন্ধুতে সাঁতরে মন্ত্রণালয়ের কর্তাব্যক্তিদের দ্বারে দ্বারে হানা দেওয়া। নিবু নিবু আশাতে উচ্চমহলে নিত্য শুরু হলো ছোটাছুটি। কিন্তু তাঁকে আশার বাণী শোনাতে পারেন না কেউ। সব মহলের এক সুর—আপনি এ সুবিধার আওতায় আসেননি।দেশে এ আকবর আলীর সংখ্যায় দু-একজন নন, অগণিত। আশায় উদ্বেলিত হয়ে একই কারণে হতাশায় ভাসছেন এখন দেশের বিভিন্ন প্রান্তের অনূর্ধ্ব ৫৯ বছরের এক বিশাল সংখ্যক মুক্তিযোদ্ধা গণকর্মচারী।মজার ব্যাপার হচ্ছে, যে যুক্তিতে আকবর আলীরা বয়স বৃদ্ধির এ সুবিধা থেকে বঞ্চিত হতে যাচ্ছেন, আইনের কোথাও কিন্তু তার সুস্পষ্ট উল্লেখ নেই। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৯৩(১) অনুচ্ছেদে প্রাপ্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি ১০ ডিসেম্বর ‘সরকারী কর্মচারী (অবসর) (সংশোধন) অধ্যাদেশ, ২০০৯’ জারি করেন। এ অধ্যাদেশে নির্দিষ্ট করে বলা হয়নি, এটা কখন থেকে কার্যকর হবে। ১(২) ধারাতে শুধু বলা হচ্ছে, ‘ইহা অবিলম্বে কার্যকর হবে।’ আইনে সাধারণত উল্লেখ করা থাকে কখন থেকে আইনটি বলবত্ হবে বা এর কার্যকারিতা শুরু হবে। কিন্তু এ অধ্যাদেশ সে বিষয়ে নির্বাক। ১(২) ধারার ‘অবিলম্বে’টা কতটা বিলম্বে বা কতটা দ্রুত, সে বিষয়ে এ অধ্যাদেশ হতে ধারণা বা ইঙ্গিত পাওয়ার কোনো সুযোগ নেই।এ অধ্যাদেশের মাধ্যমে ‘সরকারী কর্মচারী (অবসর) আইন, ১৯৭৪’-এ ৪ক সংযোজন ও ৭ ধারা প্রতিস্থাপন করা হয়। ওই ৪ক ধারার ২ উপধারায় বলা হচ্ছে যে, এ ধারার কার্যকারিতা শুরু (commencement of this section) হওয়ার ‘অব্যবহিত পূর্বে’ যেসব মুক্তিযোদ্ধা গণকর্মচারীরা অবসর প্রস্তুতিকালীন ছুটিতে ছিলেন, তাঁদের ছুটি বাতিল হবে এবং কর্মে এমনভাবে পুনর্নিয়োগ হবে, যেন তাঁরা কখনো অবসরে যাননি। এখানে ‘অব্যবহিত পূর্বে’টা কত দিন বা কতটা পূর্বে, তা পরিষ্কার নয়। অধ্যাদেশটা জারি হয় ১২ ডিসেম্বর, ২০০৯। প্রশ্ন জাগে, ১২ ডিসেম্বরের কত দিন আগ পর্যন্ত অবসর প্রস্তুতিকালীন ছুটিতে থাকলে তাঁদের জন্য এ পুনর্নিয়োগের বিধান কার্যকর হবে? এর আসলে সুস্পষ্ট একটা ব্যাখ্যা দরকার। ‘Commencement’ শব্দটির ব্যাখ্যায় ১৮৯৭ সালের ‘দ্য জেনারেল ক্লজেজ অ্যাক্ট’-এর ৩(১২) উপধারায় বলা আছে, কোনো আইন বা বিধান যেদিন হতে বলবত্ হবে, সেদিন থেকেই তার Commencement শুরু। তাহলে এ ‘অব্যবহিত পূর্বে’টা কীভাবে বা কিসের ভিত্তিতে গণনা করা হবে?আইনের ফাঁকফোকরে আকবর আলীদের মতো অসংখ্য জীবন বাজি রেখে দেশের জন্য যুদ্ধ করা সন্তান এ ন্যূনতম সম্মান থেকে বঞ্চিত হবেন, নিশ্চয়ই তা আইনপ্রণেতাদের উদ্দেশ্য ছিল না। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তা-ই হয়তো ঘটতে যাচ্ছে, যদি না আইন মন্ত্রণালয় বা সরকার এ ব্যাপারে অনতিবিলম্বে কোনো পদক্ষেপ নেয়।এখন নবম জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন চলছে। সংবাদমাধ্যম সূত্রে জানা যায়, ‘সরকারী কর্মচারী (অবসর) (সংশোধন) অধ্যাদেশ, ২০০৯’ বিলটি চলতি অধিবেশনেই সংসদে উপস্থাপিত হবে। ভুক্তভোগী মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের প্রত্যাশা, বিলটি সংসদে উত্থাপিত হওয়ার আগে বা সংসদে উত্থাপিত হলে আইনমন্ত্রী বা প্রধানমন্ত্রী অবসর প্রস্তুতিকালীন ছুটি ভোগরত মুক্তিযোদ্ধা গণকর্মচারীদের কারা কারা বা কতটা সময়সীমার মধ্যে ওই ছুটিতে থাকলে এ আইনের সুবিধা পাবেন, সে বিষয়ে সুস্পষ্ট ও পরিপূর্ণ একটা ব্যাখ্যা দেবেন। সে সঙ্গে এ আইনের অন্যান্য অসংগতি বা অস্পষ্টতা এবং এ নিয়ে সৃষ্ট আইনি জটিলতা দূর করার উদ্যোগ নেবেন। তাঁরা চান, সেসব ব্যাখ্যার সংযুক্তিসহ বিলটি সংসদে পাস হোক। তাঁদের বিশ্বাস, সরকার নিশ্চয়ই এ আইনের সুবিধা ভোগের অধিকারী দেশমাতৃকার কোনো শ্রেষ্ঠসন্তান যেন এ সুবিধা থেকে বঞ্চিত না হন, সেদিকে নজর দেবে।