আইনের মারপ্যাঁচে দায়সারা তদন্ত, অধরা হোতারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছয় কেজি হেরোইনসহ গত বছরের ৩০ জুলাই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন নাইজেরিয়ান নাগরিক ওলাদিপিউপো জেকহিয়াস (৩৬)। এ সময় পালিয়ে যান আরেক নাইজেরীয় রাতমি আজেজ (৩৫)। যদিও রাতমির পাসপোর্ট ও কাগজপত্রগুলো ছিল ওলাদিপিউপোর হাতে।গত ৩১ জুলাই প্রথম আলোসহ বিভিন্ন গণমাধ্যমে ঘটনাটি প্রকাশিত হয়। এর পর ১১ মাস কেটে গেলেও মামলা আর এগোয়নি। কোনো খোঁজ পাওয়া যায়নি রাতমি আজেজ বা তাদের আর কোনো সহযোগীর। এটা একটা উদাহরণ মাত্র। প্রতিদিনই রাজধানীসহ সারা দেশে মাদকসহ ধরা পড়ছে দেশি-বিদেশি মাদক ব্যবসায়ী, বাহক ও মাদকাসক্ত ব্যক্তিরা। কিছুদিন হাজতবাস করেই তারা বেরিয়ে আসছে। আর অধরা থেকে যাচ্ছে মাদক ব্যবসার সঙ্গে জড়িত পুরো চক্র।পুলিশের খাতায় সাত বছর ধরে শীর্ষে রয়েছে মাদকসংক্রান্ত অপরাধ। গত ছয় বছরে (২০০৫ থেকে ২০১০) সারা দেশে আট লাখ ৮৮ হাজার ৭৯৬টি মামলা হয়েছে। এর মধ্যে এক লাখ ১৮ হাজার ১৭৫টি হয়েছে মাদক নিয়ন্ত্রণ আইনে। চলতি বছরও মাদকসংক্রান্ত অপরাধ শীর্ষে রয়েছে। তবে মামলায় প্রতিবছর কতজনের শাস্তি হয়, এর কোনো তথ্য সংশ্লিষ্ট কারও কাছে পাওয়া যায়নি। মাদক মামলাগুলোর গতি-প্রকৃতি পর্যালোচনা করে দেখা যায়, এসব মামলায় অভিযোগপত্র দিয়ে তদন্ত শেষ করে দেয় তদন্তকারী কর্তৃপক্ষ। ফলে পুরো চক্রটির খোঁজ আর করা হয়ে ওঠে না।পুলিশ, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র‌্যাব কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদক মামলার মধ্যে প্রায় সবগুলোই উদ্ধারজনিত। অর্থাৎ মাদকসহ কেউ গ্রেপ্তার হলে বা মাদক উদ্ধার করা হলে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়। বেশির ভাগ মাদক মামলাই দায়ের হয় পুলিশ ও র‌্যাবের দ্বারা। এসব মামলা পুলিশ, ক্ষেত্রবিশেষে র‌্যাব তদন্ত করে। আর মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারা কোনো কিছু উদ্ধার করলে তাঁরাই মামলা দায়ের ও তদন্ত করেন।নাম প্রকাশ না করার শর্তে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দুজন পরিদর্শক জানান, মাদকসংক্রান্ত অপরাধগুলো জামিনযোগ্য। আর মাদক ব্যবসায়ীদের রয়েছে শক্তিশালী চক্র। কোনো মাদক বহনকারী গ্রেপ্তারের পর থেকেই তাকে ছাড়ানোর জন্য আইনি তৎপরতা শুরু করে দেয় মাদক ব্যবসায়ীরা। আগেভাগে এ আশ্বাসও দেওয়া হয়। আর এ সময় কোনো কোনো ক্ষেত্রে মাদক বহনকারীর পরিবারের ভরণপোষণও দেয় মাদক ব্যবসায়ীরা। তাই মাদক বহনকারীরা মুখ খুলতে চায় না।কেন এ রকম হয়: ওলাদিপিউপোর মামলাটির তদন্ত কর্তৃপক্ষ মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ বিষয়ে জানতে চাইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চলের উপপরিচালক মজিবুর রহমান পাটোয়ারী বলেন, ওলাদিপিউপো বর্তমানে কারাগারে রয়েছেন। তাঁর বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়েছে।উপপরিচালক বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার তদন্তের কিছু সময়সীমা বেঁধে দেওয়া রয়েছে। এ কারণে অনেক সময় তড়িঘড়ি করে তদন্ত শেষ করতে হয়। তা ছাড়া সব মাদকের বাহক জানেও না যে, এই মাদকের আসল উৎসটা কোথায়। ফলে চক্র সম্পর্কে তাদের কোনো ধারণাই থাকে না।মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৪২-এর ক ধারা অনুযায়ী কোনো ব্যক্তি হাতেনাতে গ্রেপ্তার হলে গ্রেপ্তারের ১৫ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। আর ব্যক্তি গ্রেপ্তার না হলে মামলার ক্ষেত্রে আদেশ পাওয়ার ৬০ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে। এর মধ্যে তদন্ত শেষ না হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে আরও সাত দিন সময় নেওয়া যাবে। এর মধ্যে তদন্ত শেষ না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ তদন্ত কর্মকর্তা পরিবর্তন করতে পারবেন। নতুনভাবে তদন্তভার পাওয়ার পর কেউ গ্রেপ্তার হলে সাত দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে আর অন্য ক্ষেত্রে ৩০ দিনের মধ্যে। এর মধ্যেও তদন্ত শেষ না হলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যদি মনে করে, তাহলে সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবেন।কিন্তু ফৌজদারি কার্যবিধির ১৭৩-এর ৩(খ) ধারার উপধারা ১-এ বলা হয়েছে, আদালতে তদন্ত প্রতিবেদন দাখিলের পরও তদন্ত কর্মকর্তা প্রয়োজনে বিচার শেষ হওয়া পর্যন্ত সম্পূরক অভিযোগপত্র দাখিল করতে পারবেন।পুলিশ কর্মকর্তাদের মতে, তদন্ত শেষ করে যেকোনো মামলারই সম্পূরক অভিযোগপত্র দেওয়া সম্ভব। তবে মাদক আইনে সময়সীমা বেঁধে দেওয়ার কারণে তদন্ত কর্মকর্তারা হাতের কাছে যা পান তা নিয়েই প্রতিবেদন দাখিল করেন। পরে এগুলো নিয়ে কোনো উৎসাহও দেখান না।পুলিশের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, আগে শুধু পুলিশ আর মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তারাই মাদক উদ্ধার করতেন ও মামলা পরিচালনা করতেন। আর মাদক উদ্ধার-প্রক্রিয়াটি পুরোটাই সূত্রনির্ভর (সোর্স)। র‌্যাব গঠিত হওয়ার পর সুবিধা বেশি পাওয়ায় সোর্সরা ওই বাহিনীর দিকে ঝুঁকে পড়ে। ফলে পুলিশের চেয়ে বেশি পরিমাণে মাদক উদ্ধার করতে থাকে র‌্যাব। তবে এই মামলাগুলো র‌্যাব তদন্ত করে না। তারা মাদকসহ আসামি ধরে থানায় দেয়। তাই বেঁধে দেওয়া সময়ের মধ্যে থানার পুলিশ এই মামলাগুলো ভালোভাবে তদন্ত করতে পারে না বা করে না।তবে মাদক নিয়ন্ত্রণ কর্মকর্তাদের দাবি, লোকবল-সংকটের কারণে তাঁরা অনেক কিছু চাইলেও করতে পারেন না। সংস্থাটির ঢাকা উপ-অঞ্চলের উপপরিচালক জানান, পুরো ঢাকা শহরের জন্য মাদক নিয়ন্ত্রণের ১৪ জন পরিদর্শক ও ছয়জন উপপরিদর্শক রয়েছেন। এই ২০ জনকে দিয়েই চালাতে হয় তদন্ত। এই ২০ জনই আবার বিভিন্ন অভিযানে নেতৃত্ব দেন। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা উপ-অঞ্চল থেকে প্রতি মাসে ১১৫ থেকে ১২০টি মামলা করা হয়।ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের উপকমিশনার (দক্ষিণ) মনিরুল ইসলাম বলেন, ডিবির কাছে কোনো মামলা এলে সেগুলো সুষ্ঠুভাবে তদন্ত করে দেখা হয়। কিন্তু বেশির ভাগ ক্ষেত্রেই দেখা যায়, মাদকের উৎস হচ্ছে দেশের বাইরে। এ কারণে আর কিছু করা সম্ভব হয় না। তিনি উল্লেখ করেন, গত বছর ১৯ আগস্ট বিমানবন্দরে ৮২ কেজি ইফিড্রিন উদ্ধারের ঘটনায় চলতি বছর ডিবি পুরো চক্রকে ধরতে সমর্থ হয়।