আইনের যত অসংগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আমাদের ফৌজদারি বিচারব্যবস্থা মূলত দণ্ডবিধি ও ফৌজদারি কার্যবিধির ওপরই দণ্ডায়মান। সাক্ষ্য আইন বিচারকে পরিচ্ছন্নতা দেয়, বিচারককে সহায়তা করে। দণ্ডবিধি, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন—সবই ঊনবিংশ শতাব্দীর আইন। ব্রিটিশ শাসনামলে প্রণীত এই আইনগুলো এখনো ভারত, পাকিস্তান ও বাংলাদেশে চলমান। দণ্ডবিধির ৫১১টি ধারা এবং আরও উপধারাসমূহ এসব দেশে অপরাধ ও অপরাধী দমনে দণ্ডমুণ্ডের হাতিয়ার। দেড় শ বছরের এই পুরোনো আইন ভারতে ভারতীয় দণ্ডবিধি, পাকিস্তানে পাকিস্তান দণ্ডবিধি এবং বাংলাদেশে শুধু দণ্ডবিধি নামে পরিচয় বহন করছে। প্রয়োজন অনুযায়ী সময় সময় দেশে আরও বিশেষ বিশেষ আইন প্রবর্তন করা হচ্ছে। এসব বিশেষ আইনে প্রায়ই অসংগতি, বৈপরীত্য লক্ষ করা যায়। আইনের ত্রুটি-বিচ্যুতি, আইনের শাসনে-সমতা রক্ষায়, সামাজিক ভারসাম্য রক্ষায়, জনগণের বিশ্বাস রক্ষায় দুর্বল হয়ে যায়।নতুন আইন প্রণয়নকালে প্রচলিত আইনের সঙ্গে কিংবা পূর্বে প্রণীত একটি বিশেষ আইনের সঙ্গে পরে প্রণীত বিশেষ আইনের সংঘর্ষ দেখা দেয় কি না, অসংগতি ভেসে ওঠে কি না, বিচারপ্রার্থীদের জন্য ক্ষতিকারক হয় কি না ইত্যাদি তলিয়ে দেখার দায়িত্ব যথাযথভাবে পালিত হয় বলে মনে হয় না। এ জন্য কাউকে দোষারোপ না করে আমি চেষ্টা করছি নিত্যব্যবহার্য আইনে চোখে পড়ার মতো অসংগতি, বৈপরীত্য ও ত্রুটি-বিচ্যুতিসমূহ তুলে ধরতে। কিছু কিছু ব্যাপারে প্রয়োজনীয়তা-অপ্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরা হয়েছে।নিম্ন আদালতে নিত্যব্যবহার্য একটি বিশেষ আইনের নাম যৌতুক নিষিদ্ধকরণ আইন। আইনটি জন্ম নেয় ১৯৮০ সালে। কার্যকর হয় ১৯৮১ সালে। আইনটি আমল অযোগ্য বিধায় এই আইনের প্রয়োগে সরাসরি কোর্টের আশ্রয় নেওয়া হয়। এ আইনে ‘যৌতুক’-এর সংজ্ঞা নির্ণয় করা হয়েছে ২ (ক) ও (খ) ধারায়। যৌতুক দাবি করার অপরাধের শাস্তি বিধান করা হয়েছে ৪ ধারায়। বলা হয়েছে যৌতুক দাবি করা অনূর্ধ্ব পাঁচ বছর ও অন্যূন এক বছরের শাস্তিযোগ্য অপরাধ, যা বর্তমানের সিনিয়র জুডিশিয়াল (সাবেক প্রথম শ্রেণী) ম্যাজিস্ট্রেট আদালতের বিচার্য। নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০-এর ২ ধারার (ঞ) উপধারাভুক্ত (অ) ও (আ) ধারায় ‘যৌতুক’ শব্দের একই সংজ্ঞা ধার্য হয়েছে। এ আইনের ১১(গ) ধারায় যৌতুকের জন্য সাধারণ জখমজনিত অপরাধের শাস্তি ধার্য করা হয় অনধিক তিন ও অন্যূন এক বছরের দণ্ড, সেই সঙ্গে অর্থদণ্ড। এ জাতীয় অপরাধ বিচারার্থে গ্রহণ ও বিচারের ক্ষমতা নারী ও শিশু নির্যাতন দমন টাইব্যুনাল অর্থাৎ দায়রা জজ আদালতের। যৌতুক নিষিদ্ধকরণ আইনের অধীনে আসামির জামিন আবেদন শুনতে পারেন, মঞ্জুর করতে পারেন আমল আদালত হিসেবে জুডিশিয়াল (দ্বিতীয় শ্রেণীর) ম্যাজিস্ট্রেট। অন্য দিকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের অধীনে আসামির জামিন ট্রাইব্যুনাল ছাড়া (দায়রা জজ) নিম্নস্তরের কোনো আদালত শুনতে পারেন না। যৌতুক দাবি একটি মৌখিক বিষয়। শাস্তির পরিমাণ পাঁচ বছর। যৌতুকের জন্য শারীরিকভাবে জখম করা তার চেয়েও অনেক বড় অপরাধ হওয়া সত্ত্বেও শাস্তির পরিমাণ তিন বছর। ব্যাপারটা এ রকম দাঁড়ায় যে যৌতুক আদায়ের জন্য স্ত্রীকে মারধর করলে শাস্তি তিন বছর মারধর না করলে শাস্তি পাঁচ বছর। কম শাস্তির মামলার বিচার করেন বড় আদালত বেশি শাস্তির মামলার বিচার করেন ছোট আদালত। বেশি শাস্তির মামলার আপিল কর্তৃপক্ষ কম শাস্তির বিচারকারী আদালত। আবার কম শাস্তির আপিল আদালত হাইকোর্টে বিভাগ। কম শাস্তির মামলা প্রমাণ না হলে পাল্টা সাত বছরের সাজার মামলায় পড়তে হয়। বেশি শাস্তির মামলা প্রমাণ না হলে পাল্টা মামলা দায়েরের বিশেষ কোনো বিধান নেই। এমন অসংগতিপূর্ণ ও বেমানান আইন আমরা একসঙ্গে বহন করে চলেছি নীরবে।নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ) ধারাকে বাদ দিয়ে যৌতুক নিষিদ্ধকরণ আইনের সঙ্গে যুক্ত করে শাস্তির পরিমাণ পাঁচ বছর করে ৪এ ধারা সৃষ্টি করে এবং যৌতুক দাবির অপরাধের শাস্তি তিন বছরে নামিয়ে দিয়ে ৪ ধারা অক্ষুণ্ন রেখে সংশোধন করে নিলে অসংগতি দূর হতে পারে।(চলবে)লেখক  আইনজীবী, সুনামগঞ্জ