আইনের যত অসংগতি
(গত সংখ্যার পর)চাঁদা দাবির অপরাধের জন্য দুই ধরনের বিচার-প্রক্রিয়া বিদ্যমান আছে। একটি প্রক্রিয়া দণ্ডবিধির আওতায় দায়রা জজ আদালতের এখতিয়ারাধীন, অপরটি আইনশৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২-এর আওতায় বিশেষভাবে ক্ষমতাপ্রাপ্ত সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচার্য। ২০০২ সালের ১১ নম্বর আইনে চাঁদাবাজি বলতে ২(খ)-এর (অ) ধারায় বলা হয়েছে, ‘কোনো প্রকার ভয়ভীতি প্রদর্শন করিয়া বা বেআইনি বল প্রয়োগ করিয়া কোনো ব্যক্তি বা সংবিধিবদ্ধ সংস্থা বা প্রতিষ্ঠানের নিকট হইতে চাঁদা, সাহায্য বা অন্য কোনো নামে অর্থ বা মালামাল দাবি, আদায় বা অর্জন করা বা অন্য কোনো প্রকার সুযোগ-সুবিধা আদায় করা বা আদায়ের চেষ্টা করা’; শাস্তির পরিমাণ অনধিক পাঁচ বছর, অন্যূন দুই বছর কারাদণ্ড তদুপরি অর্থদণ্ড রয়েছে।অন্যদিকে দণ্ডবিধির ৩৮৫ ধারায় বলা হয়েছে, ‘যে ব্যক্তি বলপূর্বক গ্রহণের উদ্দেশ্যে কোনো ব্যক্তিকে ক্ষতির ভীতি প্রদর্শন করে বা কোনো ব্যক্তিকে কোনো আঘাতজনিত ক্ষতির ভীতি প্রদর্শনের উদ্যোগ করে, সেই ব্যক্তি যেকোনো বর্ণনার কারাদণ্ডে যাহার মেয়াদ ১৪ বৎসর, তবে পাঁচ বৎসরের কম নহে।’ একই সঙ্গে ৩৮৭ ধারায় বলা হয়েছে, ‘একই উদ্দেশ্যে মৃত্যু বা গুরুতর আঘাতের ভয় দেখালে বা দেখাবার উদ্যোগ করলে সাজার মেয়াদ হবে যাবজ্জীবন, তবে সাত বছরের কম নয়।’ প্রথম উল্লিখিত দ্রুত বিচার আইনটি বিশেষ আইন। অপরিহার্য মনে করে ২০০২ সালে দুই বছরের জন্য প্রবর্তন করে ক্রমান্বয়ে মেয়াদ বাড়ানো হচ্ছে। দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৭ ধারা হচ্ছে সাধারণ আইন। ১৯৯১ সালে দণ্ডবিধির এ দুই ধারার দণ্ডের পরিমাণে পরিবর্তন আনা হয়। আগে ৩৮৫ ধারায় দুই বছর এবং ৩৮৭ ধারায় সাত বছরের দণ্ডের বিধান ছিল। শাস্তির পরিমাণে পরিবর্তন এনে ধারা দুটি বিশেষ ক্ষমতা আইনের তফসিলের ৪(সি) অন্তর্ভুক্ত করা হয়েছিল। ৪(সি)তে আগে ছিল শুধু ৩৭৬ ধারা, অর্থাৎ ধর্ষণের অপরাধের শাস্তির ধারা। ১৯৯৫ সালে নারী ও শিশু নির্যাতন (বিশেষ বিধান) আইন প্রবর্তন করে বিশেষ আদালতের জন্ম দিয়ে জ্ঞাতে কিংবা অজ্ঞাতে হোক বিশেষ ক্ষমতা আইন সংশোধন করে ৩৭৬ ধারার কারণে তফসিলের পুরো ৪(সি) বাতিল করায় ৩৮৫ ও ৩৮৭ ধারা এতিম হয়ে যায়। এ দুই ধারা বিচারের কোনো আদালত দৃশ্যমান থাকেনি। অবস্থা দাঁড়ায়, আইন আছে, আদালত নেই। এভাবে পাঁচ বছর চলার পর ২০০০ সালের ৪১ নম্বর আইন দ্বারা ধারা দুটির বিচারের স্থান দায়রা জজ আদালত নির্ধারণ করা হয়।২০০২ সাল থেকে চাঁদাবাজির অভিযোগে উভয় আইনেই দেশজুড়ে মামলা হচ্ছে। প্রায়োগিক ক্ষেত্রে আইন দুটির অসংগতি হলো, দ্রুত বিচার আইনে দায়ের করা মামলার শাস্তি পাঁচ বছর পর্যন্ত এবং দুই বছরের কম নয়। মামলা নিষ্ফল হলে একই আইনের ৬ ধারাবলে পাল্টা মামলায় সমান শাস্তি পেতে হবে মামলা দায়েরকারী ও সাক্ষীদের।অন্যদিকে দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৭ ধারার অতিভারী মামলা নিষ্ফল হলেও সরাসরি পাল্টা মামলা সৃষ্টির কোনো বিধান নেই। রয়েছে দণ্ডবিধির অন্য ১০টি মিথ্যা মামলার মতো ২১১ ধারার মামলার জটিল প্রক্রিয়া। এ কারণে ৩৮৫ ধারা ও ৩৮৭ ধারার মিথ্যা মামলায় দেশ ছেয়ে গেছে। মৌখিকভাবে ক্ষতির ভীতি দেখিয়ে চাঁদা দাবি করার একটা জুৎসই গল্প সাজাতে পারলেই ১৪ বছরের শাস্তিযোগ্য মামলা দেওয়া যায়। পুলিশকে তৎপর করা যায়। ২০০৭ সালে এ ধারাটিকে জরুরি বিধিভুক্ত করায় তত্ত্বাবধায়ক সরকারের আমলে এ ধারার শক্তি আরও বেড়ে গিয়েছিল। আগে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার জন্য দণ্ডবিধির ৩৬৪ ধারা ও ৪৩৬ ধারার প্রয়োগ হতো বেশি, এখন প্রয়োগ হচ্ছে ৩৮৫ ধারা। মিথ্যা মামলা দিয়ে হয়রানি করার প্রবণতা রোধে এবং সামাজিক ভারসাম্য রক্ষায় দণ্ডবিধির ৩৮৫ ও ৩৮৭ ধারার মামলা নিষ্ফল হলে ৩৮৫এ ও ৩৮৭এ ধারা সৃষ্টি করে সমান শাস্তিযোগ্য পাল্টা মামলা স্বয়ংক্রিয়ভাবে সূচনার পথ করে সংশোধনী আনয়ন করা দরকার।আমাদের দেশে ব্যতিক্রম ব্যতীত রাষ্ট্রপক্ষের আইনজীবীরা নানা কারণে দায়িত্ব পালনে আশানুরূপ আন্তরিক নন। তাঁদের দায়িত্ব পালনে ক্ষতিগ্রস্ত পক্ষ সন্দেহমুক্তভাবে ভরসা খুঁজে পান না। এ বাস্তবতা উপলব্ধি করে ২০০০ সালে প্রবর্তিত নারী ও শিশু নির্যাতন দমন আইনে, জননিরাপত্তা আইনে এবং ২০০২ সালের এসিড অপরাধ দমন আইনে অভিযোগকারীর পক্ষে মামলা পরিচালনাকারীকে আইনগতভাবে পাবলিক প্রসিকিউটরের মর্যাদা দেওয়া হয়েছে। শুরুতে ১৯৫৮ সালের ক্রিমিনাল ল অ্যামেন্ডমেন্ট অ্যাক্টের ৬(১) ধারাতে বিধানটির উল্লেখ ছিল এরূপ, A person conducting prosecution before the court of a special judge shall be deemed to be a public prosecutor. কিন্তু ১৯৮৯ সালের ৩ নম্বর অধ্যাদেশের মাধ্যমে এ অতি প্রয়োজনীয় অংশটুকু বাদ দেওয়া হয়। ২০০৪ সালের দুর্নীতি দমন কমিশন আইনের ৩৩ নম্বর ধারায় কমিশনের নিজস্ব পাবলিক প্রসিকিউটর নিয়োগ করে প্রসিকিউশন ইউনিট গঠনের কথা বলা আছে। দুর্নীতি দমন আইন চর্চা খাঁচাবন্দী না করে জনস্বার্থে ১৯৮৯ সালে ৬(১) ধারার বাদ দেওয়া অংশটুকু বাস্তবতার আলোকে পুনরায় যুক্ত করা দরকার। (শেষ) লেখক আইনজীবী, সুনামগঞ্জ।