আইনের যথাযথ প্রয়োগ হলে অপরাধ দূর হতে বাধ্য: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘কোনো ধরনের ভয়ভীতি, অনুরাগ-বিরাগের বশবর্তী না হয়ে দেশের বিদ্যমান আইন আপনাদের যথাযথভাবে প্রয়োগ করতে হবে। আইনের যথাযথ প্রয়োগ হলে সমাজ থেকে অপরাধ প্রবণতা দূর হতে বাধ্য।’ তিনি বলেন, ‘আমাদের অনেক সীমাবদ্ধতা রয়েছে। পেশাদারি এবং আন্তরিকতার মাধ্যমে এসব সীমাবদ্ধতা কাটিয়ে আপনারা অনেক ভালো কাজ করতে পারেন।’আজ মঙ্গলবার ঢাকায় রাজারবাগ পুলিশ লাইন মাঠে পুলিশ সপ্তাহ-২০১১-এর উদ্বোধনের সময় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) প্রচারিত সংবাদে জানা যায়, শেখ হাসিনা পুলিশ বাহিনীকে উদ্দেশ করে বলেন, ‘আমরা আইনের শাসনে বিশ্বাসী। আইন ভঙ্গকারী সামাজিকভাবে যত শক্তিশালী হোক না কেন, তাঁকে যে শাস্তি পেতেই হবে, এটা নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কে কোন দল করে এটা বিবেচনা করার কোনো প্রয়োজন নেই।’প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক, স্বরাষ্ট্রসচিব আবদুস সোহবান শিকদার ও পুলিশের মহাপরিচালক (আইজিপি) হাসান মাহমুদ খন্দকার তাঁকে স্বাগত জানান। পরে প্রধানমন্ত্রী একটি খোলা জিপে চড়ে প্যারেড পরিদর্শন করেন।