আইনের যা কিছু প্রথম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানহানি মামলা: মানহানি-সম্পর্কিত সর্বপ্রথম আইন অন্তর্ভুক্ত হয় ১৯০০ খ্রিষ্টপূর্বাব্দে ব্যাবিলনীয় রাজা হাম্মুরাবি প্রণীত আইনবিধিতে। অভিজাত ও উচ্চপদস্থ ব্যক্তি এবং বিবাহিত নারীর মর্যাদা রক্ষার্থেই বিশেষভাবে তৈরি করা হয় এ বিধি। হাম্মুরাবির আইনবিধির ১২৭ নম্বর ধারানুযায়ী, কেউ যদি কোনো নারীর প্রতি খারাপ দৃষ্টিতে আঙুল তুলত, তা হলে তার জন্য কঠোর শাস্তির কথা উল্লেখ আছে। বন্যপ্রাণী অভয়াশ্রম: সাধারণত বন্যপ্রাণী সংরক্ষণের আইনগুলো রাজ্যের রাজা ও রাজকীয় ব্যক্তিদের শিকার-আমোদের সুবিধার্থেই প্রয়োগ করা হতো এবং তা সীমাবদ্ধ ছিল কিছু অঞ্চলের ক্ষেত্রে। এ প্রথা ভেঙে একটি সর্বজনীন বন্যপ্রাণী সংরক্ষণ আইন চালু হয় জো রাজবংশের শাসনামলে খ্রিষ্টপূর্ব ১২ শতাব্দীতে। ‘পবিত্র উদ্যান’ প্রতিষ্ঠার মাধ্যমে চীনে এ আইন কার্যকর করা হয়। এ অভয়াশ্রম তৈরির উদ্দেশ্য ছিল, সর্বসাধারণের সুবিধার্থে প্রাকৃতিক সৌন্দর্য সংরক্ষণ। যানবাহন নিয়ন্ত্রণ আইন: বৈধতাবাদী দর্শনের প্রতিষ্ঠাতা শাঙ হুয়াঙ খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে দক্ষিণ চীনের স্বরাষ্ট্রমন্ত্রী থাকাকালীন সর্বপ্রথম যানবাহন বৈধতাকরণ আইন প্রণয়ন করেন। দুই চাকার ঘোড়ার গাড়ি, মালবাহী গরুর গাড়ি ইত্যাদি যানবাহন নিবন্ধীকরণ বাধ্যতামূলক করার মাধ্যমে তিনি রাজ্যে যোগাযোগ-ব্যবস্থায় উন্নততর পরিকল্পনা প্রয়োগের উদ্যোগ নেন। পরিবেশদূষণ আইন: খ্রিষ্টপূর্ব চতুর্থ শতাব্দীতে গ্রিসে সর্বপ্রথম পরিবেশদূষণ-সম্পর্কিত আইন প্রণীত হয়। মূলত ভূমিদূষক পদার্থের ব্যবহার নিয়ন্ত্রণের জন্যই এ আইনটি প্রণীত হয়েছিল খ্রিষ্টপূর্ব তৃতীয় শতাব্দীতে। চীনে জলদূষণ প্রতিরোধ-সম্পর্কিত আইন তৈরি হয়।পানীয় জলের নিরাপত্তাবিধান: জনগণের জন্য বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা করা রাষ্ট্রের দায়িত্ব। প্রাচীনকাল থেকেই সমাজে বিশুদ্ধ জল সরবরাহ-সম্পর্কিত আইন প্রচলিত হয়ে আসছে। প্রায় ১৫০০ খ্রিষ্টপূর্বাব্দে প্রাচীন হিট্রাইট সাম্রাজ্যে (বর্তমান তুরস্ক) এ সম্পর্কিত আইন কার্যকর করা হয়। বিশুদ্ধ জলের নিরাপত্তাবিধান-সম্পর্কিত আইনগুলোর মধ্যে এটি সর্বপ্রাচীন। হিট্রাইট বিধির ২৫তম ধারা মোতাবেক, দূষিত জল সরবরাহকারী অবশ্যই ভুক্তভোগীকে তিন সেকেল (প্রাচীন হিট্রাইট মুদ্রা) দিতে বাধ্য। এ ছাড়া শাস্তিস্বরূপ অতিরিক্ত তিন সেকেল দিতে হতো প্রশাসনকে। শব্দদূষণ আইন: শব্দদূষণ-সম্পর্কিত সর্বপ্রথম আইনটি তৈরি হয় খ্রিষ্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে দক্ষিণ-পশ্চিম ইতালির গ্রিক নগর সাইবেরিসে। বিশেষত শহরাঞ্চলে শব্দদূষণ কর্মকাণ্ড প্রতিরোধে এ আইন তৈরি হয়েছিল। কাঠমিস্ত্রি, কামার—এমনকি হাঁস-মুরগির খামারও এ আইনের আওতায় রাখা হয়। শহরবাসীর ঘুমে যাতে কোনো অসুবিধা না হয়, সেদিক লক্ষ্য রেখেই আইনটি তৈরি করা হয়।