আইনের সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অপর্যাপ্ত সাজার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষকে আপিলের সুযোগ দিয়ে ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আনা সংশোধনী বৈধ। তবে তা কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য নয় বলে মত দিয়েছেন অ্যামিকাস কিউরি এ এফ হাসান আরিফ। আজ সোমবার আদালতের আহ্বানে সাড়া দিয়ে এ মত দেন এ এফ হাসান আরিফ। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এই শুনানি গ্রহণ করেন।এ এফ হাসান আরিফ বলেন, ফেব্রুয়ারিতে ট্রাইব্যুনাল কাদের মোল্লার মানবতাবিরোধী অপরাধের মামলার রায় ঘোষণা করেন। ওই দিন তাঁর শাস্তি চূড়ান্ত হয়। এর পর আনা সংশোধনী তাঁর ক্ষেত্রে প্রযোজ্য নয়। আদালতে আপিল বিচারাধীন। দণ্ডসহ সব বিষয় পর্যালোচনা করার এখতিয়ার আদালতের রয়েছে।তিনি বলেন, প্রথাগত আন্তর্জাতিক আইনের রীতি দেশীয় আইনের সঙ্গে সাংঘর্ষিক না হলে ব্যাখ্যা-বিশ্লেষণের জন্য তা অনুসরণ করা যেতে পারে।জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানিকালে দুটি গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন ওঠায় ২০ জুন আপিল বিভাগ এ বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ সাত আইনজীবীর নাম ঘোষণা করেন। দুটি প্রশ্ন হলো—দণ্ড ঘোষণার পর আইনে আনা সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য কি না। অপরটি হলো, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না। অ্যামিকাস কিউরি হিসেবে ইতিমধ্যে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম, সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম, আজমালুল হোসেন কিউসি, রোকনউদ্দিন মাহমুদ, টি এইচ খান মত দিয়েছেন। মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। কিন্তু কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে আকস্মিকভাবে শাহবাগে তরুণদের নেতৃত্বে প্রতিবাদ শুরু হয়। গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এরপর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। আগে কোনো অভিযোগে আসামির সাজা হলে তাঁর বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল না সরকারপক্ষের।৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরদিন ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে অব্যাহতি চেয়ে আরজি জানিয়ে আপিল করেন কাদের মোল্লা। এর পরিপ্রেক্ষিতে আপিলের শুনানি শুরু হয়।