আইনের সংশোধনী দুদককে অকার্যকর করবে: টিআইবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দুর্নীতি দমন কমিশন আইনে যেসব সংশোধনী আনার সিদ্ধান্ত নিয়েছে, তাতে কমিশন একটি অকার্যকর প্রতিষ্ঠানে পরিণত হবে। এ উদ্বেগ প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল, বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে কমিশন আইনের প্রস্তাবিত সংশোধনীগুলো সরকারের নির্বাচনী অঙ্গীকারের আলোকে এবং বিশেষজ্ঞ মহলের পরামর্শক্রমে গ্রহণ করার জন্য সাংসদদের প্রতি আহ্বান জানানো হয়।গতকাল টিআইবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুর্নীতি দমন কমিশন (দুদক) আইন সংশোধন কমিটির প্রস্তাবিত সুপারিশ অনুমোদিত হলে কমিশনের স্বাধীনতা ব্যাপক খর্ব হবে। প্রস্তাব অনুযায়ী, সরকারি কর্মকর্তাদের সম্ভাব্য দুর্নীতির অভিযোগ তদন্তের ক্ষেত্রে পূর্বানুমতি গ্রহণের বাধ্যবাধকতা শুধু কমিশনের কর্মক্ষমতাকে সংকুচিত করবে না, দেশের সব নাগরিকের সমান অধিকারের সাংবিধানিক বিধানও লঙ্ঘিত হবে। কমিশনের সচিবের নিয়োগের ক্ষমতা সরকারের হাতে দেওয়া হলে কমিশন প্রশাসনের প্রভাবমুক্ত হয়ে কাজ করতে পারবে না। কমিটির সুপারিশে দুদককে তাদের কাজের জন্য রাষ্ট্রপতির কাছে দায়বদ্ধ রাখার যে প্রস্তাব করা হয়েছে, তাতে কমিশনের রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে কাজ করার সুযোগ থাকবে না। কারণ, রাষ্ট্রপতি শুধু প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির নিয়োগ ছাড়া অন্য সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শে সিদ্ধান্ত নিয়ে থাকেন। টিআইবির সুপারিশে বলা হয়েছে, এর পরিবর্তে কমিশনের দায়বদ্ধতা জাতীয় সংসদের একটি বিশেষ কমিটির ওপর ন্যস্ত হতে পারে, যাতে সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দলের সমানসংখ্যক প্রতিনিধিত্ব থাকবে। প্রস্তাব অনুযায়ী, দুদক আইন সংশোধন করা হলে সরকারের নির্বাচনী ইশতেহারের ‘দুর্নীতির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা’ বিষয়ক দ্বিতীয় অগ্রাধিকারভিত্তিক অঙ্গীকারের যথার্থতা প্রশ্নবিদ্ধ হবে বলে মন্তব্য করেছেন টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।এ ছাড়া মন্ত্রিসভায় অনুমোদিত দুদক আইনের সংশোধনীগুলো বাতিলের দাবি জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। পার্টির বিবৃতিতে বলা হয়, এসব সংশোধনী কার্যকর হলে কমিশন কাগুজে বাঘে পরিণত হবে। দুর্নীতিবাজ ও লুটপাটকারীরা উত্সাহিত হবে।