আইনের সংশোধনী বৈধ: আজমালুল হোসেন কিউসি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মানবতাবিরোধী অপরাধের বিচারের জন্য ১৯৭৩ সালের আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইনে আনা সংশোধনী বৈধ বলে মত দিয়েছেন জ্যেষ্ঠ আইনজীবী আজমালুল হোসেন কিউসি। তিনি বলেছেন, ১৯৭৩ সালের আইনটি সুরক্ষিত আইন। সংবিধানের ৪৭(৩) অনুচ্ছেদে আইনটিকে সুরক্ষাও দেওয়া হয়েছে। এটা কেউ চ্যালেঞ্জ বা স্পর্শ করতে পারবে না। ওই সংশোধনী বৈধ ও বর্তমান আপিলে প্রযোজ্য। আজ রোববার অ্যামিকাস কিউরি (আদালতের আইনি সহায়তাকারী) হিসেবে আপিল বিভাগে তিনি এ মত তুলে ধরেন। প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বাধীন পাঁচ বিচারপতির বেঞ্চ এ শুনানি গ্রহণ করেন। জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল কাদের মোল্লার দণ্ডাদেশের বিরুদ্ধে করা আপিল শুনানিকালে দুটি গুরুত্বপূর্ণ আইনগত প্রশ্ন ওঠায় গত ২০ জুন আপিল বিভাগ এ বিষয়ে মতামত দিতে অ্যামিকাস কিউরি হিসেবে জ্যেষ্ঠ সাত আইনজীবীর নাম ঘোষণা করেন। দুটি প্রশ্ন হলো—দণ্ড ঘোষণার পর আইনে আনা সংশোধনী কাদের মোল্লার ক্ষেত্রে প্রযোজ্য কি না? অপরটি হলো, আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) আইন, ১৯৭৩-এর অধীনে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে প্রথাগত আন্তর্জাতিক আইন প্রযোজ্য হবে কি না? অ্যামিকাস কিউরি হিসেবে ইতিমধ্যে জ্যেষ্ঠ আইনজীবী রফিক-উল হক, এম আমীর-উল ইসলাম ও সাবেক অ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম মত দিয়েছেন। আজ আজমালুল হোসেন কিউসি বক্তব্য উপস্থাপন শেষ করেন। তাঁকে সহায়তা করেন আইনজীবী এ বি এম সিদ্দিকুর রহমান খান। পরে অপর অ্যামিকাস কিউরি রোকনউদ্দিন মাহমুদ বক্তব্য উপস্থাপন শুরু করেন। রাষ্ট্রপক্ষে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান ও কাদের মোল্লার পক্ষে আবদুর রাজ্জাক এ সময় উপস্থিত ছিলেন। আজমালুল হোসেন কিউসি তাঁর মত তুলে ধরতে গিয়ে বলেন, ‘প্রথাগত আন্তর্জাতিক আইনের মৌলিক বিষয়গুলো আমাদের আইনে অন্তর্ভুক্ত রয়েছে। যদি কোনো ব্যাপারে দেশীয় আইনে কোনো শূন্যতা বা অস্পষ্টতা থাকে, সে ক্ষেত্রে ব্যাখ্যায় সহায়তার জন্য প্রথাগত আন্তর্জাতিক আইন গ্রহণ করা যেতে পারে। বিচারের ক্ষেত্রে এ আইনের সঙ্গে আন্তর্জাতিক প্রথাগত আইন সাংঘর্ষিক হলে দেশীয় আইনই প্রাধান্য পাবে।’মানবতাবিরোধী অপরাধের মামলায় গত ৫ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ কাদের মোল্লার বিরুদ্ধে আনা ছয়টি অভিযোগের মধ্যে দুটিতে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ এবং তিনটিতে ১৫ বছর করে কারাদণ্ডাদেশ দেন। অন্য একটি অভিযোগ থেকে তাঁকে খালাস দেওয়া হয়। কিন্তু কাদের মোল্লার সর্বোচ্চ শাস্তির দাবিতে আকস্মিকভাবে শাহবাগে তরুণদের নেতৃত্বে প্রতিবাদ শুরু হয়। গড়ে ওঠে গণজাগরণ মঞ্চ। এরপর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিলের সমান সুযোগ রেখে ১৭ ফেব্রুয়ারি আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনালস) (সংশোধন) বিল, ২০১৩ জাতীয় সংসদে পাস হয়। আগে কোনো অভিযোগে আসামির সাজা হলে তাঁর বিরুদ্ধে আপিলের সুযোগ ছিল না সরকারপক্ষের।৩ মার্চ কাদের মোল্লার সর্বোচ্চ সাজা চেয়ে আপিল করে রাষ্ট্রপক্ষ। পরদিন ট্রাইব্যুনালের দেওয়া দণ্ডাদেশ বাতিল করে অব্যাহতি চেয়ে আরজি জানিয়ে আপিল করেন কাদের মোল্লা। এর পরিপ্রেক্ষিতে আপিলের শুনানি শুরু হয়।