আইনের সংস্কার নয়, প্রয়োগ নিশ্চিত করাই বিচারকের কাজ: প্রধান বিচারপতি
প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক বলেছেন, আইন সংস্কার করা বিচারকদের কাজ নয়। এটা সংস্কার করবে সংসদ। বিদ্যমান আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করাই বিচারকদের কাজ। এ কাজে যেন কোনো গাফিলতি না হয়। যে আইন আছে তার পূর্ণ সদ্ব্যবহার করতে হবে।আজ শনিবার দুপুরে রাজধানীর সিরডাপ মিলনায়তনে ব্লাস্ট আয়োজিত ‘পার্বত্য চট্টগ্রামে ন্যায়বিচার প্রতিষ্ঠা: জজ আদালত স্থাপন এবং পরবর্তী করণীয় নির্ধারণ’ শীর্ষক কর্মশালায় প্রধান বিচারপতি এসব কথা বলেন। ব্লাস্টের ট্রাস্টি বোর্ডের সদস্য শামসুল বারীর সভাপতিত্বে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি মো. মোজাম্মেল হোসেন, বিচারপতি এস কে সিনহা, চাকমা রাজা দেবাশীষ রায়, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান প্রমুখ।প্রধান বিচারপতি বলেন, তিন পার্বত্য জেলায় আদালত প্রতিষ্ঠা করা হলেও নানা সমস্যার কারণে সেগুলো পুরোদমে কাজ শুরু করতে পারেনি। সেখানকার লিগ্যাল সিস্টেম নাজুক অবস্থায় আছে। তিনি বলেন, ‘আমি দুর্নীতির বিরুদ্ধে। কিন্তু এত চেষ্টা করছি, কেউ আমার কাছে কোনো অভিযোগ নিয়ে আসে না।’ বিচারক বা বিচার বিভাগ নিয়ে সুস্পষ্ট অভিযোগ থাকলে তা নিয়ে এলে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন প্রধান বিচারপতি। তিনি বিচারক ও আইনজীবীদের নিজ নিজ দায়িত্ব পালনের আহ্বান জানান।