আইপিএল শিরোপা চেন্নাইয়ের
পারলো না শচীন টেন্ডুলকারের মুম্বাই ইন্ডিয়ানস। মুম্বাইকে ২২ রানে হারিয়ে প্রথমবারের মতো আইপিএল শিরোপা ঘরে তুলে নিয়েছে মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। প্রথমে ব্যাট করে সুরেশ রায়নার হার না মানা ৫৭ রানের উপর ভর করে ৫ উইকেটে ১৬৮ রান তোলে চেন্নাই। জবাবে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৪৬ রান তোলে মুম্বাই। ১৬৯ রানের লক্ষ্য খুব বেশি কঠিন ছিল না শচীনদের জন্য। কিন্তু চেন্নাইয়ের বোলারদের তোপের মুখে এ রানই যেন অসম্ভব হয়ে পড়ে মুম্বাইয়ের ব্যাটসম্যানদের জন্য। ইনিংসের প্রথম ওভারে কোনো রান দেননি চেন্নাইয়ের স্পিনার অশিন। দ্বিতীয় ওভারে দলীয় ১ রানের মাথায় শেখর ধাওয়ানকে প্যাভিলিয়নে পাঠান বলিঞ্জার। ৯ ওভার শেষে মুম্বাইয়ের মাত্র ৪৩ রান। এ অবস্থায় ম্যাচের ফলাফল সহজেই অনুমেয় ছিল। হয়েছেও তাই। হার নিয়েই মাঠ ছাড়তে হয়েছে মুম্বাইকে। তাই বলে হেসে খেলে জিততে পারেনি চেন্নাই। প্রথমে ধীর গতিতে রান তুললেও পরে মারমুখি ব্যাটিং করে খানিকটা আশা জাগিয়েছিলেন শচীন। দলীয় ৯৯ রানে জাকাতির বলে আউট হওয়ার আগে ভারতের এ মাস্টার ব্যাটসম্যানের সংগ্রহ ৪৮। শচীনের বিদায়ের পর অবিশ্বাস্যরকম ব্যাটিং উপহার দেন পোলার্ড। মাত্র ১০ বলে এ ব্যাটসম্যান তোলেন ২৭।এর আগে টস জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন চেন্নাইয়ের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। শুরুটা ভালো না হলেও বিপর্যয় কাটিয়ে দলকে লড়াই করার রান যোগান দেন সুরেশ রায়না। অধিনায়ক ধোনিকে সঙ্গে নিয়ে দ্রুত রানের চাকা এগিয়ে নেন তিনি। অবশ্য বেশিক্ষন রায়নাকে সঙ্গ দিতে পারেননি ধোনি। জহির খানের বলে ক্যাচ দিয়ে চেন্নাই অধিনায়ক মাঠ ছাড়েন ২২ রানে। তবে রায়নাকে থামাতে পারেননি চেন্নাইয়ের বোলাররা। শেষ পর্যন্ত ৩৫ বলে ৫৭ রানে অপরাজিত থাকেন রায়না।