আইপিএলের অন্তর্বর্তী চেয়ারম্যান চিরাইয়ু আমিন
ভারতের বিশিষ্ট শিল্পপতি ও বরোদা ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান চিরাইয়ু আমিনকে অন্তর্বর্তীকালীন চেয়ারম্যান হিসেবে মনোনীত করেছে আইপিএলের পরিচালনা পরিষদ। আজ সোমবার সকালে মুম্বাইয়ে আইপিএল কেলেঙ্কারি নিয়ে বৈঠকের পর এ কথা জানিয়েছেন ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) প্রেসিডেন্ট শশাঙ্ক মনোহর। এর আগে গতকাল রোববার রাতে আইপিএল ফাইনালের ঠিক পর লোলিত মোদিকে চেয়ারম্যানের পদ থেকে সরিয়ে দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। আজকের বৈঠকে তাই মোদি উপস্থিত ছিলেন না।বোর্ড প্রেসিডেন্ট জানান, আইপিএল নিয়ে তদন্তের ভার বোর্ডের প্রধান প্রশাসনিক কর্মকর্তা রত্নাকর শেঠিকে দেওয়া হয়েছে। ক্রিকেটার, কোচ ও ফ্র্যাঞ্চাইচদের সঙ্গে কথা বলে ২০১১ সালের আইপিএলের জন্য পরিকল্পনা প্রণয়ন করবেন পরিচালনা পরিষদের তিন সদস্য সুনীল গাভাস্কার, রবী শাস্ত্রী ও পতৌদি।মনোহর বলেন, ‘গত ১৫ দিন ধরে মিডিয়ার মাধ্যমে আমরা অনেক অভিযোগ-পাল্টা অভিযোগ শুনেছি। তাই বিষয়টি গুরুত্বের সঙ্গে নিয়ে আমরা লোলিত মোদিকে কারণ দর্শাও নোটিশ দিয়েছি। মোদির জবাবের পর বোর্ড প্রয়োজনীয় পদক্ষেপ নেবে, প্রয়োজনে তদন্ত করে দেখা হবে।’