আইপিএলের উদ্বোধনীতে নাচবেন অমিতাভ
ভারতের চেন্নাইয়ে ৩ এপ্রিল পর্দা উঠছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ পঞ্চম আসরের। আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন হলিউড, বলিউডের নামী-দামি তারকারা। অনুষ্ঠানটির অন্যতম চমক হিসেবে থাকছে বলিউডের বর্ষীয়ান অভিনেতা অমিতাভ বচ্চনের নাচ।উদ্বোধনী অনুষ্ঠানটির কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করছেন শামক ডাবর। অনুষ্ঠানে অমিতাভের নাচ সম্পর্কে খোলাসা করে কিছু না বললেও শামক জানিয়েছেন, ‘অনুষ্ঠানটিতে দারুণ একটি চমক রয়েছে। আর তা হলো একজন জীবন্ত কিংবদন্তি নাচবেন এখানে। অনুষ্ঠানের বিশেষ এই অংশটুকুর কোরিওগ্রাফির কাজ এরই মধ্যে শুরু করে দিয়েছি। খুব ভালো লাগছে।’শামকের উদ্ধৃতি দিয়ে টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ‘এ অনুষ্ঠানে বিভিন্ন ভাষার গানের সঙ্গে নাচবেন তারকারা। গান নির্বাচনের সময় সেসব গানই চূড়ান্ত করা হয়েছে, যেগুলো থেকে দর্শক-শ্রোতারা নিখাদ আনন্দ খুঁজে পাবেন।’এর আগে ‘আলাদিন’সহ কয়েকটি ছবির গানে একসঙ্গে কাজ করেছেন অমিতাভ ও শামক। অমিতাভের বিশ্বসফরেও কোরিওগ্রাফার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন শামক।আইপিএলের উদ্বোধনী অনুষ্ঠানে আরও অংশ নেবেন সালমান খান, কারিনা কাপুর, প্রিয়াঙ্কা চোপড়া, প্রভুদেবা, মার্কিন পপ গায়িকা কেটি পেরি প্রমুখ।