আইপ্যাডের পর এবার আইপ্যাড-২
অ্যাপলের জনপ্রিয় আইপ্যাডের পর এবার যাত্রা শুরু করল আইপ্যাড-২। নিজেদেরই প্রতিদ্বন্দ্বী হতে বেশ আগ থেকেই চেষ্টা চালিয়ে যাচ্ছিল অ্যাপল। আর সে লক্ষ্যেই গত বছর যাত্রা শুরু করা আইপ্যাডের মডেলের আদলেই এবার দ্বিতীয় প্রজন্মের জন্য আইপ্যাড-২ সূচনা করল অ্যাপল। গতকাল বুধবার রাতে অ্যাপলের প্রতিষ্ঠাতা স্টিভ জবস আইপ্যাড-২-এর উদ্বোধন ঘোষণা করেন। খবর টাইমস অব ইন্ডিয়া অনলাইন।শুরুতেই ১৬ গিগাবাইটের এই আইপ্যাড-২-এর দাম পড়বে ৪৯৯ ডলার। সম্পূর্ণ এ-৫ নতুন প্রসেসর-সংবলিত আইপ্যাড-২ আগের তুলনায় দ্বিগুণ গতি পাওয়া যাবে। আইপ্যাড-২-এ দুটি ক্যামেরাসহ ভিডিও কনফারেন্সিংয়ের ব্যবস্থা আছে। এ ছাড়া ওয়াইফাই ও থ্রি জি-সংবলিত ৬৪ গিগাবাইট মডেলের আইপ্যাড-২ পাওয়া যাবে ৮৯৯ ডলারে। সাদা ও কালো এ দুই রঙেই পাওয়া যাবে আইপ্যাড-২।স্টিভ জবস জানিয়েছেন, আইপ্যাড-২ মোট পাঁচটি মডেলে বাজারে পাওয়া যাবে। আগের আইপ্যাডের তুলনায় এটি অনেক পাতলা। এমনকি তা আইফোন-৪-এর চেয়েও অনেক বেশি পাতলা। তবে, গতকাল উদ্বোধন হলেও এটি বাজারে পাওয়া যাবে ১১ মার্চ থেকে। শুরুতে ভারত বাদে ২৬টি দেশে বাজারজাত করা হবে আইপ্যাডটি।