আইভরি কোস্ট: ওয়াত্তারার হোটেলে বাগবোর সেনাদের হামলা
আইভরি কোস্টের আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেন ওয়াত্তারার হোটেলে হামলা চালিয়েছে ক্ষমতাসীন লরা বাগবোর অনুগত সেনারা। গতকাল শনিবার এ হামলার ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শী ও জাতিসংঘের কর্মকর্তাদের বরাত দিয়ে বিবিসি অনলাইন খবর প্রকাশ করেছে।প্রত্যক্ষদর্শী ও জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, আইভরি কোস্টের রাজধানী আবিদজানের গলফ হোটেলে মর্টার হামলা হয়েছে। এ ছাড়া সেখানে গোলাগুলির ঘটনাও ঘটেছে।ওয়াত্তারাকে নিরাপত্তা দিতে গলফ হোটেলে অবস্থানরত জাতিসংঘের শান্তি সেনারা এই হামলার পাল্টা জবাব দিয়েছে। জাতিসংঘের মুখপাত্র হামাদুন তুরে বলেছেন, গলফ হোটেলে মর্টার হামলা হয়েছে। জাতিসংঘের শান্তি সেনারা হামলার জবাব দিয়েছে।এদিকে ওয়াত্তারার অনুগত সেনারা লরা বাগবোর বাসভবন ঘিরে রেখেছে। বাগবো প্রেসিডেন্ট বাসভবনের বাংকারে অবরুদ্ধ হয়ে আছেন। গত নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে আলাসেন ওয়াত্তারা বিজয়ী হয়েছেন বলে আন্তর্জাতিক সম্প্রদায় স্বীকৃতি দিয়েছে। তবে লরা বাগবো নিজেকে বিজয়ী দাবি করে পদ ছাড়তে অস্বীকৃতি জানান। এরপর থেকে উভয়পক্ষের অনুগত সেনা ও সমর্থকদের মধ্যে সংঘর্ষ চলছে।