আইভরি কোস্ট: জাতিসংঘের গাড়িতে বাগবোর সেনাদের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টে ক্ষমতাসীন প্রেসিডেন্ট লঅন্ত বাগবোর অনুগত সেনারা গতকাল বৃহস্পতিবার জাতিসংঘের গাড়িতে হামলা চালিয়েছে। এ ছাড়া সেখানে শান্তি সেনাদের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। গত বছরের ২৮ ডিসেম্বর আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনে বর্তমান প্রেসিডেন্ট লঅন্ত বাগবো এবং বিরোধী নেতা আলাসেন ওয়েতাহা উভয়েই নিজেদের বিজয়ী বলে দাবি করেন। তবে জাতিসংঘ ওয়েতাহাকে দেশটির বৈধ প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দেয়। এ পরিপ্রেক্ষিতে জাতিসংঘের সঙ্গে বাগবোর উত্তেজনা বাড়ছে। জাতিসংঘের মুখপাত্র মার্টিন নেসিরকি এক বিবৃতিতে বলেছেন, জাতিসংঘ মহাসচিব বান কি মুন আইভরি কোস্টের ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন। বাগবোর অনুগত নিয়মিত ও অনিয়মিত সেনারা জাতিসংঘের গাড়িতে হামলা চালাচ্ছে এবং আগুন ধরিয়ে দিচ্ছে। গতকাল বৃহস্পতিবার সকালের দিকে আবিদজানে এ রকম ছয়টি ঘটনা ঘটে। সেখানে জাতিসংঘ মিশনের গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এমনকি আবিদজানে অ্যাম্বুলেন্স লক্ষ্য করে পাথর নিক্ষেপের ঘটনাও ঘটে বলে জাতিসংঘ কর্মকর্তারা জানিয়েছেন। আইভরি কোস্টে নিয়োজিত জাতিসংঘের কর্মকর্তা বলেন, পরিস্থিতি দিনদিন উসকানিমূলক হয়ে উঠছে। বাগবোর অনুসারী সেনারা তাঁদের কৌশল পাল্টে জনতাকে জাতিসংঘ সেনাদের বিরুদ্ধে খেপিয়ে তুলছেন। তাঁরা জনতাকে জাতিসংঘের গাড়িতে হামলা চালাতে উত্সাহিত করছেন। জাতিসংঘের কর্মকর্তারা আরও জানান, জনতার ওপর গুলি চালাতে বাগবো জাতিসংঘের সেনাদের উসকানি দিচ্ছেন। যাতে দেশে জাতিসংঘ সেনাদের বিরুদ্ধে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তাঁরা দেশ ছাড়তে বাধ্য হন।এর আগে বাগবো জাতিসংঘ সেনাদের আইভরি কোস্ট ত্যাগের নির্দেশ দিয়েছিলেন। বর্তমানে দেশটিতে জাতিসংঘের ১০ হাজার সেনা রয়েছেন। তাঁরা বিরোধী নেতা আলাসেন ওয়েতাহাকে নিরাপত্তা দিচ্ছেন। রয়টার্স।