আইভরি কোস্ট: হয়রানির প্রতিবাদে ৯ পত্রিকার প্রকাশনা সাময়িক বন্ধ
আইভরি কোস্টে প্রেসিডেন্ট লরা বাগবোর সমর্থকদের হয়রানির প্রতিবাদে দেশের নয়টি সংবাদপত্র তাদের প্রকাশনা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। বিবিসি অনলাইনের খবরে এ কথা জানানো হয়েছে। বলা হয়েছে, পত্রিকাগুলোর মধ্যে শীর্ষস্থানীয় ল নোভো রেভেইল, ল পাত্রিওত এবং নর-সুদ নামের পত্রিকাগুলোও রয়েছে। পত্রিকাগুলোর মালিক পক্ষ বলছেন, তাদের কর্মীরা গত দুই মাসেরও বেশি সময় ধরে বাগবোপন্থীদের কাছ থেকে শারীরিক হুমকির সম্মুখীন হচ্ছেন। নয়টির পত্রিকার যৌথ মুখপাত্র ডেমবেলে আল সেনি বলেন, ‘আমাদের সাংবাদিকেরা অব্যাহত মৃত্যুর হুমকির মধ্যে রয়েছে। বাগবোপন্থীদের হয়রানি প্রতিবাদে পরবর্তী কোনো সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত পত্রিকাগুলোর প্রকাশনা সাময়িক বন্ধ থাকবে।’বিবিসি জানিয়েছে, প্রতিবাদী পত্রিকাগুলোর মধ্যে যেমন স্বাধীন পত্রিকা রয়েছে তেমনি বাগবোর প্রতিদ্বন্দ্বী আলাসানে ওয়াতারা সমর্থক পত্রিকাও রয়েছে। গত নভেম্বরে আইবেরি কোস্টের প্রেসিডেন্ট নির্বাচনে ওয়াতারাকে জয়ী হলেও বাগবো ক্ষমতা থেকে সরে দাঁড়াতে অস্বীকার করেন। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, নির্বাচনে আসলে জয়ী হয়েছেন ওয়াতারা। সম্প্রতি ক্ষমতার দ্বন্দ্বের জেরে বাগবো ও ওয়াতরার সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে। পত্রিকাগুলোর কর্তৃপক্ষ আরও জানিয়েছে, আইভরি কোস্টের মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বিভিন্ন অজুহাতে তাদেরকে নিয়মিতভাবে জরিমানা করছে। দেশটির মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ বাগবোর অনুসারী। তবে পত্রিকাগুলোর অভিযোগ সম্পর্কে বাগবোর পক্ষ থেকে এখনো মন্তব্য পাওয়া যায়নি।আন্তর্জাতিক গণমাধ্যম অধিকার সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স আইভরি কোস্টে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তারা বলছে, দেশটির গণমাধ্যমের পরিস্থিতি দিনদিন খারাপের দিকে চলে যাচ্ছে।