আইভরি কোস্টে আরও একটি সিগন্যাল প্লাটুন মোতায়েনের প্রক্রিয়া চলছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তাঁর সরকার জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের পরিকল্পনা ও কৌশল প্রণয়নে বাংলাদেশের সুযোগ বাড়ানোর প্রয়াস চালাচ্ছে। এর পাশাপাশি আইভরি কোস্টে নতুনভাবে একটি সিগন্যাল প্লাটুন মোতায়েনের প্রক্রিয়াও চলছে।আজ রোববার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতিসংঘ আন্তর্জাতিক শান্তিরক্ষী দিবস-২০১১ উপলক্ষে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বিভাগ আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণকালে প্রধানমন্ত্রী এ কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, শান্তিরক্ষী মিশনে বাংলাদেশের যথাযথ প্রতিনিধিত্ব নিশ্চিত হয়েছে। এ ছাড়া জাতিসংঘ সদর দপ্তর ও ফিল্ড সার্ভিসের প্রতিটি পর্যায়ে পর্যাপ্ত প্রতিনিধিত্ব প্রতিষ্ঠায় ব্যক্তিগতভাবে প্রয়াস চালিয়ে যাচ্ছেন।শেখ হাসিনা সশস্ত্র বাহিনী, পুলিশ বাহিনীর সদস্যসহ বাংলাদেশের সব শান্তিরক্ষীকে বিশ্বব্যাপী শান্তিরক্ষা কার্যক্রমে তাঁদের বর্তমান পেশাদারি, নিষ্ঠা ও আন্তরিকতা বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, ‘বাংলাদেশের শান্তিরক্ষীদের পেশাদারি, নিষ্ঠা, সাহসিকতা ও বন্ধুপ্রতিম আচরণ এবং শান্তি প্রতিষ্ঠায় তাঁদের অসীম ত্যাগের প্রত্যয় বিশ্বব্যাপী প্রশংসিত হচ্ছে। এতে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল হয়েছে। বাংলাদেশের শান্তিরক্ষীরা আন্তর্জাতিক অঙ্গনে আমাদের অবস্থানকে সুসংহত এবং অর্থনৈতিক ও সামরিকভাবে শক্তিশালী দেশগুলোর সঙ্গে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।’প্রধানমন্ত্রী আরও বলেন, তাঁর সরকার সশস্ত্র বাহিনী এবং পুলিশের উন্নততর প্রশিক্ষণব্যবস্থাসহ বাহিনীগুলোর আধুনিকায়নে সব ধরনের ব্যবস্থা নিয়েছে। এর ফলে বাংলাদেশ আরও বেশি শান্তিরক্ষী পাঠানোর সামর্থ্য অর্জন করেছে।জাতিসংঘের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে ৯৯ হাজার ৩৮২ জন শান্তিরক্ষীর মধ্যে বাংলাদেশের ১০ হাজার ৫৮৯ জন শান্তিরক্ষী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে ১৮০ জন নারী সদস্যও আছেন।এ সময় পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, সেনাবাহিনী প্রধান জেনারেল মোহাম্মদ আবদুল মুবীন, বাংলাদেশ ইনস্টিটিউট অব পিস সাপোর্ট অপারেশন ট্রেনিংয়ের কমান্ড্যান্ট ব্রিগেডিয়ার জেনারেল আবুল বাশার এম ইমামুজ্জামান এবং বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়ক নিল ওয়াকার বক্তব্য দেন।এ ছাড়া এ সময় প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারিক আহমেদ সিদ্দিক, নৌবাহিনী প্রধান ভাইস অ্যাডমিরাল জেড ইউ আহমেদ, বিমানবাহিনী প্রধান এয়ার মার্শাল শাহ মোহাম্মদ জিয়াউর রহমান, পররাষ্ট্রসচিব মোহাম্মদ মিজারুল কায়েস, সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল আবদুল ওয়াদুদ এবং পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার উপস্থিত ছিলেন। বাসস।