আইভরি কোস্টে ওয়াত্তারাকে প্রেসিডেন্ট হিসেবে সাংবিধানিক পরিষদের স্বীকৃতি
আইভরি কোস্টে সর্বোচ্চ সাংবিধানিক পরিষদ গতকাল বৃহস্পতিবার আলাসেন ওয়াত্তারাকে দেশটির প্রেসিডেন্ট হিসেবে স্বীকৃতি দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। গত বছর নভেম্বরে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হয়। তখন সর্বোচ্চ সাংবিধানিক পরিষদ নির্বাচন কমিশনের ফলাফল প্রত্যাখ্যান করে লরাঁ বাগবোকে বিজয়ী বলে ঘোষণা করেছিল। সাংবিধানিক পরিষদের এ রায়ের পর আইভরি কোস্টে আলাসেন ওয়াত্তারা ও লরাঁ বাগবোর অনুগতদের মধ্যে সহিংসতা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় কয়েক হাজার ব্যক্তির প্রাণহানি এবং ১০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছে। সাংবিধানিক পরিষদের প্রেসিডেন্ট পল ইয়ো এন’দ্রি গতকাল বলেন, ‘সর্বোচ্চ আইনি পরিষদ ঘোষণা করছে, নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে আলাসেন ওয়াত্তারা বিজয়ী হয়েছেন। ওয়াত্তারাই আইভরি কোস্টের নির্বাচিত প্রেসিডেন্ট।’পরিষদ ওয়াত্তারাকে শপথ নেওয়ার জন্যও আমন্ত্রণ জানিয়েছেন। যত দ্রুত সম্ভব ওই শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।