আইভরি কোস্টে জাতিগত সহিংসতায় ৮০০ জন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইভরি কোস্টের পশ্চিমাঞ্চলে ডিউকু শহরে গত এক সপ্তাহে জাতিগত সহিংসতায় অন্তত ৮০০ জন নিহত হয়েছে। ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেডক্রসের (আইসিআরসি) বরাত দিয়ে বিবিসি আজ শনিবার এ তথ্য জানায়।দেশটিতে কর্মরত আইসিআরসির প্রধান এ ঘটনাকে জঘন্যতম বর্বরতা হিসেবে অভিহিত করেছেন।দেশটির প্রধান বাণিজ্যিক শহর আবিদজানে জাতিসংঘ স্বীকৃত প্রেসিডেন্ট আলাসেনি ওয়াতারা ও ক্ষমতা ধরে রাখা প্রেসিডেন্ট লরা বাগবোর অনুগতদের মধ্যে যুদ্ধ অব্যাহত রয়েছে বলে জানা গেছে।গত নভেম্বরে দেশটিতে অনুষ্ঠিত নির্বাচনের পর নির্বাচন কমিশন ওয়াতারাকে বিজয়ী ঘোষণা করে, যা আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পায়। তবে বাগবোও নিজেকে বিজয়ী দাবি করেন। একই সঙ্গে তিনি প্রেসিডেন্টের দপ্তর ছাড়তে অস্বীকৃতি জানান। আইসিআরসি বলছে, হত্যাযজ্ঞের আলামত সংগ্রহের উদ্দেশ্যে আইভরিয়ান রেডক্রসের প্রতিনিধি ও স্বেচ্ছাসেবকেরা গত বৃহস্পতিবার এবং গতকাল শুক্রবার ডিউকু পরিদর্শনে যান। মঙ্গলবার সেখানে ওই হত্যাযজ্ঞ চালানো হয় বলে ধারণা করা হচ্ছে।আইসিআরসির এক মুখপাত্র জানান, শহরটিতে বড় ধরনের কিছু একটা ঘটেছে এতে সন্দেহ নেই। তিনি আরও বলেন, রেডক্রস প্রতিনিধিরা সেখানে বহু মৃতদেহ দেখেছে। তাঁরা অন্তত ২৮টি মৃতদেহ স্থানীয় মর্গে পাঠিয়েছে। অন্যদের শিগগিরই সরানো হবে বলে তিনি জানান। জাতিগত সহিংসতায় এ ঘটনা ঘটেছে বলেও মন্তব্য করেন ওই মুখপাত্র।