আইভরি কোস্টে প্রায় ১০ লাখ মানুষ শরণার্থী: জাতিসংঘ
আইভরি কোস্টে রাজনৈতিক সংঘাতে ১০ লাখেরও বেশি মানুষ শরণার্থী হয়েছে। জাতিসংঘের শরণার্থী-বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর গতকাল শুক্রবার এ তথ্য জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের খবরে এ কথা বলা হয়েছে। সংস্থাটির মুখপাত্র মেরিসা ফ্লেমিং গতকাল জেনেভায় বলেন, যুদ্ধের ভয়ে আবিদজানসহ দেশটির অন্যান্য এলাকায় বড় ধরনের বাস্তুচ্যুতির ঘটনা ঘটেছে। প্রাপ্ত তথ্যমতে, বাস্তুচ্যুতদের সংখ্যা ৭ লাখ থেকে ১০ লাখ হবে। শরণার্থীদের মধ্যে অধিকাংশই রাজধানী আবিদজানের বাসিন্দা।ফ্রান্স ঘোষণা করেছে, আবিদজানে বিরোধীদের ওপর সেনাদের ভারী অস্ত্র ব্যবহার নিষিদ্ধ করার জন্য জাতিসংঘে তারা একটি খসড়া প্রস্তাব জমা দিয়েছে। জাতিসংঘ বাগবোর সেনাদের বিরুদ্ধে ভারী অস্ত্র ব্যবহারের অভিযোগ এনেছে।গত বছরের ডিসেম্বরে আইভরি কোস্টে প্রেসিডেন্ট নির্বাচন হয়। নির্বাচনের ফলাফল নিয়ে প্রেসিডেন্ট লয়ন্ত বাগবো এবং বিরোধী নেতা অ্যালাসেন ওয়াত্তারার সমর্থকদের মধ্যে সংঘাত ছড়িয়ে পড়ে। গত চার মাসের সহিংসতায় দেশটিতে এ পর্যন্ত প্রায় ৪৬২ ব্যক্তি প্রাণ হারিয়েছে।